...
...
Next Story

Suvendu on Singur Land Acquisition: সিঙ্গুরে শিল্প নিয়ে ‘সারপ্রাইজ’ রাখলেন শুভেন্দু, সুখবর পেতে পারে ভাঙড়-পুরুলিয়াও

Suvendu on Singur Land Acquisition: সিঙ্গুরে আবার জমি অধিগ্রহণের উদ্যোগ! ৯৯৭ একর জমি নিয়ে নতুন শিল্প পরিকল্পনার আভাস শুভেন্দু অধিকারীর। তবে বিষয়টি নিয়ে সারপ্রাইজ প্যাকেজও রেখে দিলেন। পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় আশা জোগালেন।

Published on: Nov 22, 2026, 23:17:13 IST
Advertisement

Suvendu on Singur Land Acquisition: সিঙ্গুরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও শিল্পভাবনায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। ৯৯৭ একর জমিতে ফের শিল্প স্থাপনের তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, সিঙ্গুরের সেই ৯৯৭ একর জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই চাষিদের সঙ্গে সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সিঙ্গুরে একটি বড় মাপের ট্রাক প্রস্তুতকারক কারখানা গড়ে তোলার ঘোষণার পরদিনই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অর্থনৈতিক ও রাজনৈতিক মহল।

৯৯৭ একর জমি ঘিরে নতুন সমীকরণ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে এএনআই)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে এএনআই)

রবিবার মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরের ওই নির্দিষ্ট ৯৯৭ একর জমি অধিগ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমকে। কৃষকরা যাতে জমির সঠিক দাম পান, তা সুনিশ্চিত করতে নিগমের আধিকারিকরা সরাসরি জমির মালিকদের সঙ্গে কথা বলছেন।

যদিও মুখ্যমন্ত্রী সরাসরি অশোক লেল্যান্ড বা সেই সংস্থার প্রস্তাবিত ট্রাক ফ্যাক্টরি নিয়ে নির্দিষ্ট বলেননি, তবে তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দেন যে রাজ্য সরকার ওই জমিতে বড় ধরনের কোনও অর্থনৈতিক কর্মকাণ্ড বা শিল্প গড়ে তুলতে বদ্ধপরিকর। সিঙ্গুরকে পশ্চিমবঙ্গের শিল্প পিছিয়ে পড়ার প্রতীক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘যে জমি চাষিদের ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেখানে এখন আর ধান, আলু বা সর্ষের মতো কোনো ফসল ভালো উৎপন্ন হচ্ছে না। এর আগে ওই জমিতে মৎস্য চাষের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তাও সফল হয়নি।’

মুখ্যমন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন যে, সিঙ্গুরের চাষিরা ইতিপূর্বে দু’বার ক্ষতিপূরণ পেয়েছেন—প্রথমবার বামফ্রন্ট সরকারের আমল এবং দ্বিতীয়বার সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২০১৬-১৭ সালে। ফলে এবার জমি ক্রয় প্রক্রিয়ায় রাজ্য সরকার স্বচ্ছতা ও সমঝোতার পথই বেছে নিয়েছে।

শনিবার আইআইটি খড়গপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কর্মসূচিতে যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার সিঙ্গুর নিয়ে একটি বড় ঘোষণা করেন। তিনি জানান, ভারতীয় শিল্প সংস্থা অশোক লেল্যান্ড সিঙ্গুরে তাদের নতুন ট্রাক তৈরির কারখানা স্থাপন করতে চলেছে এবং খুব শীঘ্রই সেখানে কাজ শুরু হবে।

আরও পড়ুন: Suvendu on Bangladesh Violence: ‘এখানে রিঅ্যাকশন হচ্ছে..…’, বাংলাদেশের অশান্তি নিয়ে বার্তা শুভেন্দুর, ভাবনায় CAA

তিনি বলেন, ‘আমরা সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ। আমাদের মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন। আমি পুনরায় নিশ্চিত করে বলছি, অশোক লেল্যান্ড সিঙ্গুরে আসছে এবং খুব দ্রুত এই প্রকল্পের কাজ মাঠে গড়াবে।’ কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরই সিঙ্গুরের ৯৯৭ একর জমি ঘিরে নতুন করে জল্পনা তুঙ্গে ওঠে।

আরও পড়ুন: Pakistan Minister on Indus Water Treaty: ‘আপনারা ডাকলেই আমি হাজির হব’, ভারতে ‘হাওয়া’ বেরিয়ে গেল পাকিস্তানি মন্ত্রীর?

রাজ্যজুড়ে ব্যাপক জমি অধিগ্রহণ কর্মসূচি

সিঙ্গুরের পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্তেও শিল্প ও পরিকাঠামো উন্নয়নের জন্য জমি জোগাড়ের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র ও রাজ্যের ২০১৩ সালের জমি অধিগ্রহণ নীতি এবং 'ল্যান্ড পুলিং' পদ্ধতি মেনে নিয়ে কাজ এগোচ্ছে।

১) ব্যারাকপুর শিল্পাঞ্চল: ব্যারাকপুরের বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি পাটকলগুলির জমি সরাসরি মালিকদের থেকে কেনার জন্য বড়সড় প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রায় ৮,০০০ থেকে ১০,০০০ একর জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

২) ভাঙড় ও নিউ টাউনসংলগ্ন এলাকা: নিউ টাউনের পার্শ্ববর্তী ভাঙড়ে যে সকল জমির মালিক নিজস্ব নির্ধারিত দামে জমি বিক্রি করতে ইচ্ছুক, তাদের থেকেও জমি ক্রয়ে রাজ্য সরকার আগ্রহ প্রকাশ করেছে।

৩) পুরুলিয়ায় পরিবেশবান্ধব প্রকল্প: পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য পুরুলিয়ায় প্রচুর খাস ও অনাবাদী জমি চিহ্নিত করা হয়েছে, যেখানে বৃহৎ সৌর পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks