Uttarpara election news: বিরল সৌজন্যের সাক্ষী উত্তরপাড়া! শীর্ষণ্য-মীনাক্ষীর 'মিষ্টি হাসি' ঘিরে তোলপাড়, প্রশ্ন তুলল BJP

Uttarpara election news: ভোটের চরম উত্তেজনার মাঝে এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই তা সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়ে যায়। তবে এই সৌজন্যের ছবিকে মোটেই ভালো চোখে দেখছে না বিজেপি।

Published on: Apr 29, 2026, 15:54:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Uttarpara election news: উত্তপ্ত নির্বাচনের আবহে সচরাচর যা দেখা যায়নি, বুধবার দ্বিতীয় দফার ভোটে সেই বিরল সৌজন্যের সাক্ষী থাকল উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। বুধবার যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তি ও রাজনৈতিক হানাহানির খবর আসছে, তখন কানাইপুর নেতাজি স্কুলের বুথে ধরা পড়ল এক সম্পূর্ণ ভিন্ন ছবি। রাজনীতির লড়াই সরিয়ে রেখে মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।

শীর্ষণ্য-মীনাক্ষীর 'মিষ্টি হাসি' ঘিরে তোলপাড় রাজ্য
শীর্ষণ্য-মীনাক্ষীর 'মিষ্টি হাসি' ঘিরে তোলপাড় রাজ্য

বিরল সৌজন্যের সাক্ষী উত্তরপাড়া

বুধবার সকালে বুথ পরিদর্শনে গিয়েছিলেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি যখন বুথ থেকে বেরোচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই সেখানে পৌঁছন তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। দুই যুযুধান প্রতিপক্ষ একে অপরকে দেখে এড়িয়ে যাওয়ার বদলে সৌজন্যের খাতিরে দাঁড়িয়ে পড়েন। কোনও কটূক্তি, চেঁচামেচি বা গোলমাল নেই। রাজনীতির লড়াইকে দূরে সরিয়ে রেখে একে অপরের দিকে তাকিয়ে বিনিময় করেন এক চিলতে সৌজন্যের হাসি। মীনাক্ষীর মুখে যেমন চওড়া হাসি দেখা যায়, তেমনই হাসি মুখে সৌজন্য ফেরান শীর্ষণ্যও। শেষে হাসিমুখে ‘আসি’ বলে একে অপরের থেকে বিদায় নেন তাঁরা।

ভোটের চরম উত্তেজনার মাঝে এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই তা সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়ে যায়। তবে এই সৌজন্যের ছবিকে মোটেই ভালো চোখে দেখছে না বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই দৃশ্য আসলে তৃণমূল ও সিপিএমের গোপন ‘সেটিং’-এর এক বড় প্রমাণ। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, পর্দার আড়ালে যে বোঝাপড়া চলছে, এই হাসি তারই প্রতিফলন। যদিও সাধারণ ভোটারদের একাংশ এই ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাঁদের মতে, রাজনৈতিক আদর্শ ভিন্ন হতেই পারে, কিন্তু ব্যক্তিগত স্তরে এবং জনসমক্ষে এই সুস্থ সংস্কৃতি ও সৌজন্য বজায় রাখা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। সব মিলিয়ে, একদিকে যখন বিজেপি ‘সেটিং’-এর অভিযোগে সরব, অন্যদিকে উত্তরপাড়ার এই ‘মিষ্টি হাসি’ বর্তমানে রাজ্য রাজনীতির আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে রেকর্ড ৯১.৭৮ শতাংশ ভোট পড়েছিল। বুধবারের ভোটে ১,৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে, যার মধ্যে ১,২২৮ জন পুরুষ এবং ২২০ জন মহিলা। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সমস্ত ব্যবস্থা করেছে। মোট ৩.২২ কোটির বেশি ভোটারের মধ্যে ৩.২১ কোটি সাধারণ ভোটার এবং প্রায় ৪০,০০০ সার্ভিস ভোটার। পুরুষ ভোটারের সংখ্যা ১.৬৪ কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা ১.৫৭ কোটি। ৭৯২ জন তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন।