No Parking in Kolkata: কলকাতায় নো পার্কিং জোনে গাড়ি রাখলেই জরিমানা ৫০০, নির্দেশিকা নিয়ে কড়া পুরমন্ত্রী

No Parking in Kolkata: পুলিশ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, কলকাতা পুরসভার অনুমোদিত জোন ছাড়া অন্য কোথাও পার্কিং করা যাবে না। অনুমোদন ছাড়া রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকার বিনিময়ে পার্কিং চালানো হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

Published on: May 17, 2026, 21:52:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

No Parking in Kolkata: কলকাতার রাস্তায় যানজট এবং বেআইনি পার্কিং দীর্ঘদিনের সমস্যা। রাস্তার একাংশ জুড়ে গাড়ি দাঁড়িয়ে থাকায় যেমন বাড়ছে ট্র্যাফিকের চাপ, তেমনই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ পথচারীদেরও। অতীতে এই ইস্যুতে পদক্ষেপের কথা ঘোষণা করা হলেও বাস্তবে খুব একটা বদল দেখা যায়নি। তবে রাজ্যে পালাবদলের পরই কলকাতার রাস্তায় বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে নতুন বিজেপি সরকার। এবার থেকে পার্কিং জোনের বাইরে কিংবা নো-পার্কিং এলাকায় গাড়ি দাঁড় করালেই গুনতে হতে পারে মোটা জরিমানা। শহরের যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত।

কলকাতায় নো পার্কিং জোনে গাড়ি রাখলেই জরিমানা (সৌজন্যে টুইটার)
কলকাতায় নো পার্কিং জোনে গাড়ি রাখলেই জরিমানা (সৌজন্যে টুইটার)

কলকাতার বেআইনি পার্কিংয়ে কড়াকড়ি

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট পার্কিং জোনের বাইরে কিংবা নো-পার্কিং এলাকায় গাড়ি রাখলে চালকদের ৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এই বিষয়ে শনিবার শহরের ২৭টি ট্রাফিক গার্ড এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে লালবাজার। পুলিশ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, কলকাতা পুরসভার অনুমোদিত জোন ছাড়া অন্য কোথাও পার্কিং করা যাবে না। অনুমোদন ছাড়া রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকার বিনিময়ে পার্কিং চালানো হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। একইসঙ্গে পার্কিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতেও একাধিক নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, অনুমোদিত পার্কিং জোনে শুধুমাত্র ওয়ান লাইন পার্কিং চালু রাখতে হবে। কোথায় কতটা জায়গা পার্কিংয়ের জন্য নির্ধারিত, তা ডিসপ্লে বোর্ডে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই বোর্ডে পার্কিং ফি-র পরিমাণও লিখে রাখতে হবে এবং পার্কিং কর্মীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের দাবি, এর ফলে ভুয়ো পার্কিং স্লিপের রমরমা খানিকটা বন্ধ হবে।

কী বলছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল?

এই প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এক বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন, 'আজই নোটিস দিচ্ছি। রাস্তার দু’পাশে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে। যেখানে পার্কিং করার কথা নয়, সেখানে কোনও গাড়ি রাখা যাবে না। এতে সাধারণ মানুষের সুবিধা।' তিনি অভিযোগ করেন, শহরের বিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়, যার কোনওটাই সরকারি রাজস্ব হিসেবে জমা পড়ে না। সেই প্রথা বন্ধ করতেই এই অভিযান। রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষও বেআইনি পার্কিং নিয়ে সরব হয়েছেন সম্প্রতি। তাঁর কথায়, 'যেখানে পার্কিং করার নিয়ম রয়েছে, সেখানেই গাড়ি রাখতে হবে। এখন শহরের বিভিন্ন জায়গায় যত্রতত্র গাড়ি দাঁড় করানো হচ্ছে। বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।'

প্রসঙ্গত, গত বছরও রাস্তার ধারের পার্কিং নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তার ধারে পার্কিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। মূলত শহরের রাস্তা পরিষ্কার ও আবর্জনা অপসারণের সুবিধার জন্যই সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। এবার নতুন সরকারের এই কড়া অবস্থানের ফলে শহরের ট্র্যাফিক পরিস্থিতি কতটা বদলায় এবং বেআইনি পার্কিং রোখা যায় কি না, সেদিকেই নজর থাকছে কলকাতাবাসীর।