WB Election Result 2026: গণনায় কারচুপির অভিযোগ! বিজেপি-ISF বিক্ষোভে তপ্ত ক্যানিং পূর্ব, আরাবুলকে 'মার' বাহিনীর

WB Election Result 2026: ক্যানিং-পূর্বে পুনর্নির্বাচনের দাবি তুলে বিক্ষোভ শুরু করলেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম ও বিজেপি প্রার্থী অসীম সানপুই। পরিস্থিতি উত্তাল হতেই গণনা কেন্দ্রের ভিতরে লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনী।

Published on: May 05, 2026 10:47 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Election Result 2026: বাংলায় এবার গেরুয়া ঝড়। ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি। আর ভোটগণনার সেই ট্রেন্ড আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলছে। সময় যত গড়াচ্ছে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এরমধ্যেই ক্যানিং-পূর্বে পুনর্নির্বাচনের দাবি তুলে বিক্ষোভ শুরু করলেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম ও বিজেপি প্রার্থী অসীম সানপুই। পরিস্থিতি উত্তাল হতেই গণনা কেন্দ্রের ভিতরে লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনী। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম-সহ বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন ৩ বিজেপি কর্মী। আরাবুল ও বিজেপি প্রার্থীর দাবি, গণনায় কারচুপি করা হয়েছে। বিডিও ও অন্য আধিকারিকরা এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ তুলেছেন তাঁরা।

বিজেপি-ISF বিক্ষোভে তপ্ত ক্যানিং পূর্ব (সৌজন্যে টুইটার)
বিজেপি-ISF বিক্ষোভে তপ্ত ক্যানিং পূর্ব (সৌজন্যে টুইটার)

ক্যানিং-পূর্বে আইএসএফের প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত আরাবুল ইসলাম। অন্যদিকে, তৃণমূল দাঁড় করিয়েছে মহম্মদ বাহারুল ইসলামকে। এখনও পর্যন্ত গণনায় তৃণমূল প্রার্থী ১৬৬০৮ ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আরাবুল ইসলাম। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অসীম সানপুই। তিনি ৩৯৩৯৩ ভোটে পিছিয়ে রয়েছেন। কমিশনের ওয়েবসাইটে দেখাচ্ছে এখনও পর্যন্ত ১০ রাউন্ড গণনা হয়েছে। এই আবহে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন বিজেপি ও আইএসএফ প্রার্থী। লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীও। পাশাপাশি আরাবুল দলের এজেন্টের উপরেও হামলার অভিযোগ তোলেন। অন্যদিকে বিজেপির দাবি, তাদের এজেন্ট অলিরুল পিয়াদা প্রথমে তৃণমূল এজেন্টদের হাতে আক্রান্ত হন, পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁকে মারধর করেন। অভিযোগ, কালুগাছি এলাকার একটি বুথের ইভিএম বদলানো হয়েছে। গণনার সময় সেই অভিযোগ তুলতেই অলিরুলকে মারধর করা হয়।

পাশাপাশি আর এক বিজেপি এজেন্ট কালিপদ সর্দারকেও মারধর করা হয়েছে বলে দাবি। বিজেপি কর্মীদের অভিযোগ, ৫০টির বেশি ইভিএম বদলানো হয়েছে এবং সেই অভিযোগ তুলতেই এই হামলা হয়েছে। এরপরই গণনা কেন্দ্রের সামনে গেটের কাছেই এক দিকে আরাবুল ও অন্যদিকে বিজেপি প্রার্থী অসীম অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। মূলত গণনায় কারচুপি ও ইভিএম পরিবর্তন করা হয়েছে এই অভিযোগ তুলে তাঁরা অবস্থান বিক্ষোভ করছেন। আরাবুলের অভিযোগ, কয়েকটি বুথে তাঁরা বুথ এজেন্ট না দিলেও সেখানে তাঁদের দলের নামে সই করা হয়েছে। আরাবুল বলেন, 'আমরা পুর্ননির্বাচনের আবেদন জানাচ্ছি। আমাদের মারধর করা হয়েছে।' এদিকে, জয়ের এই ইঙ্গিত পেতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ও উল্লাস শুরু হয়েছে। তবে এই খুশির আবহের মধ্যেই বিক্ষিপ্ত গোলমালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পুলিশকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।