Tamanna Murder Case Latest Update: তামান্না হত্যা মামলায় ভিনরাজ্য থেকে গ্রেফতার অভিযুক্ত, মোট ধৃতের সংখ্যা বেড়ে ১৬

তামান্না হত্যাকাণ্ডে গত দু’দিনে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জিয়ারুল শেখ ও সাবির শেখকে গ্রেফতার করা হয়।

Published on: Jun 25, 2026, 11:58:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Tamanna Murder Case Latest Update: তামান্না হত্যা মামলায় পুলিশের জোরদার অভিযান অব্যাহত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ ও কঠোর বার্তার পর তদন্তে নতুন গতি এসেছে বলে মনে করছে প্রশাসন। গত দু’দিনে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জিয়ারুল শেখ ও সাবির শেখকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার অভিযান চালিয়ে ফকর শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ এবং মিনারুল শেখকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মিনারুল শেখকে হরিয়ানার গুরগাঁও থেকে ধরা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার জন্য স্থানীয় আদালতে আবেদন জানানো হবে বলে জানিয়েছে তদন্তকারী দল।

তামান্না হত্যাকাণ্ডে গত দু’দিনে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তামান্না হত্যাকাণ্ডে গত দু’দিনে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারীদের দাবি, তামান্না হত্যা মামলায় জড়িত আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে একের পর এক গ্রেফতারের ঘটনায় পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং অপরাধীর রাজনৈতিক পরিচয় বিচার করার কোনও জায়গা নেই। আইন সবার জন্য সমান এবং অপরাধ যে-ই করুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, নিহত নাবালিকা তামান্নার মায়ের সঙ্গে সাক্ষাতের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের পথে এগিয়েছে পুলিশ। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন। তাঁর বক্তব্য, 'আইন আইনের পথেই চলবে। অপরাধীদের কোনও রকম প্রশ্রয় দেওয়া হবে না।' উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভায় তামান্না হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছিলেন, তামান্নার পরিবার বিচার পাবে। একই সঙ্গে রামপুরহাট, হাঁসখালি, কসবা ল’ কলেজ, কামদুনি এবং ধূপগুড়ির মতো আলোচিত ঘটনাগুলিতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও উল্লেখ করেন।

এরপরই তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। শোকাহত মাকে তিনি আশ্বাস দেন, তাঁর মেয়ের মৃত্যুর বিচার নিশ্চিত করা হবে। সেই বৈঠকের পর থেকেই তদন্তে গতি বাড়ে এবং একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করা শুরু হয়। প্রসঙ্গত, ২০২৪ সালের বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় ছোট্ট তামান্না। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও মেয়ের ন্যায়বিচারের আশায় লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁর মা সাবিনা ইয়াসমিন। সাম্প্রতিক গ্রেফতারির পর তাঁর আশা, অবশেষে মেয়ের হত্যাকারীরা আইনের কঠোর শাস্তি পাবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More