...
...
Next Story

Kolkata Station to Salt Lake Metro: কলকাতা স্টেশন থেকে নয়া মেট্রো লাইনের পরিকল্পনা, শুরু প্রাথমিক কাজ, কতদূর যাবে?

Kolkata Station to Salt Lake Metro: কলকাতা স্টেশন থেকে নয়া মেট্রো লাইনের পরিকল্পনা শুরু হয়েছে। সেইমতো শুরু হয়ে গিয়েছে প্রাথমিক কাজ। তবে কাজ একদম প্রাথমিক পর্যায়ে আছে। কতদূর যাওয়ার কথা আছে প্রস্তাবিত মেট্রো লাইনের?

Published on: Jun 4, 2026, 22:57:22 IST
Advertisement

Kolkata Station to Salt Lake Metro: কলকাতা স্টেশন থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত মেট্রো চালু হবে? মেট্রো কর্তৃপক্ষ সেই বিষয়ে ভাবনাচিন্তা করে দেখছে বলে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, পূর্ব রেলওয়ের কলকাতা (চিৎপুর) স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত ৮.৮ কিলোমিটার দীর্ঘ করিডরের জন্য প্রাথমিক সমীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে। তবে ওই করিডরের পুরোটাই মাটির তলা দিয়ে যাবে নাকি কিছুটা মাটির উপর দিয়ে যাবে এবং বাকিটা মাটির নীচ দিয়ে চলবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

চিৎপুর থেকে করুণাময়ী মেট্রোর পরিকল্পনা

কলকাতা স্টেশন থেকে নয়া মেট্রো লাইনের পরিকল্পনা শুরু হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
কলকাতা স্টেশন থেকে নয়া মেট্রো লাইনের পরিকল্পনা শুরু হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

ওই প্রতিবেদন অনুযায়ী, এক মেট্রো আধিকারিক জানিয়েছেন যে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে ইতিমধ্যে করুণাময়ী স্টেশন আছে। সেটাকে কলকাতা রেলওয়ে স্টেশন (চিৎপুর) পর্যন্ত সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে আছে পুরো বিষয়টা। এখন সমীক্ষা করা হবে। সেজন্য অর্থ বরাদ্দ হয়েছে। তারপর ডিটেলড প্রজেক্ট রিপোর্টের (ডিপিআর) ব্যাপার থাকবে। সেই প্রক্রিয়ার রেলওয়ে বোর্ড এবং রেল মন্ত্রকের অনুমোদন পেলে কলকাতা স্টেশন-করুণাময়ী মেট্রো প্রকল্পের কাজ শুরু হবে।

আরও পড়ুন: Bengal Maritime Investment and Jobs: বাংলায় ১৯,২০৯ কোটির বিনিয়োগ! হবে সমুদ্র-বাণিজ্য ও জাহাজ শিল্পের হাব, ৬২৫০০ চাকরি

প্রায় ২ দশক পরে নতুন কোনও লাইন পাবে কলকাতা মেট্রো

যদি সেই প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে প্রায় দু'দশক পরে নতুন কোনও মেট্রো লাইনের কাজ শুরু হবে কলকাতায়। প্রায় দেড়-দু'দশক ধরে কলকাতা মেট্রোর কাজ মানেই ছিল জমিজট এবং টালবাহানা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বারবার অসহযোগিতার অভিযোগ উঠত। এমনকী ৩৬৬ মিটার অংশের কাজও প্রায় ১৪ মাস ঝুলে ছিল মমতা সরকারের টালবাহানার জন্য। সেই পরিস্থিতি কাটিয়ে উঠে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকারের হাতে হাত মিলিয়ে মেট্রোর কাজ এগিয়ে যেতে মরিয়া রেল মন্ত্রক।

আর পুরো বিষয়টি সামনে এসেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বঙ্গ সফরের আগে। রাজ্যের একাধিক রেল প্রকল্প নিয়ে আগামী শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা আছে তাঁর। যিনি মমতা সরকারের আমলে বারবার দাবি করেছেন যে রাজ্যের অসহযোগিতার কারণে একগুচ্ছ রেল প্রকল্পের কাজ থমকে আছে। ইতিমধ্যে ক্ষমতায় এসে রেলকে একাধিক প্রকল্পের জমিও দিয়েছে শুভেন্দু সরকার।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe