Suvendu on Baruipur Mob Lynching Case: 'নাম-পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন', বারুইপুরে দাবি শুভেন্দুর, নেপথ্যে মৌলবাদীরা?
Suvendu on Baruipur Mob Lynching Case: বারুইপুরে গণপিটুনিতে হত্যার পিছনে মৌলবাদী শক্তির হাত থাকতে পারে, দাবি করলেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পরিবার যে চারজনের নাম দেওয়া হয়েছিল, তাদের গ্রেফতার করা হয়েছে।
Suvendu on Baruipur Mob Lynching Case: নাম ও পরিচয় দেখে বারুইপুরে ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনিতে খুন করা হয়েছে। দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বারুইপুরের সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনের পরে তিনি দাবি করেন, বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের কাণ্ডের পরে উস্কানি দেওয়া হয়েছিল। নাম ও পরিচয় দেখে একেবারে চিহ্নিত করে খুন করা হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে মৌলবাদী শক্তির হাত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, বারুইপুরে নাবালিকার পরিবারকে যেমন ‘বিচার’ দেওয়া হবে, তেমনই ‘জাস্টিস’ পাবে ইন্দ্রজিতের পরিবার। গণপিটুনির ঘটনা যে বা যারা জড়িত আছে, যারা উস্কানি দিয়েছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে (মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে)। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যাতে কঠোরতম পদক্ষেপ করা হয়, তা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

'বকখালি-দিঘা থেকে তোলা হয়েছে'
তাঁর কথায়, ‘ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে, এটাকে গণপিটুনিতে হত্যা বলব না। নাম এবং পরিচয় দেখে তাঁকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে যাঁরা প্রত্যাখ্যানের মুখে পড়েছেন, তাঁদের বড় উস্কানি আছে। উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠীও থাকতে পারে (এই ঘটনার পিছনে)। সেই সম্ভাবনা আমি উড়িয়ে দেব না। তাতে যতগুলো ছবি দেখা গিয়েছে, প্রত্যেককে পুলিশ গ্রেফতার করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে। একজনকে দিঘা থেকে তুলেছে। যাদের যাদের ভিডিয়ো ফুটেজে, সোশ্যাল মিডিয়ায় (দেখা গিয়েছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে)।’
ইন্দ্রজিতের দাদাকে চাকরি ও ২৫ লাখ টাকা পরিবারকে
আর মুখ্যমন্ত্রী সেই আশ্বাস দেওয়ার আগে ইন্দ্রজিতের দাদার হাতে চাকরির নথিপত্র তুলে দেওয়া হয়েছে। সূর্যপুর ফাঁড়িতে সিভিক ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবেন তিনি। তাছাড়াও পরিবারের হাতে ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। যে ফাঁড়ি তৈরির আর্জি জানান নির্যাতিতার পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার যখন বারুইপুরে আসেন মুখ্যমন্ত্রী, তখন সেই আর্জি জানানো হয়েছিল। আজ ফাঁড়ির উদ্বোধন করা হল।
এনকাউন্টার নিয়ে কিছু বললেন না মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় পরিবারের তরফে যে চারজনের নাম দেওয়া হয়েছিল, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে বসিরহাট থেকেও। তবে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


