CM Suvendu Adhikari: মাথায় ছিলেন ফিরহাদ! তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে প্রশাসক নিয়োগ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথম তারকেশ্বরে যান শুভেন্দু অধিকারী। তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে দলীয় বিধায়ক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
CM Suvendu Adhikari: তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করছে রাজ্য সরকার। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক শেষে তারকেশ্বরে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানান, আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষেও আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হবে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথম তারকেশ্বরে যান শুভেন্দু অধিকারী। তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে দলীয় বিধায়ক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে তিনি জানিয়েছেন, তারকেশ্বর একটি ঐতিহাসিক জায়গা। এই তীর্থস্থান নিয়ে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী বলেন, 'তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা বন্ধ করা হয়েছে অর্থাৎ ডিফান্ড করা হয়েছে। আজকেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও প্রধান সচিবকে নির্দেশ দেব। এডিএম জেলা পরিষদ অনুজ প্রতাপ সিং-কে আমরা প্রশাসক করছি। শ্রাবণীমেলা উপলক্ষে বাবা তারকনাথের পবিত্র ভূমি এই তারকেশ্বরে আগত পুণ্যার্থীদের জন্য বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে আমরা কিছু কাজ করব।'
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, '১৯৪৭-এর ২০ জুন মাঙ্গের ভারতভুক্তির রেজুলিউশন হয়েছিল তারকেশ্বরে। তারকেশ্বর ঐতিহাসিক জায়গা। সামনে ২০ জুন তাই আমাদের কিছু পরিকল্পনা আছে।' এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারী তারকেশ্বরে এসেছেন। রামমন্দির প্রতিষ্ঠার আগে রামের মূর্তি মাথায় নিয়ে গোটা তারকেশ্বর শহর পরিক্রমা করেছিলেন। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে সেই স্মৃতিচারণও করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সামনে শ্রাবণী মেলা আসছে। শ্রাবণ মাসে তারকেশ্বরে লক্ষ লক্ষ মানুষ আসেন বাবার মাথায় জল ঢালতে। তাঁদের কথা মাথায় রেখেই বড়োসড়ো পদক্ষেপ করা হবে। পবিত্র দুধপুকুরকে ঘিরে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে। বদল হবে রংয়ের। এই সব কাজ এখনই শুরু করতে হবে। একারণে তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভাঙার পর এডিএম (জেলা পরিষদ) অনুজপ্রতাপ সিংকে প্রশাসক করা হয়েছে।
পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার তারকেশ্বর উন্নয়ন পরিষদ (টিডিএ) গঠন করেছিল ২০১৭ সালের ১ জুন। তখন চেয়ারম্যান করা হয়েছিল ফিরহাদ হাকিমকে। যা নিয়ে সেই সময় বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল তৎকালীন রাজ্য সরকারকে। পরবর্তীকালে তারকেশ্বর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে ফিরহাদকে সরাতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তারকেশ্বরে পৌঁছনোর পর উত্তরীয় পরিয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানান তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। এরপর পুজো দিয়ে তিনি স্থানীয় অতিথিশালায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসেন। সেখানে তাঁকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানায় পুলিশ। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রতিমন্ত্রী তথা হুগলির দুই বিধায়ক ভাস্কর ভট্টাচার্য এবং সুমনা সরকার। হুগলির বাকি ১৪ জন বিজেপি বিধায়কও এদিন প্রশাসনিক বৈঠকে যোগ দেন। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি, কমিশনারেটের কমিশনার সুনীল কুমার যাদব, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ-সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
E-Paper

