বড়দিনে সুখবর! ব্লু ও গ্রিন লাইনে চলবে বাড়তি মেট্রো, রইল নতুন সময়সূচি

দীর্ঘ সময় ট্রেন চালু থাকায় কর্মস্থল থেকে ফেরা হোক বা উৎসবের ঘোরাঘুরি- যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। 

Published on: Dec 24, 2025, 22:41:00 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বড়দিন উপলক্ষে শহরবাসীর জন্য স্বস্তির খবর দিল কলকাতা মেট্রো। উৎসবের রাতে বাড়তি ভিড় সামাল দিতে আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার, ব্লু ও গ্রিন দু’টি গুরুত্বপূর্ণ মেট্রো লাইনে বেশি রাত পর্যন্ত পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে অন্য তিনটি লাইন- ইয়েলো, পার্পল ও অরেঞ্জে স্বাভাবিক পরিষেবাই থাকবে।

ব্লু ও গ্রিন লাইনে চলবে বাড়তি মেট্রো (Debajyoti Chakraborty)
ব্লু ও গ্রিন লাইনে চলবে বাড়তি মেট্রো (Debajyoti Chakraborty)

ক্রিসমাস মানেই কলকাতার রাস্তায় আলাদা উন্মাদনা। পার্ক স্ট্রিটের আলো ঝলমলে সাজ, ময়দানের খোলা আকাশের নীচে ভিড়, রবীন্দ্রসদন থেকে কালীঘাট পর্যন্ত মানুষের ঢল-সব মিলিয়ে শহর যেন এক রাতের জন্য জেগে ওঠে। বিভিন্ন গির্জায় প্রার্থনা, বন্ধুদের সঙ্গে রাতভর আড্ডা কিংবা শহর ঘোরার পরিকল্পনা করেন বহু মানুষ। এই বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখেই যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

ব্লু লাইনে বিশেষ পরিষেবা

ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে বড়দিনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ২৫ ডিসেম্বর ছুটির দিন হলেও ব্লু লাইনে অন্যান্য দিনের তুলনায় বেশি সময়ে পরিষেবা চালানো হবে। বাড়ানো হয়েছে শেষ মেট্রোর সময়। মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী-

১. শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০:৩০

২. দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০:২৩

বৃহস্পতিবার ব্লু লাইনে মোট ২২৪টি মেট্রো চলবে, যা সাধারণ দিনের তুলনায় কিছুটা কম। তবে পরিষেবার সময় বাড়ানো হওয়ায় যাত্রীদের অসুবিধা হবে না বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনে ব্লু লাইনে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

গ্রিন লাইনে বিশেষ পরিষেবা

বড়দিনে গ্রিন লাইনে মোট ২০১টি মেট্রো চালানো হবে। পরিষেবা চলবে সকাল ৬:৩৯ থেকে রাত ১০:২০ পর্যন্ত।

অতিরিক্ত সংযোগ ও মেট্রোয় ব্যবধান

বড়দিনেও যথারীতি জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দুটি সরাসরি মেট্রো চলবে। বৃহস্পতিবার বিকেল ৪:২৫ থেকে রাত ৮:৩০-এর মধ্যে প্রতি ৬ মিনিট অন্তর ট্রেন চলবে।

প্রথম ও শেষ মেট্রো

১. সকাল ৬:৩৯- সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান

২. সকাল ৬:৪৫- হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ।

শেষ মেট্রোর সময়

১. রাত ২১:৫৫- উভয় দিক থেকে (হাওড়া ময়দান↔সেক্টর ফাইভ)

২. রাত ২২:০৫ ও ২২:২০- হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কের বাড়তি দুটি পরিষেবা

অন্যান্য লাইনে পরিষেবা

ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে এদিন বিশেষ কোনও পরিবর্তন করা হবে না। প্রতিদিনের মতোই মেট্রো চলবে।

বড়দিনে শহরজুড়ে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই মেট্রোর এই বিশেষ উদ্যোগ। দীর্ঘ সময় ট্রেন চালু থাকায় কর্মস্থল থেকে ফেরা হোক বা উৎসবের ঘোরাঘুরি- যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে, মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি শহরবাসী। উৎসবের রাতে নিরাপদ ও ঝামেলামুক্ত যাতায়াতের জন্য এই বাড়তি পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মত যাত্রীদের। বড়দিনের আনন্দ উপভোগ করে নিশ্চিন্তে বাড়ি ফেরার পথ আরও সহজ হল কলকাতা মেট্রোর হাত ধরে।