Mamata Personal Security Row: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা তুলে নেওয়া হয়নি বা কমিয়ে দেওয়া হয়নি। এতদিন যাঁরা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) ছিলেন, নিয়ম মেনে তাঁদের পরিবর্তে অন্য অফিসারদের দায়িত্বে আনা হয়েছে বলে সূত্রের খবর। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, রেলমন্ত্রী থাকার সময় মমতাকে পাঁচজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল। ওই অফিসাররা আদতে আরপিএফের সদস্য ছিলেন। ২০১১ সালে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাঁদের রাজ্য পুলিশে নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁদের নিজেদের ইউনিটে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে কলকাতা পুলিশের তরফে তিন নয়া অফিসারকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
ডেরেকের দাবি ও হইচই কালীঘাটে
আর সেই পুরো বিষয়টির সূত্রপাত হয় বুধবার সন্ধ্যা-রাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, দু'দশক ধরে যাঁরা মমতার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের আচমকা সরিয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কিছু জানানো হয়নি। পরিবর্তে অপরিচিত তিন অফিসারকে মমতার নিরাপত্তার দায়িত্বে আনা হয়েছে বলে দাবি করেছেন ডেরেক।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ দাবি করেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাসভবনের সামনে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। সেই রেশ ধরে রাতে সেখানে জড়ো হন তৃণমূলের কয়েকজন কর্মী-নেতা। তাঁরা দাবি করেন, বিনা নোটিশে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হল, সেটা মোটেও কাম্য নয়। যদি দরকার হয়, তাহলে তাঁরাই দিন-রাত মমতার বাড়ির সামনে পাহারা দেবেন বলেও দাবি করেন তৃণমূলের নেতা-কর্মীরা।
শুভেন্দুকে বিশেষ অনুরোধ কুণালের
{{/usCountry}}শুভেন্দুকে বিশেষ অনুরোধ কুণালের
{{/usCountry}}একইসুরে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে যা ঘটল, তা দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত। বাড়ি কার্যত নিরাপত্তাহীন। দীর্ঘদিনের নিরাপত্তাকর্মীদের সরানো হয়েছে নেত্রীর মতো উচ্চতার ভিআইপিকে না জানিয়ে। পুলিশ প্রশাসনের যে পর্যায়েই এই সিদ্ধান্ত হোক, প্রতিবাদ করে পুনর্বিবেচনার দাবি রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ, নেত্রীর দীর্ঘদিনের দুই পিএসও স্বরূপ গোস্বামী, কুসুম দ্বিবেদী ফিরিয়ে আনার পাশাপাশি পুরোনো সিস্টেম আবার কার্যকর করুক সরকার। আপনি বিষয়টা দেখুন।’
নিয়ম মেনেই পদক্ষেপ, দাবি সূত্রের
পুরো বিষয়টি নিয়ে নবান্নের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা না হলেও সূত্রের খবর, যা করা হয়েছে, নিয়ম মেনেই হয়েছে। মমতাকে যেরকম জেড-প্লাস সিকিউরিটি দেওয়া হয়, এখনও সেটাই বহাল থাকছে। শুধু দু'দশকের পুরনো নিরাপত্তারক্ষীদের রেখে দেওয়ার যে ‘আবদার’ করেছেন মমতারা, সেটা রাখা হয়নি বলে সূত্রের খবর।