Case Against Abhishek Banerjee: সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ, মামলা অভিষেকের নামে

নদিয়ার নাকাশিপাড়ায় প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি এবং কয়েক হাজার মূল্যবান গাছ পাচারের অভিযোগে তাঁর-সহ মোট ১১ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেছেন এলাকার কয়েকজন বাসিন্দা।

Published on: Jun 26, 2026, 14:19:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মাটি চুরি ও সরকারি খাস জমি দখলের অভিযোগে ফের আইনি জটিলতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নদিয়ার নাকাশিপাড়ায় প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি এবং কয়েক হাজার মূল্যবান গাছ পাচারের অভিযোগে তাঁর-সহ মোট ১১ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেছেন এলাকার কয়েকজন বাসিন্দা। আদালত ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে এবং আগামী ২৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। একই সঙ্গে ওই দিনের মধ্যে পুলিশকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মাটি চুরি ও সরকারি খাস জমি দখলের অভিযোগে ফের আইনি জটিলতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (Sudipta Banerjee)
মাটি চুরি ও সরকারি খাস জমি দখলের অভিযোগে ফের আইনি জটিলতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (Sudipta Banerjee)

মামলাকারীদের অভিযোগ, নাকাশিপাড়া ২৪ নম্বর মৌজার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমির লিজ ২০২০ সালেই শেষ হয়ে যায়। কিন্তু তার পরেও দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ওই জমি থেকে বিপুল পরিমাণ মাটি কেটে অন্যত্র বিক্রি করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, প্রায় সাড়ে ৪০০ বিঘা জমির মাটি সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাসের দাবি, শুধু মাটি চুরি নয়, ওই এলাকায় কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছও কেটে পাচার করা হয়েছে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এই বেআইনি কাজ চললেও প্রশাসনের একাংশের নীরবতার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়েই এই কর্মকাণ্ড চালানো হত এবং স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হতো। এমনকি অভিযুক্তরা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের জন্য বলতেন, "মাথায় অভিষেক দাদার হাত রয়েছে।"

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নাকাশিপাড়ার বাসিন্দা পরাশর মণ্ডল, সঞ্জয় দাস, রঞ্জিত বিশ্বাস ও অশোক হালদার আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই মামলায় অভিযুক্ত করা হয়েছে শাহজাহান শেখ, চাদু শেখ, হাফিজুল শেখ, হেসমত শেখ, সাইদুল শেখ, গোজলো শেখ, বিদ্যুৎ সরকার, সমীর প্রামাণিক, কিয়ামত শেখ এবং আরমান শেখকে।

মামলায় আরও একটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, কাজের প্রলোভন দেখিয়ে এলাকার আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন মহিলার উপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রভাব ও নিরাপত্তার আশঙ্কায় এতদিন তাঁরা প্রকাশ্যে অভিযোগ জানাতে পারেননি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ডায়মন্ড হারবার জেলার কালীতলা আশুতি থানায় প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এবার নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি জমির মাটি ও মূল্যবান গাছ পাচারের অভিযোগ সামনে আসায় নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে এই অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। আদালতের নির্দেশ অনুযায়ী, এখন তদন্তের অগ্রগতি এবং ২৭ জুলাইয়ের শুনানির দিকেই নজর থাকবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More