Amrit Bharat Express: উত্তরে পরিবর্তনের হাওয়া! অমৃতসর-জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস চালুর সবুজ সংকেত, কবে কবে চলবে?

Amrit Bharat Express: চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি অমৃত ভারত এক্সপ্রেসকে সাধারণ মানুষের কথা ভেবেই ডিজাইন করা হয়েছে। বন্দে ভারতের মতো আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও ভাড়া তুলনামূলকভাবে অনেক কম।

Published on: May 17, 2026, 21:45:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Amrit Bharat Express: পর্যটক ও পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর। রাজ্যে পালাবদলের পরই উত্তরের রেল পরিষেবায় পরিবর্তনের হাওয়া। এবার পাঞ্জাব থেকে উত্তরবঙ্গের সফর আরও সহজ হতে চলেছে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে অমৃতসর-নিউ জলপাইগুড়ি 'অমৃত ভারত এক্সপ্রেসে'র বাণিজ্যিক পরিষেবা। ভারতীয় রেলের নতুন এই দূরপাল্লার ট্রেন চালু হলে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার হয়ে সরাসরি উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও মজবুত হবে। একই সঙ্গে এই পরিষেবা উত্তরবঙ্গের প্রবেশদ্বার নিউ জলপাইগুড়ির সঙ্গে শিখ তীর্থক্ষেত্র অমৃতসরের সরাসরি যোগাযোগ পর্যটন, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে। এছাড়াও বাংলার সঙ্গে দেশের অন্য রাজ্যের যোগাযোগ আরও সহজ করবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই রুটে আধুনিক অথচ সাশ্রয়ী ট্রেন পরিষেবার দাবি ছিল যাত্রীদের। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

শীঘ্রই চালু হবে পাঞ্জাব-জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস (PTI)
শীঘ্রই চালু হবে পাঞ্জাব-জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস (PTI)

অমৃতসর এবং এনজেপি-র মধ্যে সাপ্তাহিক পরিষেবা

ট্রেনটি ১৪৬৬৪ এবং ১৪৬৬৩ নম্বর হিসেবে চলাচল করবে। রেলওয়ে বোর্ডের ১১ মে, ২০২৬ তারিখের চিঠি অনুসারে, এই পরিষেবাটি অমৃতসর এবং নিউ জলপাইগুড়ির মধ্যে সপ্তাহে একবার চলবে। ১৪৬৬৪ নম্বর ট্রেনটি প্রতি বৃহস্পতিবার অমৃতসর থেকে ছাড়বে। অন্যদিকে, ১৪৬৬৩ নম্বর ট্রেনটি প্রতি শনিবার নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেবে। সময়সূচী অনুযায়ী, নিউ জলপাইগুড়ি থেকে অমৃতসরগামী ট্রেনটি শনিবার সকাল ৮:০০ টায় ছেড়ে সোমবার রাত ২:২০ টায় অমৃতসর পৌঁছাবে। অন্যদিকে, অমৃতসর থেকে ট্রেনটি প্রতি বৃহস্পতিবার দুপুর ১২:৪৫ টায় ছেড়ে শনিবার ভোর ৪:১৫ টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। দীর্ঘপথ যাত্রাকালে ট্রেনটি দাঁড়াবে মোট ৩৫টি স্টেশনে। তারমধ্যে অন্যতম হল- জলন্ধর সিটি, লুধিয়ানা, আম্বালা ক্যান্ট, সাহারানপুর, মোরাদাবাদ, বেরেলি, সীতাপুর, গোন্ডা, বার্হনি, গোরখপুর, নারকাটিয়াগঞ্জ, রাক্সৌল, সীতামারহি, ফোর্বসগঞ্জ, আরারিয়া, বাগডোগরা এবং শিলিগুড়ি। বিশেষ করে বিহার ও পূর্ব উত্তরপ্রদেশের বহু ছোট শহরের যাত্রীরা এই ট্রেন থেকে সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি অমৃত ভারত এক্সপ্রেসকে সাধারণ মানুষের কথা ভেবেই ডিজাইন করা হয়েছে। বন্দে ভারতের মতো আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও ভাড়া তুলনামূলকভাবে অনেক কম। মূলত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যাত্রীদের দীর্ঘ দূরত্বের যাত্রা আরও আরামদায়ক করা এই প্রকল্পের লক্ষ্য। ভারতীয় রেল সম্প্রতি প্রিমিয়াম ট্রেনের পাশাপাশি সাধারণ যাত্রীদের জন্য আধুনিক কিন্তু সাশ্রয়ী পরিষেবার উপর জোর দিচ্ছে। অমৃত ভারত এক্সপ্রেস সেই পরিকল্পনারই অংশ। নতুন অমৃতসর-নিউ জলপাইগুড়ি রুট চালু হলে উত্তর ও পূর্ব ভারতের মধ্যে রেল যোগাযোগের নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছে রেল মহল।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও রেল পরিষেবা

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নিউ জলপাইগুড়ি স্টেশন দীর্ঘদিন ধরেই দেশের নানা প্রান্তের সঙ্গে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ বজায় রেখেছে। দার্জিলিং, ডুয়ার্স, সিকিমগামী পর্যটকদের বড় অংশ এই রুট ব্যবহার করেন। আবার কর্মসূত্রে বা ব্যবসার কারণে বহু মানুষ পাঞ্জাব এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে যাতায়াত করেন। ফলে নতুন এই ট্রেন চালু হলে যাত্রীচাপ কমার পাশাপাশি ভ্রমণ আরও সহজ হবে বলে আশা রেলের। সেই সঙ্গে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অমৃত ভারত এক্সপ্রেস।