Mamata Banerjee: নতুন মুখ্যমন্ত্রী পেয়ে গেল পশ্চিমবঙ্গ, তারপরই সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদল মমতার

Mamata Banerjee: বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে ইতিমধ্যে শপথগ্রহণ করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে (দুপুর সাড়ে ১২টা) তাঁর পরিচয় হিসেবে লেখা ছিল - পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী। এরপর তিনি এই কিছুক্ষণ আগে পরিচয় বদল করেন। 

Updated on: May 09, 2026 12:37 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Mamata Banerjee: বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে ইতিমধ্যে শপথগ্রহণ করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। তবে এখনও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের 'মুখ্যমন্ত্রী' পরিচয় বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে এর আগেই অস্বীকার করেছিলেন তিনি। অবশ্য তাঁর সরকারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। গত ৭ মে সপ্তদশ বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। এতকিছুর পরেও তিনি নিজেকে 'প্রাক্তন' বলতে নারাজ। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে (দুপুর সাড়ে ১২টা) তাঁর পরিচয় হিসেবে লেখা ছিল - পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী। এরপর তিনি এই কিছুক্ষণ আগে পরিচয় বদল করেন। এখন সেখানে লেখা - 'মুখ্যমন্ত্রী (পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ বিধানসভা)'। উল্লেখ্য, এই ভোটের পর অষ্টাদশ বিধানসভা গঠিত হয়েছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে, বিজেপির ভোট লুট এবং নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদস্বরূপ পদ থেকে ইস্তফা দেননি মমতা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের ভোটারদের মমতা বিশ্বাস করাতে চাইছেন, তাঁর সঙ্গে সত্যিই অবিচার হয়েছে।

এখনও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের 'মুখ্যমন্ত্রী' পরিচয় সরালেন না মমতা বন্দ্যোপাধ্যায়। (ANI Video Grab)
এখনও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের 'মুখ্যমন্ত্রী' পরিচয় সরালেন না মমতা বন্দ্যোপাধ্যায়। (ANI Video Grab)
সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদল মমতার
সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদল মমতার

এদিকে শুভেন্দুর শপথগ্রহণের দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তাজুড়ে শুধুই শূন্যতা। তবে তৃণমূল নেত্রীর বাড়ির বাইরে উপস্থিত হন কিছু তৃণমূল কর্মী। আবার ব্রিগেডগামী বিজেপি সমর্থকদের মিছিল থেকে 'জয় শ্রী রাম' স্লোগান ওঠে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। উল্লেখ্য, এর আগে সংবিধানের ১৭২ (২) (বি) ধারা প্রয়োগ করে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল আরএন রবি। এমনিতে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৭ মে। সেদিনই বিধানসভা ভেঙে দেন তিনি। বিজেপির নয়া সরকার শপথগ্রহণ করে, আজ ২৫ বৈশাখ (৯ মে)। ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

প্রসঙ্গত, শুধু যে দল হেরেছে, এমনটা নয়, তিনি নিজেও নিজের আসনে হেরেছেন। তা সত্ত্বেও ভোটের ফল প্রকাশের পরে কালীঘাটে সংবাদ সম্মেলন করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা স্পষ্টভাবে জানিয়ে দেন যে লোকভবনে গিয়ে ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, রাজ্যের রাষ্ট্রপতি শাসন কার্যকর হলে সেটাই হোক। রেকর্ড হয়ে থাকুক সেটা। বরখাস্ত করে দিক। আর সেই দিনটি ইতিহাসে একটি 'কালো দিন' হিসেবে নথিভুক্ত হয়ে থাকুক। তবে এতকিছু না করে রাজ্যপাল বিধানসভা ভেঙে দেন। এর ফলে না চাইতেও প্রাক্তন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য নবম মুখ্যমন্ত্রীও পেয়ে গিয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More