HS Results 2026 Marksheets: সেমিস্টার ধাঁচে এবার প্রথমবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে। আর সেই আবহে রেজাল্টের ক্ষেত্রে একগুচ্ছ পরিবর্তন এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রয়েছে গ্রেস মার্কস দিয়ে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থাও। সেটাও আবার দু'রকমের হবে। কাউকে কাউকে ৯.১ ধারার আওতায় দেওয়া হবে গ্রেস মার্কস। কেউ-কেউ আবার ৯.২ ধারার আওতায় গ্রেস মার্কস পাবেন। অর্থাৎ এবার পাশের হার অনেকটা বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

আর কাকে কীভাবে গ্রেস মার্কস দিয়ে উচ্চমাধ্যমিকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে, সেটা মার্কশিটে উল্লেখ করা থাকবে। কাউকে যদি ৯.১ ধারার আওতায় গ্রেস মার্কস দেওয়া হয়, তাহলে মার্কশিটে লেখা থাকবে ‘PASS (*Rule 9.1 Applied)’। আর ৯.২ ধারার ক্ষেত্রে ‘PASS (*Rule 9.2 Applied)’ লেখা থাকবে। কীভাবে সেই পুরো বিষয়টা কাজ করবে, কোন ক্ষেত্রে ৯.১ ধারা কার্যকর হবে, কোন ক্ষেত্রে কার্যকর হবে ৯.২ ধারা, তার পুরোটা বুঝে নিন।
গ্রেস মার্কস ছাড়াই পাশ করলে মার্কশিট কেমন হবে?
কোনও প্রার্থী গ্রেস মার্কস ছাড়াই বা সরাসরি পাশ করে গেলে মার্কশিটে শুধুমাত্র ‘Pass’ উল্লেখ করা থাকবে। সেখানে কোনও ‘অ্যাস্টারিক’ দেওয়া থাকবে না।
৯.১ নিয়মের বিষয়টা কী? কীভাবে পাশ করাবে?
যদি কোনও পরীক্ষার্থী কোনও একটি কম্পালসরি সাবজেক্টে (দুটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ও তিনটি ইলেকটিভ সাবজেক্ট) পাশ নম্বর না পান, সেক্ষেত্রে ৯.১ ধারা কার্যকর হতে পারে। যত নম্বরের কারণে ওই প্রার্থী পাশ করতে পারেননি, সেটা যদি পূর্ণমানের পাঁচ শতাংশের থেকে কম হয়, তাহলে তিনি যে কম্পালসরি সাবজেক্টে সবথেকে বেশি নম্বর পেয়েছেন, সেখান থেকে নম্বর কেটে ওই পাশ না করা বিষয়ের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।
ধরা যাক, অঙ্কের পূর্ণমান হল ৪০। সেখানে কোনও প্রার্থী ১১ নম্বর পেয়েছেন। আর সবথেকে বেশি ৩৫ নম্বর পেয়েছেন ইংরেজিতে। অর্থাৎ অঙ্কে পাশ নম্বরের থেকে ১ নম্বর কম পেয়েছেন। কারণ পাশ করতে গেলে ১২ নম্বর পেতে হবে। যত নম্বরের কারণে ওই প্রার্থী অঙ্কে পাশ করতে পারেননি, সেটা পূর্ণমানের পাঁচ শতাংশের থেকে কম হয়েছে (৪০ নম্বরের পাঁচ শতাংশ হল ২)।
সেই পরিস্থিতিতে ইংরেজি থেকে ১ নম্বর কমিয়ে অঙ্কের সঙ্গে যোগ করে দিয়ে ওই প্রার্থীকে পাশ করিয়ে দেওয়া হবে। ফলে মার্কশিটে ওই প্রার্থীর অঙ্কে নম্বর দেখাবে ১২। আর ইংরেজিতে ৩৪ নম্বর দেখাবে। দুটি বিষয়ের পাশেই মার্কশিটে ‘অ্যাস্টারিক’ চিহ্ন দেওয়া থাকবে।
৯.২ নম্বর কার্যকর হবে কীভাবে?
যদি কোনও প্রার্থী একটি কম্পালসরি সাবজেক্টে পাশ নম্বরের থেকে অনেক কম পান, তাহলে অপশনাল সাবজেক্টের (চতুর্থ সাবজেক্ট) সঙ্গে সেটা ওলট-পালট হয়ে যাবে। ধরা যাক, কেউ কম্পালসরি সাবজেক্টের মধ্যে ইতিহাসে ৪ নম্বর পেয়েছেন। অর্থাৎ পাশ নম্বরের থেকে ৮ নম্বর কম। কিন্তু অপশনাল সাবজেক্ট ভূগোলে ১৮ নম্বর পেয়ে গিয়েছেন। সেই পরিস্থিতিতে ৯.২ ধারা প্রয়োগ করে ভূগোলকে কম্পালসরি সাবজেক্ট করে দেওয়া হবে। আর অপশনাল সাবজেক্ট হয়ে যাবে ইতিহাস। সেইসঙ্গে কম্পালসরি সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্টের পাশে ‘অ্যাস্টারিক’ দেওয়া থাকবে।