Suvendu Adhikari latest: তোলাবাজিতে ‘তালা’? অভিষেকের গড় ডায়মন্ড হারবারে বৈঠকের পর কোন বার্তা শুভেন্দুর!
আজকের সভা থেকে কী কী বললেন শুভেন্দু অধিকারী?
মুখ্যমন্ত্রী হওয়ার পর আজই প্রথম কোনও জেলায় প্রশাসনিক সভা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর জেলা সফরে গিয়ে প্রথম প্রশাসনিক সভাই ছিল ডায়মন্ড হারবারে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় এই ডায়মন্ডহারবার। সেখানে গিয়ে একাধিক বার্তা দেন শুভেন্দু। তাঁর বক্তব্যে বিশেষভাবে উঠে আসে তোলাবাজি প্রসঙ্গ।

তিনি সাফ জানিয়েছেন, কোনওভাবেই তোলাবাজি বরদাস্ত হবে না। অটো, টোটো, হকার কারও থেকে টাকা নেওয়া যাবে না বলে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্যসরকারী প্রকল্প ঘিরে কাটমানির অভিযোগ উঠলে তা কড়া হাতে তাঁর প্রশাসন দমন করবে বলেও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি এদিন বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে, সাফ জানান যে, পুলিশের হাতে অত্যাচারিত হলে যে কেউ থানায় অভিযোগ করতে পারেন। তবে, তদন্তে যদি দেখা যায় অভিযোগ সত্যি নয়, বা ভুয়ো, তাহলে কেস ক্লোজ হবে। এছাড়াও পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন,'পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল। পরে সেটি একটি রাজনৈতিক দলের শাখা সংগঠন হয়েছিল।' এর সঙ্গেই তিনি বলেন, 'পুলিশের মঙ্গল কতটা হয়েছে জানি না। কিন্তু শান্তনু সিংহ বিশ্বাস, বিজিতাশ্বর রাউতদের মতো অফিসারদের সুবিধা হয়েছে। আজ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলাম।'
এদিন আসানসোলের জাহাঙ্গির মহল্লা পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেন শুভেন্দু। শুভেন্দু বলেন, ‘ফাঁড়িতে যারা ভাঙচুর করেছে। ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি পাশাপাশি, ভারতীয় ন্যায় সংহিতার কথাও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন,'ক্ষতি যা হয়েছে তা অভিযুক্তদের থেকে নেওয়া হবে।' তাঁর স্পষ্ট বার্তা, ‘কোনও সরকারি জিনিসে হাত দেবেন না। পুলিশের কিছু হলে আমরা ছেড়ে কথা বলব না।’ উল্লেখ্য, শনিবার ডায়মন্ডহারবারে প্রশাসনিক সভায় দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে বৈঠকের পর এই বার্তা দেন শুভেন্দু।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


