Annapurna Yojna Update: অন্নপূর্ণা প্রকল্পে বড় সতর্কবার্তা, কারা বাদ পড়বেন? যোগ্যদের আশ্বাস দিয়ে বড় বার্তা মন্ত্রীর

রথযাত্রার দিন কোচবিহারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ খোলেন মন্ত্রী। তিনি বলেন, সরকারের বয়স এখনও মাত্র দু'মাস। তাই গোটা প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন। যোগ্য আবেদনকারীদের কোনওভাবেই বঞ্চিত করা হবে না বলে আশ্বাস দেন তিনি।

Published on: Jul 16, 2026, 21:27:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Annapurna Yojna Update: রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। চলতি মাসের ১ তারিখ থেকে ধাপে ধাপে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের আওতাভুক্ত মহিলাদের। তবে এরই মধ্যে সামনে এসেছে একাধিক অভিযোগ। অনেকের আবেদন বাতিল হয়েছে, আবার এমনও অভিযোগ উঠেছে যে, প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ না করেও কিছু ব্যক্তি সরকারি আর্থিক সুবিধা পাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়।

অভিযোগ উঠেছে যে, প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ না করেও কিছু ব্যক্তি সরকারি আর্থিক সুবিধা পাচ্ছেন।
অভিযোগ উঠেছে যে, প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ না করেও কিছু ব্যক্তি সরকারি আর্থিক সুবিধা পাচ্ছেন।

বৃহস্পতিবার রথযাত্রার দিন কোচবিহারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ খোলেন মন্ত্রী। তিনি বলেন, সরকারের বয়স এখনও মাত্র দু'মাস। তাই গোটা প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন। যোগ্য আবেদনকারীদের কোনওভাবেই বঞ্চিত করা হবে না বলে আশ্বাস দেন তিনি।

মন্ত্রী বলেন, “আমাদের সরকারের বয়স দু’মাস। একটু সময় দিন। যাঁরা প্রকৃত যোগ্য, তাঁরা অবশ্যই সরকারের সহযোগিতা পাবেন। অনলাইন ও অফলাইনে আবেদন করতে গিয়ে অনেকেই ভুল করেছেন। কেউ আবার দু'জায়গাতেই ফর্ম জমা দিয়েছেন। এসব যাচাই করা হচ্ছে। যোগ্য মা-বোনেরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।”

তবে একই সঙ্গে কড়া সতর্কবার্তাও দেন তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যাঁরা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন না, অথচ তথ্য গোপন করে আবেদন করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘অনেকেই অনলাইনে তথ্য গোপন করেছেন। সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যাঁরা প্রকল্পের নির্ধারিত মানদণ্ডের মধ্যে পড়বেন না, তাঁদের আবেদন বাতিল করা হবে এবং তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।’

এর আগেও এই বিষয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন রাজ্যের পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার অর্থ বিতরণের আগে এবং পরে আবেদনকারীদের সমস্ত তথ্য গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। প্রকল্পের সুবিধা যাতে শুধুমাত্র প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছয়, সেই লক্ষ্যেই এই বিশেষ যাচাই অভিযান চলছে। কোনও আবেদনপত্রে তথ্যগত অসঙ্গতি বা নথিতে সমস্যা ধরা পড়লে সেই আবেদন বাতিল করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুধু নথি যাচাই নয়, অনেক জায়গায় সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও তথ্য মিলিয়ে দেখছেন। যাঁদের আবেদন আগে বাতিল হয়েছিল বা যাঁদের নথিতে ত্রুটি ধরা পড়েছিল, তাঁদের তথ্যও নতুন করে যাচাই করা হচ্ছে। পাশাপাশি যাঁরা একাধিকবার আবেদন করেছেন বা একই ব্যক্তি অনলাইন ও অফলাইনে আলাদা আবেদন জমা দিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

রাজ্য সরকারের দাবি, অন্নপূর্ণা যোজনার মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা যোগ্য মহিলাদের পাশে দাঁড়ানো। তাই কোনও অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুযোগ না পান এবং কোনও যোগ্য আবেদনকারী যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই কঠোর যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে।

ফলে যাঁদের আবেদন এখনও অনুমোদিত হয়নি বা যাঁদের ফর্ম বাতিল হয়েছে, তাঁদের আতঙ্কিত না হয়ে অপেক্ষা করার পরামর্শ দিয়েছে প্রশাসন। সরকার জানিয়েছে, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকৃত যোগ্যদের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More