CM Suvendu Adhikari on BGBS: বিজিবিএসে বিরাট দুর্নীতি! মমতার সই করা ফাইল প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari on BGBS: সোমবারই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন শুভেন্দু অধিকারী সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তা নিয়ে আগামী ২৫ জুন পর্যন্ত আলোচনা চলবে। মঙ্গলবার সেই আলোচনার মাঝেই বিধানসভায় উপস্থিত বিরোধী বিধায়কদের সামনে শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই করা একটি ফাইল প্রদর্শন করেন। 

Published on: Jun 23, 2026, 19:59:52 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

CM Suvendu Adhikari on BGBS: প্রত্যেক বছর ঘটা করে ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ (বিজিবিএস) করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আর্থিক দুর্নীতি হয়ে থাকতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যে শিল্প আনার নাম করে ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ (বিজিবিএস)-এর আড়ালে ভয়াবহ আর্থিক দুর্নীতির ফাইল খুললেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে বিরাট দুর্নীতি হয়েছে। এমনকী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বণিকসভা ফিকিকে কোটি কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে দিয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (ANI Video Grab)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (ANI Video Grab)

সোমবারই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন শুভেন্দু অধিকারী সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তা নিয়ে আগামী ২৫ জুন পর্যন্ত আলোচনা চলবে। মঙ্গলবার সেই আলোচনার মাঝেই বিধানসভায় উপস্থিত বিরোধী বিধায়কদের সামনে শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই করা একটি ফাইল প্রদর্শন করেন। সেই সঙ্গে বিজিবিএসে হওয়া দুর্নীতি ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বণিকসভা ‘ফিকি’-কে সরাসরি ৩২৪.৭৩ কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিবাজেট অধিবেশনে ফাইলটি তুলে ধরে তিনি বলেন, 'আপনার নেত্রী কী কী কাণ্ড ঘটিয়েছে দেখবেন? বিজিবিএস...খুব বড় বড় কথা বলেন না। ৩২৪. ৭৩ কোটি টাকা ফিকিকে দিয়েছেন।' ওই ফাইলে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে তাও দেখান শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর কথায়, 'এটা হিমশৈলের চূড়া মাত্র।' এরপরেই কিছুটা ফিরহাদ হাকিমকে টিপ্পনি কেটে মুখ্যমন্ত্রীর মন্তব্য, জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? এরপরেই এই প্রসঙ্গে তিনি আরও বলেন, 'বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রী ফিকিকে সরাসরি ৩২৪.৭৩ কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন।' কীভাবে তা দেওয়া হয়েছে তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন আগেই ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন’ নিয়ে গুরুত্বপূর্ণ একটি বক্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, 'বিজিবিএসম করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন। এরও তদন্ত হবে।' শুধু তদন্ত নয়, মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'প্রয়োজনে আর্থিক তছরুপের যাঁরা তদন্ত করেন, তাঁদের দায়িত্ব দেওয়া হবে। কাউকে ছাড়া হবে না।' তবে কোন ইভেন্ট সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। তাঁর এহেন মন্তব্য ঘিরে নানা মহলে জল্পনা তৈরি হয়।

তৃণমূল কংগ্রেসকে নিশানা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আমাকে অনুমতি দিতেন না। আপনার নেত্রী রাণী রাসমণিতে বসতে চাইলেন। পুলিশ আমাকে জিজ্ঞাসা করল, স্যার কী করব? আমি বললাম বসতে দিন ওয়াই চ্যানেলে। রোজ মিছিল করুন। কিন্তু ফিরতে পারবেন না। ওই চ্যাপ্টার ক্লোজড।' এরপর মুখ্যমন্ত্রী বলেন, 'আমি ২০১১ সালে আপনাদের আনতে রাস্তায় ছিলাম। আর ২০২৬ সালে আপনাদের সরাতেও রাস্তায় ছিলাম।' শুভেন্দু অধিকারী আরও বলেন, 'যারা কমিউনিস্টদের সরিয়ে লড়াই করেছিল, তারা চলে গেল। দল কাদের হাতে গেল? লাল চুল, কানে দুল, তারাই হল যুব তৃণমূল।' বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে নিজের রাজনৈতিক জীবনে একাধিক মামলার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আমার নামে ১০২টি মামলা হয়েছে। ৩৫টি মামলায় এখনও হলফনামায় উল্লেখ রয়েছে। আমাকে বারবার হাউস থেকে সাসপেন্ড করা হয়েছে। সাড়ে এগারো মাস বাইরে রাখা হয়েছে। পাঁচবার সাসপেন্ড হয়েছি।'

তিনি আরও বলেন, 'আমাকে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে। আমার সভা আটকানো হয়েছে। আমাকে মোথাবাড়ি, ভবানীপুর, ধুলিয়ান, কোতুলপুর যেতে দেওয়া হয়নি। আমাকে আদালতে যেতে হয়েছে।' তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, 'আমরা আপনাদের নেত্রীর মতো লিউকোপ্লাস্ট মুখে লাগিয়ে রাখতে বলিনি।' নিউটাউনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'নিউটাউনের তৃতীয় গতিসূত্র, সব ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পৃথিবী গোল বলেছিলাম। মানুষ এদের শিক্ষা দিয়ে দিয়েছে।' এছাড়াও তিনি বলেন, 'সবকা সাথ, সবকা বিকাশ হবে। সবকা হিসাব হবে।' বক্তব্যের শেষে তিনি বলেন, 'সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই।'

সব মিলিয়ে, বিধানসভায় দাঁড়িয়ে সরকারি ফাইলের তথ্য জনসমক্ষে আনা এবং দুর্নীতির কড়া তদন্তের ঘোষণা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন উত্তাপ ছড়ালো। রাজ্যের শিল্পায়ন প্রক্রিয়ায় এই বিপুল অঙ্কের আর্থিক তছরুপের অভিযোগ প্রমাণ হলে বড় আইনি বিপাকে পড়তে পারেন তৎকালীন প্রশাসনিক কর্তারা।