Bhadreshwar TMC Councilors Resignation: এবার ভদ্রেশ্বর পুরসভায় চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ ৮ কাউন্সিলরের পদত্যাগ

Bhadreshwar TMC Councilors Resignation: চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী জানিয়েছেন, জনমতের প্রতি সম্মান জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে চন্দননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর পরাজয়ের নৈতিক দায়ও তিনি নিজের কাঁধে নিয়েছেন।

Published on: May 29, 2026, 08:44:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bhadreshwar TMC Councilors Resignation: এবার হুগলির ভদ্রেশ্বর পুরসভায় বড়সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ মোট আট জন কাউন্সিলর পদত্যাগ করেছেন ভদ্রেশ্বরে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম হুগলি জেলার কোনও পুরসভায় এত সংখ্যক কাউন্সিলরের একসঙ্গে ইস্তফার ঘটনা ঘটল। চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী জানিয়েছেন, জনমতের প্রতি সম্মান জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে চন্দননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর পরাজয়ের নৈতিক দায়ও তিনি নিজের কাঁধে নিয়েছেন।

পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ মোট আট জন কাউন্সিলর পদত্যাগ করেছেন ভদ্রেশ্বরে।
পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ মোট আট জন কাউন্সিলর পদত্যাগ করেছেন ভদ্রেশ্বরে।

ভদ্রেশ্বর পুরসভায় মোট ২২টি ওয়ার্ড রয়েছে। গত পুরভোটে তৃণমূল ২০টি আসনে জয়ী হয়েছিল। বাকি দুই আসনে বিজেপি ও নির্দল প্রার্থী জিতলেও পরে তাঁরাও তৃণমূলে যোগ দেন। ফলে পুরসভা কার্যত বিরোধীশূন্য হয়ে পড়েছিল। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পুরসভার প্রায় ১৪টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে পড়ে। চন্দননগর কেন্দ্রে দলের প্রার্থী ইন্দ্রনীল সেন প্রায় ১৩ হাজার ভোটে পরাজিত হন। এই ফলাফলের পরই চেয়ারম্যান-সহ একাধিক কাউন্সিলরের পদত্যাগ রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।

প্রলয় চক্রবর্তী জানিয়েছেন, মানুষের সমর্থন নিয়ে এতদিন কাজ করেছেন, কিন্তু এখন মানুষ যাঁদের সমর্থন করছেন তাঁদের কাজ করার সুযোগ দেওয়া উচিত বলেই তিনি মনে করেছেন। তাঁর দাবি, এই পদত্যাগের জন্য দলের তরফে কোনও চাপ ছিল না। বিজেপি বা স্থানীয় বিধায়ক দীপাঞ্জন গুহও তাঁকে কোনওভাবে প্রভাবিত করেননি বলেই দাবি করেছেন তিনি।

অন্যদিকে, বিজেপির একাংশের অভিযোগ, নিয়োগ দুর্নীতির তদন্তে নাম জড়ানোর আশঙ্কাতেই এই পদত্যাগ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রলয়। তাঁর বক্তব্য, তাঁর পরিবারের কেউ পুরসভায় চাকরি করেন না এবং তিনি ২০১৮ সালে চেয়ারম্যান হওয়ার আগেই বহু নিয়োগ হয়েছিল। এদিকে তৃণমূল সূত্রে খবর, ভাইস চেয়ারম্যান ফিরোজ খানের নেতৃত্বেই আপাতত পুরবোর্ড চলবে এবং বোর্ড পরিচালনায় কোনও সমস্যা হবে না।

দক্ষিণ ২৪ পরগনা থেকে উত্তর ২৪ পরগনা— বিভিন্ন জেলার পুর এলাকায় একের পর এক কাউন্সিলরের পদত্যাগে চাপ বাড়ছে বিরোধী দলের উপর। সব মিলিয়ে শতাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন এখনও। এর আগে ডায়মন্ড হারবারের ১৬টি আসনের মধ্যে ৮ তৃণমূল কাউন্সিলর একযোগে পদত্যাগ করেছিলেন। তার আগে উত্তর ব্যারাকপুর পুরসভায় পুরপ্রধান-সহ ১৫ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছিলেন। এছাড়া গারুলিয়া পুরসভায় ২১ জনের মধ্যে ১৮ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। এছাড়া হালিশহর পুরসভায় ১৬ জন, কাঁচরাপাড়ায় ১৪ জন এবং ভাটপাড়ায় ৩২ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। কাঁথি পুরসভাতেও ১২ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More