CPIM on RG Kar Victim's Mother: 'পুলিশে বিরুদ্ধে আমরাই রুখে দাঁড়াই', অভয়ার মা বিজেপিতে যেতেই আঁতে ঘা সিপিএমের?

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা তৃণমূলকে হারাতে যোগ দিয়েছেন বিজেপিতে। আর এই পরিস্থিতিতে মুখ খুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রাক্তন বাম সাংসদের কথায়, 'আরএসএস-এর শেখানো বুলি আওড়াচ্ছেন অভয়ার মা।'

Published on: Mar 20, 2026, 07:41:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল বামেরা। এমনকী আরজি করে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের পুলিশের সঙ্গে সেই বচসার ঘটনা এবং ছবি অনেকেরই হয়ত মনে আছে এখনও। তবে সেই আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা তৃণমূলকে হারাতে যোগ দিয়েছেন বিজেপিতে। আর এই পরিস্থিতিতে মুখ খুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রাক্তন বাম সাংসদের কথায়, 'আরএসএস-এর শেখানো বুলি আওড়াচ্ছেন অভয়ার মা।'

মহম্মদ সেলিমের কথায়, 'আরএসএস-এর শেখানো বুলি আওড়াচ্ছেন অভয়ার মা।' (Sudipta Banerjee )
মহম্মদ সেলিমের কথায়, 'আরএসএস-এর শেখানো বুলি আওড়াচ্ছেন অভয়ার মা।' (Sudipta Banerjee )

অভয়ার মায়ের উদ্দেশে মহম্মদ সেলিম বলেন, 'হাসপাতালের চত্বরের মধ্যে কর্তব্যরত ছাত্রী, একজন চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। এরকম আগে আমাদের রাজ্য তো দূর, দেশেও ঘটেনি। তারপর সব সাক্ষ্মী, প্রমাণ লোপাট করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতর, তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়। সেইসময় এই ঘটনার কথা সিপিএমই প্রথম জানিয়েছিল। তারপর কোর্টে যাই আমরাই। তড়িঘড়ি করে পোস্টমর্টেম করা হয়। অন্ধকারে নামার পর সব করা হয়। আমরা প্রথম এই বিষয়টাকে সামনে নিয়ে আসি। কোনও আরএসএস, কোনও বিজেপি কিন্তু বিষয়টা সামনে আনেনি। সেদিন ছাত্রযুব বাহিনী অসহায় পরিবারের পাশে দাঁড়ায়। পুলিশের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিজেপি, আরএসএস-এর মুরোদ আছে ধর্ষিতাকে ন্যায় দেবে, বিচার দেবে, অপরাধীকে ধরবে? কলকাতা পুলিশ যা বলেছে, সিবিআইও তাই বলেছে।'

এদিকে আরজি করের নির্যাতিতার মায়ের বিজেপির হয়ে ভোটে লড়াই করার বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, 'ভোট নির্বাচন আলাদা বিষয়। সেটা পরিবার সিদ্ধান্ত নেবে। আমরা কখনও বলিনি সিপিএম হও। আমরা সবসময় সন্তানহারা পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি। তবে বাবা-মায়ের প্রতি আমার অনুরোধ, কোনও পক্ষ নিয়ে যেন তাঁরা না লড়াই করেন।'

উল্লেখ্য, আরজি করে খুন হওয়া চিকিৎসকের মা এবার ভোটে লড়তে চাইছেন বিজেপির টিকিটে। নিজে মুখেই এই কথা বলেন তিনি। তাঁর কথায়, 'আমি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াতে চাই। প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এতে কেউই ভালো নেই। তাই তৃণমূলের মূল উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।' দাবি করা হচ্ছে, পানিহাটি আসনে পদ্মশিবিরের প্রার্থী হতে চলেছেন আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মা।

এদিকে পানিহাটি এলাকাটি দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। আসন্ন নির্বাচনে তৃণমূল টিকিট দিয়েছে তীর্থঙ্কর ঘোষকে। ২০১১ সাল থেকে এখানে টানা বিধায়ক থেকেছেন নির্মল ঘোষ। আরজি কর কাণ্ডের সময় এই নির্মল ঘোষকে জেরা করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে ২০২১ সালে বিজেপির সন্ময় বন্দ্যোপাধ্যায়কে প্রায় ২৫ হাজার ভোটে হারিয়ে নির্মল ঘোষ জিতেছিলেন। আর এবার তৃণমূল টিকিট দিচ্ছেন তাঁর ছেলে তীর্থঙ্করকে। এর আগে ১৯৯৬ সালে এই আসন থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন নির্মল ঘোষ। পরে ২০০১ সালে তিনি তৃণমূলের টিকিটে জিতেছিলেন এই আসন থেকেই। ২০০৬ সালে তিনি হেরে গিয়েছিলেন। আর এবার নির্মলের ছেলের বিরুদ্ধে অভয়ার মাকে প্রার্থী করতে পারে বিজেপি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More