Kolkata Metro Latest Update: সবথেকে কঠিন ‘হার্ডল’ পার! মমতা সরকার সরতেই ছুটল কলকাতা মেট্রো, কাজ শেষ সময়ের আগে

Kolkata Metro Latest Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরতেই কলকাতা মেট্রো ছুটল! সবথেকে কঠিন ‘হার্ডল’ পার করে ফেলল কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। সময়ের আগেই কাজ শেষ হয়ে গেল চিংড়িঘাটা ক্রসিংয়ে। কবে এগিয়ে যাবে মেট্রো? 

Published on: May 25, 2026, 09:41:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kolkata Metro Latest Update: চিংড়িঘাটা ক্রসিংয়ের মাথার উপরে সবথেকে কঠিন ‘হার্ডল’ পার করে ফেলল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ভায়াডাক্টের যে ৬২ মিটার শূন্যস্থান ছিল, সেটা পূরণ করে ফেলা হয়েছে। দ্বিতীয় দফায় গত শুক্রবার থেকে যে ট্র্যাফিক ব্লক ছিল, সেটার সদ্ব্যবহার করে ৩১৮ নম্বর এবং ৩১৯ নম্বর স্তম্ভের মধ্যে কনক্রিটের চাঁই বসিয়ে ফেলতে সক্ষম হয়েছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া থেকে কলকাতা এয়ারপোর্ট) দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। ইএম ইপাসের অন্যতম ব্যস্ত এই মোড়ে ভায়াডাক্টের দুটি পিলারের মাঝখানের শূন্যস্থান ভরাট করা মেট্রো কর্তৃপক্ষের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে অরেঞ্জ লাইনের কাজ এক বিশাল মাইলফলক স্পর্শ করল।

চিংড়িঘাটায় মেট্রোর কাজ। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @aanandsg)
চিংড়িঘাটায় মেট্রোর কাজ। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @aanandsg)

অনেকদিন আগেই সেই স্বপ্নপূরণ হতে পারত

যদিও অনেকদিন আগেই সেই মাইলফলক স্পর্শ করার কথা ছিল মেট্রো কর্তৃপক্ষ। এখনও সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যে অরেঞ্জ লাইনের মেট্রো চালানো যাচ্ছে না, সেটার নেপথ্যে আছে চিংড়িঘাটার ৩৬৬ মিটারের ‘মিসিং লিঙ্ক’। বিভিন্ন কারণ দর্শিয়ে মাসের পর মাস ধরে ওই অংশে কাজের অনুমতি প্রদানের বিষয়টি ঝুলিয়ে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তা নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত ভর্ৎসিত হয়। তবে বিজেপি ক্ষমতা আসতেই পরপর দু'সপ্তাহে ট্র্যাফিক ব্লকের অনুমতি দেওয়া হয়। প্রথম দফায় নির্দিষ্ট সময়সীমার আগেই শেষ হয় কাজ। দ্বিতীয় দফায় তাই হল।

আরও পড়ুন: Rain Forecast in Kolkata till 31st May: রাতে ৩০ ডিগ্রিতে ঘামল কলকাতা! বিকেলের দিকে বৃষ্টি হতে পারে, দক্ষিণের ৭ জেলায় ঝড়

সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো কবে?

সেই পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যেই সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছে যেতে পারে অরেঞ্জ লাইনের মেট্রো। অর্থাৎ ২০২৬ সালের মধ্যেই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো ছুটবে বলে আশাপ্রকাশ করা হচ্ছে। আপাতত অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর) মেট্রো পরিষেবা চালু আছে নিউ গড়িয়া থেকে মেট্রোপলিটনের বেলেঘাটা স্টেশন পর্যন্ত।

আরও পড়ুন: Petrol and Diesel Prices in Kolkata: ১১ দিনে ৪ বার! দাম বাড়ল তেলের, কলকাতায় ১০০ টাকার কাছে ডিজেল, পেট্রোলের রেট কত?

সুখবর আসছে…আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ

মেট্রো সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক চললে ডিসেম্বরের মধ্যেই সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। সেক্ষেত্রে লাখ-লাখ মানুষের মারাত্মক সুবিধা হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More