Abhishek Banerjee Latest Update: ভোটের তৃণমূলের শোচনীয় হারের পর এই প্রথম জনসমক্ষে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষ ও বিদ্রোহের ইঙ্গিত মিলতে শুরু করেছে। দলের একাংশের অভিযোগ ছিল, ভোটে আক্রান্ত কর্মী-সমর্থকদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। সেই আবহেই এবার তিনি সরাসরি আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
বিধানসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর রাজনৈতিক মহলে যখন তৃণমূলকে ঘিরে নানা আলোচনা চলছে, সেই পরিস্থিতিতেই প্রথমবার ময়দানে নামতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের পর এই প্রথম জনসমক্ষে কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে চলেছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, ভোট-পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতেই তিনি মাঠে নামছেন। উল্লেখ্য, এর আগে তাঁরই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় পুনর্নিবাচনে পর্যন্ত প্রচার করতে যাননি তিনি। এই আবহে সেই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান প্রতিদ্বন্দ্বিতা থেকে 'পিছু হটেন'। এই আবহে তৃণমূল চতুর্থ স্থানে নেমে যায় ফলতায়।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষ ও বিদ্রোহের ইঙ্গিত মিলতে শুরু করেছে। দলের একাংশের অভিযোগ ছিল, ভোটে আক্রান্ত কর্মী-সমর্থকদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। সেই আবহেই এবার তিনি সরাসরি আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানা গিয়েছে। রাজনৈতিকভাবে এই সফরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, প্রথমে কলকাতার বেলেঘাটা এলাকায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। ওই সব এলাকায় ভোট-পরবর্তী পরিস্থিতিতে যাঁরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে, তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি স্থানীয় সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এর আগে বহু বিদ্রোহী নেতা সরাসরি অভিষেকের দিকে আঙুল তুলে বলেছিলেন, ভোটের আগে অভিষেক যে ভাষায় বিরোধীদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন, তা তাঁর করা ঠিক হয়নি। 'ডিজে বাজাব', 'ফলতায় বৈদ্যুতিক চুল্লি করে দেব'-র মত মন্তব্যের জেরে অভিষেকের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর হয়েছে। আবার তাঁর বাসভবনের বেআইনি অংশ ভাঙতে পুরসভা থেকে নোটিশ পাঠানো হয়েছে। সব মিলিয়ে বেশ চাপে আছেন অভিষেক। এই আবহে নিজেকে কার্যত গুটিয়ে নিয়েছিলেন তিনি। নিজের বাড়ি থেকে শুধুমাত্র মমতার কালীঘাটের বাড়িতে গিয়ে বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার তিনি বাইরে বের হতে চলেছেন।
ভোটের ফল ঘোষণার পর তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক জায়গায় দলের অভ্যন্তরে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। সেই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে সংগঠনকে চাঙ্গা করার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়িয়ে দলের বার্তা স্পষ্ট করতে চাইছে তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


