Abhishek Banerjee: ইডির তলবে সিজিও দপ্তরে অভিষেক, সাংবাদিকদের ভিড় ঠেলে ঢুকলেন ভিতরে, নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জেরা
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের কিছুটা আগেই, সকাল ১১টা নাগাদ তিনি সিজিও দপ্তরে পৌঁছন। তার আগে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ নিজের বাসভবন থেকে বেরিয়ে যান তিনি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলবে সোমবার কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের কিছুটা আগেই, সকাল ১১টা নাগাদ তিনি সিজিও দপ্তরে পৌঁছন। তার আগে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ নিজের বাসভবন থেকে বেরিয়ে যান তিনি।

ইডি সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের নজরে রয়েছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে একটি সংস্থা, যার সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই মামলায় বর্তমানে কোনও আইনি রক্ষাকবচ নেই অভিষেকের।
নিয়োগ দুর্নীতি তদন্তে এর আগেও একাধিকবার ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম উঠে এসেছে। ইডির অভিযোগ, শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত বিপুল পরিমাণ অর্থ এই সংস্থার মাধ্যমে লেনদেন হয়েছে এবং কালো টাকা সাদা করার কাজও হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অতীতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সমস্ত অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই অভিষেকের সম্পত্তি ও তাঁর সংস্থাকে ঘিরে তদন্তের জোর বাড়ে। গত ১৬ মে ফলতার এক সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে এবং আমতলায় প্রাসাদোপম অফিসও আছে। সেই সময় তিনি জানিয়েছিলেন, সব সম্পত্তির হিসাব খতিয়ে দেখা হবে।
তদন্তকারী সংস্থার সূত্রে খবর, ওই সম্পত্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বিধানসভার সই জালিয়াতি মামলায় দু’দফায় প্রায় ১৫-১৬ ঘণ্টা ধরে সিআইডির জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। এছাড়া মঙ্গলবার ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় ফের ভবানীভবনে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


