80th Independence Day Bengali Speech: ৮০ তম স্বাধীনতা দিবসে স্কুলে এই ভাষণটা দিন, আপ্লুত হবেন সকলেই, রইল পুরো লেখা
80th Independence Day Bengali Speech: ৮০ তম স্বাধীনতা দিবস পালন করতে মুখিয়ে আছে ভারত। আর কয়েক ঘণ্টা পরেই ভারতে পালন করা হবে স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসের স্কুলে কী ভাষণ দেবেন? তার পুরোটা রইল। এই ভাষণে সকলে মোহিত হবেন।
80th Independence Day Bengali Speech: সারা বছর ধরে যে দিনটার অপেক্ষা করে থাকা হয়, তা প্রায় এসেই গেল। আগামী শনিবার ১৫ অগস্ট - ভারতের স্বাধীনতা দিবস। এবার ৮০ তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে ভারত। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যেমন দীর্ঘ, তেমনই গৌরবোজ্জ্বল। পশ্চিমবঙ্গ-সহ দেশের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্যাপিত হয় এই বিশেষ দিনটি। আর স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য বা ভাষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আর আপনার জন্য সেরকমই একটি ভাষণ তুলে দেওয়া হল।

স্বাধীনতা দিবসের জন্য বিশেষ ভাষণ
আজ ১৫ অগস্ট। আমাদের ভারতে জীবনের এক পরম পবিত্র ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৪৭ সালের এই দিনটিতেই বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে জন্ম নিয়েছিল এক স্বাধীন, সার্বভৌম ভারতবর্ষ। দেখতে-দেখতে আজ আমরা আমাদের স্বাধীনতার ৮০ তম বর্ষে পদার্পণ করলাম। আজকের এই শুভ সকালে আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে সগৌরবে উড়ছে আমাদের জাতীয় পতাকা- তেরঙা। এই পতাকার ত্যাগ, শান্তি এবং সমৃদ্ধির বার্তা আজ আমাদের হৃদয়কে এক অপার্থিব আনন্দে ভরিয়ে তোলে।
এই বিশেষ দিনে আমাদের প্রথম ও প্রধান কর্তব্য হল, সেই সমস্ত বীর শহিদ ও স্বাধীনতা সংগ্রামীদের চরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা, যাঁদের অসীম সাহস, রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা ও প্রীতিলতা ওয়াদ্দেদারদের মতো বীর সন্তানদের বলিদান আমাদের আজও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
স্বাধীনতা কেবল একটি প্রাপ্তি নয়, এটি এক বিরাট দায়িত্ব। ৮০ বছর আগে আমাদের সংগ্রাম ছিল পরাধীনতার বিরুদ্ধে, আর আজকের ভারতের সংগ্রাম হল দারিদ্র্য, দুর্নীতি, পরিবেশ দূষণের মতো বিষয়ের বিরুদ্ধে।
একটি দেশের আসল ভবিষ্যৎ তৈরি হয় শ্রেণিকক্ষে। আমরা যারা আজকের ছাত্রসমাজ, আগামিদিনের ভারতের চালিকাশক্তি আমাদের হাতেই। কেবল পুঁথিগত বিদ্যা নয়, বিজ্ঞানমনস্কতা, সততা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে আমাদের প্রকৃত সুনাগরিক হতে হবে। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসাই হোক আমাদের মূল লক্ষ্য।
আসুন, এই ৮০ তম স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি- আমরা আমাদের মেধা, পরিশ্রম ও চরিত্র দিয়ে দেশমাতৃকার সেবা করব এবং ভারতবর্ষকে বিশ্বের দরবারে এক উন্নত ও শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।
কবিগুরুর ভাষায় প্রার্থনা করি -
'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি…'
ধন্যবাদ।
জয় হিন্দ! বন্দে মাতরম! ভারত মাতা কি জয়!
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


