Ayushman Bharat Yojana in Bengal: ওষুধে ৮০% পর্যন্ত ছাড়, অঙ্গ প্রতিস্থাপন-সহ ১৯৫০ চিকিৎসা- রাজ্যে চালু আয়ুষ্মান
Ayushman Bharat Yojana in Bengal: ওষুধে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, অঙ্গ প্রতিস্থাপন-সহ ১৯৫০ চিকিৎসা- রাজ্যে চালু হল আয়ুষ্মান ভারত যোজনা। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা চালু করা হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনার আওতায় যাঁরা থাকবেন না, তাঁরা সেই প্রকল্পের আওতায় থাকবেন।
Ayushman Bharat Yojana in Bengal: পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে সূচনা হল আয়ুষ্মান ভারত যোজনার। রবিবার কলকাতায় আয়োজিত 'আয়ুষ্মান দিবস' কর্মসূচিতে এই স্বাস্থ্য প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নতুন উদ্যোগের ফলে পশ্চিমবঙ্গের মানুষরা এখন থেকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের তালিকাভুক্ত হাসপাতালে বিনামূল্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। আর যাঁরা আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আসবেন না, তাঁদের জন্য আজই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সূচনা করা হল। সবমিলিয়ে রাজ্যের ১,২৪০টি বেসরকারি হাসপাতাল এবং ৬২৭টি সরকারি হাসপাতালে সেই দুই স্বাস্থ্যবিমার সুবিধা মিলবে।

শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়, সারা ভারতেই মিলবে সুবিধা
তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে স্বাস্থ্যবিমা চালু হল, সেটার সুবিধা মূলত পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে রাজ্যের বাইরের কোনও হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সাধারণ পরিবারগুলোকে চরম আর্থিক সংকটে পড়তে হত। এই সমস্যার স্থায়ী সমাধানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে রাজ্য সরকারের স্কিমটি কেবল পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন থেকে সাধারণ নাগরিকেরা সমগ্র ভারতজুড়ে এই প্রকল্পের সুফল পাবেন।’
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন ব্যবস্থার অধীনে সুবিধাভোগীরা ভারতের যে কোনও প্রান্তের প্রায় ৩৮,৬০০টি হাসপাতালে নিখরচায় ও নির্বিঘ্নে চিকিৎসা পরিষেবা গ্রহণ করার সুযোগ পাবেন।
৮০ লাখ পরিবার ও ১,৯৫০টি চিকিৎসা প্যাকেজ
যাঁরা কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারতের যোগ্যতার মাপকাঠির বাইরে থাকবেন, তাঁদের জন্য চালু করা হয়েছে 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা'। মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৮০ লাখ পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে, যাতে রাজ্যের কোনও নাগরিকই সুচিকিৎসার অধিকার থেকে বঞ্চিত না হন।
প্রকল্পের ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, পূর্বে রাজ্যস্তরের স্বাস্থ্য স্কিমে যেখানে ১,৭০০টির বেশি চিকিৎসা অন্তর্ভুক্ত ছিল, সেখানে নতুন এই সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থায় তা বাড়িয়ে ১,৯৫০টি করা হয়েছে। ফলে অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে জটিল অস্ত্রোপচার ও গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগ নির্ণয়ের প্যাকেজ এর অন্তর্ভুক্ত হল।
বার্ষিক ৫ লাখ টাকার ক্যাশলেস বিমা কভারেজ
এর আগে গত শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই প্রকল্পের আর্থিক দিকগুলি পরিষ্কার করেছিলেন। তিনি জানান, উভয় প্রকল্পের আওতাতেই সুবিধাভোগী পরিবারগুলো বাৎসরিক সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য সুবিধা বা বিমা কভারেজ পাবেন। হাসপাতালের ভরতি খরচ, ওষুধপত্র এবং পরবর্তী পর্যবেক্ষণ সবই এই সরকারি স্কিমের অন্তর্ভুক্ত থাকবে। সেইসঙ্গে রাজ্যের ১০টি সরকারি হাসপাতালে 'অমৃত ফার্মাসি' চালু করা হচ্ছে। সেখানে ওষুধ কিনতে গেলে ৫০-৮০ শতাংশ ছাড় মিলবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


