Morning School: রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল? ভুয়ো বিজ্ঞপ্তি ঘিরে ছড়ালো বিভ্রান্তি, সতর্কবার্তা শিক্ষা মহলের
School Education Department: এই বিষয়টি নিয়ে শোরগোল পড়লে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বিস্তারিত খোঁজখবর নেন। তিনি স্পষ্ট জানান, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল করার যে বিজ্ঞপ্তিটি ঘুরছে তা পুরোপুরি ভুয়ো।
School Education Department: রাজ্যের স্কুলগুলোতে মর্নিং স্কুল ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে-সোশ্যাল মিডিয়ায় এমনই একটি বিজ্ঞপ্তি ঘিরে গত কয়েকদিন ধরে তীব্র বিভ্রান্তি ছড়িয়েছে। প্রচণ্ড দাবদাহের কারণে গত ৩০ জুন পর্যন্ত মর্নিং স্কুলের নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দফতর। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই এই নতুন বিজ্ঞপ্তি ভাইরাল হওয়ায় অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে চরম অস্থিরতা তৈরি হয়। তবে অবশেষে সব বিভ্রান্তি কাটিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানালেন, ওই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো।
রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল? ভুয়ো বিজ্ঞপ্তি ঘিরে ছড়ালো বিভ্রান্তি (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ঘটনার সূত্রপাত জুন মাসের শুরুতে। কারণ, জুন মাসের শুরুতে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি বা গরমের ছুটি শেষ হয়ে যায়। কিন্তু গরমের ছুটি শেষ হওয়ার পরও রাজ্যের আবহাওয়া অস্বস্তিকর থাকায় পাহাড় ছাড়া রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে ৩০ জুন পর্যন্ত মর্নিং স্কুল চালুর নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দফতর। আগামীকাল সেই সময়সীমা শেষ হওয়ার কথা। তার আগেই স্কুল শিক্ষা দফতরের নামে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের মর্নিং স্কুল ১৫ জুলাই পর্যন্ত চালানো হবে। শিক্ষক, স্কুল পড়ুয়া-সহ সকলকে এই বিষয়ে আগে থেকে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো বলে জানা গিয়েছে।
বিষয়টি নিয়ে শোরগোল পড়লে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বিস্তারিত খোঁজখবর নেন। তিনি স্পষ্ট জানান, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল করার যে বিজ্ঞপ্তিটি ঘুরছে তা পুরোপুরি ভুয়ো। শিক্ষামহলের একাংশ জানিয়েছেন, দফতরের নাম ব্যবহার করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ুয়া ও অভিভাবকদের বিভ্রান্ত করা অত্যন্ত নিন্দনীয়। কিংকর অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার বিভ্রান্তি ছড়িয়ে পড়া অত্যন্ত আশঙ্কার। এদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ভবিষ্যতে এ ধরনের প্রবণতা আরও বাড়বে।'
স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নতুন নির্দেশিকা দেওয়া হয়নি। তাই অভিভাবকদের কোনও গুজবে কান না দিয়ে স্কুল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছে ওয়াকিবহাল মহল। আপাতত ৩০ জুনের নিয়ম মেনেই স্কুলের পঠনপাঠন প্রক্রিয়া চলছে বলে খবর।
Home/Bengal/Morning School: রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল? ভুয়ো বিজ্ঞপ্তি ঘিরে ছড়ালো বিভ্রান্তি, সতর্কবার্তা শিক্ষা মহলের