CS Manoj Agarwal: রাজ্যের আবেদনে সায় কেন্দ্রের! মুখ্যসচিব পদে ৬ মাস মেয়াদ বাড়ল মনোজ আগরওয়ালের
CS Manoj Agarwal: গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ এবং বেশ কিছু রাজ্যের মূল প্রকল্পের গতি বজায় রাখতে শীর্ষ পদে অভিজ্ঞতা ও ধারাবাহিকতা ধরে রাখাই ছিল নবান্নের লক্ষ্য। কেন্দ্রের এই অনুমোদনের ফলে আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্য প্রশাসনের রাশ থাকছে মনোজ আগরওয়ালের হাতেই।
CS Manoj Agarwal: রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদে বহাল থাকছেন মনোজ আগরওয়ালই। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাবে সায় দিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মীবর্গ, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের অধীন কর্মী ও প্রশিক্ষণ মন্ত্রকের (ডিওপিটি) তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যসচিব পদে ৬ মাস মেয়াদ বাড়ল মনোজ আগরওয়ালের (Photo by Samir Jana/ Hindustan Times)
নতুন মেয়াদকালের সময়সীমা
১৯৯০ সালের ব্যাচের আইএএস অফিসার মনোজ আগরওয়াল। তাঁর মেয়াদবৃদ্ধির বিষয়ে রাজ্যে প্রশাসনের তরফে আবেদন জানানো হয়েছিল কেন্দ্রে। রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগের মাধ্যমে পাঠানো সেই প্রস্তাবে সায় দিয়ে গত ১৫ জুলাই কেন্দ্র জানায়, 'অল ইন্ডিয়া সার্ভিসেস (ডিসিআরবি) রুলস, ১৯৫৮'-এর ১৬(১) নম্বর ধারা মেনে এই মেয়াদবৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত, মোট ছ'মাসের জন্য মুখ্যসচিব পদে বহাল থাকবেন মনোজ আগরওয়াল। ২৩ জুলাই, অর্থাৎ বৃহস্পতিবারই নয়াদিল্লির কর্তব্য ভবন থেকে কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি পাঠানো হয় নবান্নে। গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ এবং বেশ কিছু রাজ্যের মূল প্রকল্পের গতি বজায় রাখতে শীর্ষ পদে অভিজ্ঞতা ও ধারাবাহিকতা ধরে রাখাই ছিল নবান্নের লক্ষ্য। কেন্দ্রের এই অনুমোদনের ফলে আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্য প্রশাসনের রাশ থাকছে মনোজ আগরওয়ালের হাতেই।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময়ে পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দায়িত্ব সামলেছিলেন মনোজ আগরওয়াল। রাজ্যের সিইও পদে দায়িত্ব সামলানোর আগে আরও অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। কয়েকটি দফতরের সচিবও ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই রাজ্যে বিধানসভা নির্বাচন পরিচালনা হয়। বাংলায় মোটের উপর শান্তিপূর্ণ ভোটের পর মনোজ আগরওয়ালের কাজের প্রশংসা করেছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যে পালাবদলের পর তাঁকে মুখ্যসচিব পদে নিয়োগ করা হয়। আপাতত আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিনি ওই পদে থাকছেন।
Home/Bengal/CS Manoj Agarwal: রাজ্যের আবেদনে সায় কেন্দ্রের! মুখ্যসচিব পদে ৬ মাস মেয়াদ বাড়ল মনোজ আগরওয়ালের