...
...
Next Story

Sanatan Dinda on Behala Durga Puja: ক্ষমা চেয়ে নিল কলকাতার দুর্গাপুজো কমিটি! বিতর্কের মধ্যে মুখ খুললেন সনাতন দিন্দা

Sanatan Dinda on Behala Durga Puja: তুমুল বিতর্কের সূত্রপাত হয়েছিল। আর সেই আবহে ক্ষমা চেয়ে নিল দক্ষিণ কলকাতার একটি পুজো কমিটি। বিতর্ক নিয়ে মুখ খুললেন ওই পুজো কমিটির প্রতিমা ও মণ্ডপ শিল্পী সনাতন দিন্দাও।

Published on: Sep 20, 2026, 22:36:40 IST
Advertisement

Sanatan Dinda on Behala Durga Puja: বিতর্কের মুখে ক্ষমা চেয়ে নিল বেহালার দুর্গাপুজো কমিটি। পুজোর পোস্টারে ওস্তাদ জাকির হোসেনকে অপমান করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতে দক্ষিণ কলকাতার পুজো কমিটি বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়েছে, কোনও শিল্পীকে ছোটো করার উদ্দেশ্যে বা কটাক্ষ করার উদ্দেশ্যে ওরকম ছবি তৈরি করা হয়নি। সাধারণ মানুষের কৌতূহল বাড়ানোর জন্যই ওরকম পোস্টার তৈরি করা হয়েছিল। কিন্তু সেই পোস্টারের কারণে যদি কারও ভাবাবেগে আঘাত লাগে, তাহলে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করা হচ্ছে বলে পুজো কমিটির তরফে দাবি করা হয়েছে। সেইসঙ্গে ওই ঘটনায় মণ্ডপ ও প্রতিমা শিল্পী সনাতন দিন্দার কোনও যোগসূত্র নেই বলে দাবি করা হয়েছে পুজো কমিটির তরফে।

‘আমাদের তরফ থেকে কাঙ্ক্ষিত নয়’, বলল পুজো কমিটি

বিতর্কের মুখে ক্ষমা চাইল বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশন। (ছবি সৌজন্যে ফেসবুক Sanatan Dinda এবং Behala Young Mens Association)
বিতর্কের মুখে ক্ষমা চাইল বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশন। (ছবি সৌজন্যে ফেসবুক Sanatan Dinda এবং Behala Young Mens Association)

বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬ সালে আমাদের ৭৭ তম দুর্গোৎসব উপলক্ষে আমরা একটি প্রচারমূলক কর্মসূচি চালাচ্ছি। তার মধ্যে একাধিক প্রচারাঙ্কনের মধ্যে একটিকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনিচ্ছাকৃতভাবেই কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের ভাবাবেগে তা আঘাত করেছে। যা কোনওমতেই আমাদের তরফ থেকে কাঙ্ক্ষিত নয়।’

আরও পড়ুন: Kolkata New Flyover Latest Update: শেষ ল্যাপে ফাইল, অনুমোদন মিললেই আরও ১টা ফ্লাইওভার পাবে কলকাতা! কোন পথে ধরে যাবে?

শিশুসুলভ উপস্থাপনা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল, দাবি পুজো কমিটির

সেইসঙ্গে ওই পুজো কমিটির তরফে বলা হয়েছে, ‘আমরা শুধুমাত্র আমাদের এ বছরের বিষয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকটি শিশুসুলভ উপস্থাপনা সবার সামনে তুলে ধরেছিলাম কৌতূহল তৈরির উদ্দেশ্যে। সেক্ষেত্রে কোনও প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে ছোটো করা বা কটাক্ষ করার কোনও অভিব্যক্তি আমাদের ছিলও না। সেই কারণেই যদি কোনও কলাকুশলী বা ব্যক্তিবর্গকে এই বিষয়টি কষ্ট দিয়ে থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় ক্ষমাপ্রার্থী।’

পাশাপাশি ওই ঘটনার সঙ্গে মণ্ডপ ও প্রতিমা শিল্পীর কোনও যোগ নেই বলে জানানো হয়েছে পুজো কমিটির তরফে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রচারমূলক কর্মসূচি সম্পূর্ণভাবে আমাদের পুজো কমিটির সদস্যদের সিদ্ধান্তে করা হয়েছে। এ বছরের দুর্গোৎসবের শিল্পী সনাতন দিন্দা এই বিষয়টির সঙ্গে কোনওভাবেই জড়িত ছিলেন না এবং এ বিষয়ে তাঁর কোনও দায়ভার নেই।’

আরও পড়ুন: Bengal Offshore Crude Oil Extraction: 'আরও ভালো তেল পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরের নীচে', প্রকল্পের শুরুতে সাফল্যও

এমনিতে এবার বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের পুজো থিম হল 'ছুটি'। ছোটোবেলার কল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে। উদ্যোক্তাদের তরফে দাবি করা হয়েছে, একটা সময় ছিল যখন ছোটোরা স্রেফ মেঘ দেখেই ভাবনার জগতে পৌঁছে যেত। কিন্তু যে বিষয়টি ক্রমশ হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন উদ্যোক্তারা।

আর সেই থিমের ভিত্তিতে মণ্ডপ এবং প্রতিমা সজ্জার কাজ করছেন শিল্পী সনাতন দিন্দা। তিনি জানিয়েছেন, বিতর্কিত পোস্টার তৈরির ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা নেই। তিনি শুধুমাত্র মণ্ডপ এবং প্রতিমা সজ্জার দায়িত্বে আছেন বলে জানিয়েছেন প্রখ্যাত শিল্পী।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks