Panihati Election Results 2026 Live: পানিহাটিতে লিড বাড়ল অভয়ার মায়ের, তিনে নেমে গেলেন কলতান, দুই নম্বরে তৃণমূল
Panihati Assembly Election Result 2026 LIVE: পানিহাটি বিধানসভা কেন্দ্রে কে জিতছেন? বিজেপি প্রার্থী তথা আরজি করের নির্যাতিতার মা নাকি সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত নাকি তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষ? ভোটগণনার লাইভ আপডেট দেখুন।
Panihati Assembly Election Result 2026 LIVE: সমস্যা কম নেই। কিন্তু সবকিছু ছাপিয়ে এবার উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এক মেধাবী ডাক্তার। ২০২৪ সালের ৮-৯ অগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই ভয়াবহ ঘটনার প্রায় দু'বছর পানিহাটি থেকে বিজেপির টিকিটে বিধানসভা ভোটে লড়েছেন নির্যাতিতা তরুণী মা। আবার সিপিআইএমের টিকিটে লড়াই করেছেন আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী 'মুখ' কলতান দাশগুপ্ত। তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ান তীর্থঙ্কর ঘোষ। যিনি বিদায়ি বিধায়ক নির্মল ঘোষের ছেলে। নির্মলের বিরুদ্ধেই নির্যাতিতার বাবা-মা অভিযোগ করেন যে বিধায়কই তড়িঘড়ি তাঁর মেয়ের দেহ দাহ করে দিয়েছিলেন। ফলে পানিহাটির ত্রিমুখী লড়াইটা আবর্তিত হচ্ছে আরজি কর ধর্ষণের ঘটনাকে ঘিরে।

পানিহাটির ভোটগণনার লাইভ আপডেট
– বিকেল ৫ টা ২০ মিনিট: অষ্টম রাউন্ডের গণনার শেষে এগিয়ে আছেন আরজি করের নির্যাতিতার মা। তাঁর লিডের ব্যবধান ছিল ২০,৪৬৩ ভোট। দু'নম্বরে আছেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। তিন নম্বরে আছেন সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত।
-- দুপুর ১ টা: পানিহাটিতে মোট ১৩টি রাউন্ড আছে। আপাতত দুটি রাউন্ডে গণনা হয়েছে। তাতে ৫,০৬৭ ভোটে এগিয়ে আছে অভয়ার মা। দুইয়ে আছেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। অনেকটা পিছনে তিনে আছেন সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত।
– সকাল ১০ টা ১৩ মিনিট: পানিহাটিতে ২,০০০-র মতো ভোটে এগিয়ে আছেন আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা।-
-- ভোটগণনার আগের রাতে বিজেপি প্রার্থী তথা আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা বলেছেন, 'আমার মেয়ের বিচার যতক্ষণ না পাব, (ততক্ষণ) এ লড়াই চলছে, এ লড়াই চলবে। শুধু তোমরা আমায় ভুল বুঝো না। তোমরা প্রথম দিন থেকে যেরকম আমার সঙ্গে ছিলে, সেরকম শেষদিন পর্যন্ত সঙ্গে থেকো।'
— এমনিতে পানিহাটি বিধানসভা নির্বাচনের প্রচার-পর্বে আরজি করের নির্যাতিতার মায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ থেকে বিরত থেকেছেন বামপ্রার্থী কলতান এবং তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর। এমনকী মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের দলকে সতর্ক করে দেন যে নির্যাতিতার মায়ের বিরুদ্ধে যেন কোনও অশালীন বা কটূ-কথা বলা না হয়।
একুশে পানিহাটিতে কত ভোটে জিতেছিল তৃণমূল?
২০২১ সালে পানিহাটি থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নির্মল ঘোষ। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮৬,৪৯৫। তাঁর প্রাপ্ত ভোটের হার ৫০ শতাংশ ছুঁইছুঁই ছিল (৪৯.৬১ শতাংশ)। সেখানে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন ৬১,৩১৮টি ভোট। শতাংশের বিচারে সেটা ছিল ৩৫.১৭। অর্থাৎ ২৫,১৭৭ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


