Eggs Thrown at Arrested BJP Leader: নিউটাউনে বৃদ্ধার ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, ডিম হামলা জনতার

নিউটাউনে এক বৃদ্ধার ফ্ল্যাট দীর্ঘদিন ধরে দখল করে রাখার অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম বরুণ বিশ্বাস। গ্রেফতারের সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা তাঁর দিকে ডিম ছুড়ে মারার পাশাপাশি ধাক্কাধাক্কি ও মারধরেরও অভিযোগ উঠেছে। 

Published on: Jul 17, 2026, 09:32:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Eggs Thrown at Arrested BJP Leader: দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিয়ে প্রশাসনকে বারবার কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আবহেই এবার নিউটাউনে এক বৃদ্ধার ফ্ল্যাট দীর্ঘদিন ধরে দখল করে রাখার অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম বরুণ বিশ্বাস। গ্রেফতারের সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা তাঁর দিকে ডিম ছুড়ে মারার পাশাপাশি ধাক্কাধাক্কি ও মারধরেরও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

নিউটাউনে এক বৃদ্ধার ফ্ল্যাট দীর্ঘদিন ধরে দখল করে রাখার অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি নেতা।
নিউটাউনে এক বৃদ্ধার ফ্ল্যাট দীর্ঘদিন ধরে দখল করে রাখার অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি নেতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরুণ বিশ্বাস নিউটাউন এলাকার এক প্রভাবশালী বিজেপি নেতা। অভিযোগ, তিনি এলাকার একটি বিলাসবহুল আবাসনে বৃদ্ধা অনিতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিলেন। প্রথমদিকে ভাড়ার চুক্তি নিয়মমাফিক নবীকরণ হলেও পরে পরিস্থিতির পরিবর্তন হয়।

অনিতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রায় দু'মাস আগে তিনি বরুণ বিশ্বাসকে ফ্ল্যাট খালি করে দেওয়ার জন্য জানান। সেই সময় বিজেপি নেতা নাকি জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা, তাই কিছুটা সময় প্রয়োজন। অভিযোগ, এরপর তিনি দীর্ঘ সময় ফ্ল্যাটে থাকার আবেদন করেন। কিন্তু ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নতুন করে চুক্তি হয়নি এবং সেই কারণেই তিনি আর ভাড়া নেননি বলে জানিয়েছেন বৃদ্ধা।

অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের মার্চ মাসের পর থেকে এক টাকাও ভাড়া দেননি বরুণ বিশ্বাস। ফলে গত কয়েক বছরে বকেয়া ভাড়ার পরিমাণ বেড়ে প্রায় ১৬ লক্ষ টাকায় পৌঁছেছে। বিষয়টি আবাসনের পরিচালন সমিতিকেও জানান অনিতা বন্দ্যোপাধ্যায়। সোসাইটির পক্ষ থেকেও অভিযুক্তকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতেও কোনও ফল হয়নি বলে অভিযোগ।

এরপর বৃদ্ধা পুলিশের দ্বারস্থ হন। তবে অভিযোগ, সেই সময় পুলিশ কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে তৎকালীন স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের কাছেও লিখিত অভিযোগ জানান তিনি। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত ২০২০ সালে আদালতের দ্বারস্থ হন অনিতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে মামলা চললেও অভিযুক্ত বারবার আদালতের শুনানিতে অনুপস্থিত থেকেছেন। ফলে মামলার নিষ্পত্তি হয়নি। অন্যদিকে, ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ খরচ এবং পুরসভার কর তাঁকেই নিয়মিত বহন করতে হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনিতা বন্দ্যোপাধ্যায় নিজের ফ্ল্যাটে গেলে বরুণ বিশ্বাসের সঙ্গে তাঁর বচসা বাধে। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ পৌঁছে বরুণ বিশ্বাসকে আটক করে। পুলিশ ভ্যানে তোলার সময় উত্তেজিত জনতা তাঁর দিকে ডিম ছুড়ে মারেন। পাশাপাশি কিল, চড় ও ঘুষিও মারা হয়েছে বলে অভিযোগ।

উল্লেখ্য, এর আগেও ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ। সেবারও তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। এবার একই ধরনের অভিযোগে বিজেপি নেতার গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

যদিও বরুণ বিশ্বাস বা বিজেপির পক্ষ থেকে এখনও এই অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ফ্ল্যাট সংক্রান্ত নথি, ভাড়ার চুক্তি এবং আদালতের মামলার সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More