...
...
Next Story

ISC Topper on Lefist Politics: ‘আমি বামপন্থী’, বললেন ISC-তে প্রথম হওয়া বাংলার মেয়ে, পরে যোগ দিতে চান রাজনীতিতে

ISC Topper on Lefist Politics: আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন অনুষ্কা ঘোষ। যিনি পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্রী ছিলেন। ৪০০ নম্বরের মধ্যে ৪০০ পেয়েছেন। অনুষ্কা জানালেন, বামপন্থী তিনি।

Published on: Apr 30, 2026, 18:45:19 IST
Advertisement

আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন। আর ব্যারাকপুরের সেই অনুষ্কা ঘোষ জানালেন যে তিনি বামপন্থী। এমনকী রাজনীতিতেও যোগ দিতে চান। সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী, অনুষ্কা জানিয়েছেন যে সঠিক সময় সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন। এখন যে বিষয়গুলি ঠিক নেই, সেগুলি শুধরে ফেলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, বামপন্থায় বিশ্বাস করেন। বামপন্থার মতাদর্শের সঙ্গে অনেকটাই সহমত। তাই নিজেকে বামপন্থী হিসেবে চিহ্নিত করেছেন অনুষ্কা। তবে বামপন্থী হলেও বামেরা যে সবকিছু ঠিক করছে বা বামেদের সবকিছু ঠিক, এরকম ধারণা পোষণ করেন না আইএসসি টপার। বরং ঠিক-ভুলের মানদণ্ডে ফেলে সবকিছু যাচাই করে দেখেন।

ঘুরে দাঁড়ানোর নয়া মন্ত্র বামপন্থীদের

আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন অনুষ্কা ঘোষ।
আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন অনুষ্কা ঘোষ।

আর অনুষ্কার সেই কথায় অভিভূত হয়েছেন বাম কর্মী-সমর্থকরা। কারণ বামেদের দশা এখন বেশ শোচনীয়। ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নির্বাচনী পরীক্ষায় ক্রমশ নীচে নামতে শুরু হয়েছে। এখন তো শূন্যে ঠেকেছে। এবারও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শূন্যের গেরো কাটানোর চেষ্টা করছে। সেই আবহে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় দেশে প্রথম হওয়া এক কিশোরী নিজেকে বামপন্থী বলায় ঘুরে দাঁড়ানোর ভরসা পেতে শুরু করেছেন অনেকেই।

আরও পড়ুন: WB Toppers in ISC Exam 2026 Result: ISC পরীক্ষায় দেশে প্রথম বাংলার কমপক্ষে ৩ পড়ুয়া! ২ জনই মেয়ে, ৪০০-তে ৪০০ পেয়েছেন

অনুষ্কার কথায় উচ্ছ্বসিত বামেরা

তেমনই এক বাম সমর্থক বলেছেন, ‘অনুষ্কা ঘোষ!! ব্যারাকপুর থেকে রাজ্যের মধ্যে প্রথম। ২০২৬-র আইএসসি পরীক্ষায় ৪০০-র মধ্যে ৪০০ পেয়েছে। সেজন্য তাকে অফুরন্ত অভিনন্দন জানাই । কিন্তু যে কারণে ওর কথা বলতে আসা, তা হল অনুষ্কা তার মনের কথা জানাল মিডিয়াকে। বড়ো হয়ে রাজনীতিতে আসতে চায়, সবসময় মতের মিল না হলেও বামপন্থী রাজনীতির প্রতি প্রবল আকর্ষণ রয়েছে, সে কথা অকপটে জানাল অনুষ্কা।'

সেইসঙ্গে ওই বাম সমর্থক বলেন, 'এখনকার সময়ে যখন প্রায় সব মেধাবী ছেলেমেয়েরাই রাজনীতির প্রতি বিমুখ তখন অনুষ্কার মতো মেয়ের মুখে এমন উন্মুক্ত ভাবনার কথা শুনে মন ভালো হয়ে গেল। ওরাই আমাদের আলোময় আগামী। অনেক বড়ো হও। তোমার জন্য একবুক রক্তিম অভিনন্দন।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe