Weather Update: হাইভোল্টেজ সোমবারে কালবৈশাখীর ভ্রূকুটি! কলকাতা-সহ ৯ জেলায় জারি সতর্কতা

Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, রবিবার কলকাতা ও হাওড়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Published on: May 3, 2026, 15:40:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Weather Update: রাত পোহালেই ভোটের ফল। আর হাইভোল্টেজ সোমবারে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে ৯ জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথায় কোথায় জারি হল সতর্কতা? জানুন আবহাওয়ার আপডেট।

হাইভোল্টেজ সোমবারে কালবৈশাখীর ভ্রূকুটি! (ছবি সৌজন্যে পিটিআই)
হাইভোল্টেজ সোমবারে কালবৈশাখীর ভ্রূকুটি! (ছবি সৌজন্যে পিটিআই)

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলছে টানা ঝড়বৃষ্টি। সন্ধ্যা হলেই ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে গায়েব তীব্র গরম। শেষদফা ভোটের দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট দেখায়। লন্ডভন্ড হয় একাধিক জেলা। কলকাতাও প্রবল বর্ষণ হয়। এবার গণনার দিনেও কলকাতা-সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, ছুটির দিন রবিবারেও গোটা বাংলাজুড়ে বড়সড় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা এবং মেঘের গর্জনের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, রবিবার কলকাতা ও হাওড়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকায় সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত এবং একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে অবস্থান করছে। এদিকে, টানা ঝড়বৃষ্টির জন্য দিনে ও রাতে পারদ স্বাভাবিকের থেকে নিচে থাকছে। শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রিতে নেমে যায়। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। শনিবারও বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা কমে যায়।

এক নজরে উত্তরের আবহাওয়া

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুর্যোগের খবর দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ, রবিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে।