Kalyan Banerjee: ফের বড় ধাক্কা! এসএসসি-র গুরুত্বপূর্ণ মামলা থেকে ‘অপসারিত’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

Kalyan Banerjee: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন দুষ্মন্ত নারিয়ালা। পরে রাজ্যের মুখ্যসচিব করা হয় মনোজ আগরওয়ালকে। তারপর দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

Published on: Jul 24, 2026, 23:10:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kalyan Banerjee: সময়টা ভালো যাচ্ছে না সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। একুশে জুলাইয়ের সভামঞ্চে প্রকাশ্যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতণ্ডা, লোকসভা থেকে সাসপেন্ডের রেশ কাটতে না কাটতেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গুরুত্বপূর্ণ মামলা থেকে সরিয়ে দেওয়া হল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

এসএসসি-র গুরুত্বপূর্ণ মামলা থেকে ‘অপসারিত’ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (PTI)
এসএসসি-র গুরুত্বপূর্ণ মামলা থেকে ‘অপসারিত’ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (PTI)

শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। ঠিক তখনই বোঝা যায়, আর ওই মামলায় সওয়ালকারীর ভূমিকায় নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে সরিয়ে এসএসসি-র তরফে সিনিয়র আইনজীবী ইন্দ্রনীল রায়কে নিয়োগ করা হয়েছে। তাঁর সঙ্গে জুনিয়র হিসাবে কাজ করছেন আইনজীবী সুনীত রায়। এবার থেকে নতুন নিযুক্ত আইনজীবীরা এসএসসির সব মামলায় সওয়াল করবেন। সরকার বদলের পরেই এসএসসি-র নতুন চেয়ারম্যান হন আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা। চলতি মাসেই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনিই আইনজীবী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন দুষ্মন্ত নারিয়ালা। পরে রাজ্যের মুখ্যসচিব করা হয় মনোজ আগরওয়ালকে। তারপর দুষ্মন্ত নারিয়ালাকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। অনেক আগে থেকেই এসএসসি-র মামলার সওয়াল করে এসেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার আর তাঁকে দেখা যাবে না এই মামলায় সওয়াল করতে। অবশ্য ভোটের পর থেকে তাঁকে আর এসএসসির কোনও মামলায় আদালতে সওয়াল করতে দেখা যাচ্ছিল না। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে তাঁকে সরিয়ে দেওয়া হয়। শুক্রবার থেকে নতুন আইনজীবী এসএসসি-র মামলায় সওয়াল করছেন। তবে কী কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরানো হল, তা নিয়ে এসএসসি-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বাংলায় শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির বিরুদ্ধে একাধিক মামলা চলছে। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও সেই প্যানেল থেকে অনেকে চাকরি পেয়েছেন। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সেই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানে এসএসসি-র হয়ে সওয়াল করেন আইনজীবী ইন্দ্রনীল রায় এবং সুনীত রায়। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই জল্পনা চলছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আর রাখবে না কমিশন। অবশেষে সেই দিন এসেই গেল।