Abhishek Banerjee: 'কোনও পরিকল্পিত হামলা...,' বিমানবন্দর-কাণ্ডে ভিডিও প্রকাশ করে BJP-কে নিশানা অভিষেকের

Abhishek Banerjee: শনিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ভিডিওতে হলুদ পোশাক পরা এক যুবকের হাতে স্পষ্ট আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ করে তৃণমূল সাংসদের দাবি, ক্যামেরায় ধরা পড়া ওই সশস্ত্র যুবকের নাম উত্তম দাস। তিনি দমদমেরই বাসিন্দা এবং একজন স্থানীয় বিজেপি নেতা। 

Published on: Jun 20, 2026, 23:01:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek Banerjee: তাঁর দিল্লি সফর সেরে কলকাতা বিমানবন্দরে ফেরার পথে গত শুক্রবার যে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটেছিল, তার রেশ এখনও কাটেনি। এবার ওই বিমানবন্দর-কাণ্ডে সরাসরি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি দাবি করেন, এই ঘটনায় বিজেপির প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে। একই সঙ্গে তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ স্পষ্ট জানিয়েছেন, কোনও পরিকল্পিত হামলা বা চক্রান্ত করে তাঁর কণ্ঠরোধ করা যাবে না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (PTI)
অভিষেক বন্দ্যোপাধ্যায় (PTI)

শনিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ভিডিওতে হলুদ পোশাক পরা এক যুবকের হাতে স্পষ্ট আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ করে তৃণমূল সাংসদের দাবি, ক্যামেরায় ধরা পড়া ওই সশস্ত্র যুবকের নাম উত্তম দাস। তিনি দমদমেরই বাসিন্দা এবং একজন স্থানীয় বিজেপি নেতা। বিজেপি নেতৃত্বের সঙ্গে ওই যুবকের ঘনিষ্ঠতা প্রমাণ করতে আরও একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে কাঁথির ‘শান্তিকুঞ্জ’-এর সামনে একটি ব্রোঞ্জের চিতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল এই উত্তম দাসকেই। সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ। বিমানবন্দরে তাঁর মতো একজন নেতার নিরাপত্তা নিয়ে কেন এত বড় গাফিলতি হল, তা নিয়ে বড়সড় প্রশ্ন তোলার পাশাপাশি অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, 'কোনও পরিকল্পিত হামলা বা চক্রান্ত করে আমার কণ্ঠরোধ করা যাবে না।'

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক সেরে রাতে কলকাতা বিমানবন্দরে ফিরে আসার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তিনি বিমানবন্দরে পৌঁছনোর আগেই সেখানে ‘ডিম হাতে’ জমায়েত করেন একদল বিজেপি সমর্থক। অভিষেককে লক্ষ্য করে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। বিজেপি সমর্থকদের এই জমায়েতের খবর পেয়ে পাল্টা সেখানে হাজির হন কাতারে কাতারে তৃণমূল কর্মী-সমর্থকেরাও। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে কথা কাটাকাটি, এরপর দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল হাতাহাতি ও মারপিটে বিমানবন্দর চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরিয়ে নিয়ে যাওয়া হয় দুই দলের সমর্থকদের। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে। আইন-শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতিমধ্যেই এনএসসিবিআই থানার পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৫ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে ফুচু রয়েছেন, যিনি রাজনৈতিক মহলে ব্রাত্য বসুর ‘ঘনিষ্ঠ’ হিসেবেই পরিচিত। বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় এমন অশান্তির ঘটনায় পুলিশি তদন্ত আরও জোরদার করা হয়েছে।