TMC MLA House Attacked: তৃণমূলের জয়ী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে, ভাঙল গাড়ি

তৃণমূল নেত্রীর অভিযোগ, ৫ মে বিকেলে বিজেপি কর্মী-সমর্থক ডিজে বাজিয়ে তাঁর বাড়ির সামনে হাজির হন। কিছুক্ষণ সেখানে 'জয় শ্রী রাম' ধ্বনি তোলে। তারপর সেই ভিড় থেকে কয়েকজন বিধায়কের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে।

Published on: May 06, 2026 8:35 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বিজয়ী তৃণমূল প্রার্থী বীণা মণ্ডলের বাড়ি ইট মারার অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। উল্লেখ্য, বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে ১৬,০১৭ ভোটে জয়ী হন বীণা মণ্ডল। তাঁর অভিযোগ, ৫ মে বিকেলে বিজেপি কর্মী-সমর্থক ডিজে বাজিয়ে তাঁর বাড়ির সামনে হাজির হন। কিছুক্ষণ সেখানে 'জয় শ্রী রাম' ধ্বনি তোলে। তারপর সেই ভিড় থেকে কয়েকজন বিধায়কের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে।

তৃণমূল নেত্রীর অভিযোগ, ৫ মে বিকেলে বিজেপি কর্মী-সমর্থক ডিজে বাজিয়ে তাঁর বাড়ির সামনে হাজির হন।
তৃণমূল নেত্রীর অভিযোগ, ৫ মে বিকেলে বিজেপি কর্মী-সমর্থক ডিজে বাজিয়ে তাঁর বাড়ির সামনে হাজির হন।

এরপর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও যান সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। রাজনৈতিক হিংসা প্রসঙ্গে বসিরহাটের পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল জানান, মহকুমার বিভিন্ন প্রান্তে কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। ক্রমাগত টহলদারি চালানো হচ্ছে সেই এলাকায়। বিধায়কের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

এই হামলার পরিপ্রেক্ষিতে বীণা বলেন, 'আমি মানুষের রায়ে জিতেছি, অথচ আমার বাড়িতে এসে গাড়ি ও সম্পত্তিতে ভাঙচুর চালানো হল। এটা কেমন গণতন্ত্র?' তাঁকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় রাজ্যে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষেরই বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে এই পর্যন্ত। হাওড়া, বেলেঘাটা, নানুর থেকে নিউটাউনে ঝরেছে রক্ত। এরই সঙ্গে বহু জায়গায় তৃণমূলের পার্টি অফিসে হামলা হয়েছে। আবার অনেক জায়গায় বিজেপির জয়ী প্রার্থীরা গিয়ে তৃণমূল কর্মীদের অভয় প্রদান করে এসেছেন। বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়েছেন, কোনও হিংসায় বিজেপি কর্মীরা জড়িত থাকলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। সঙ্গে তিনি এও আশঙ্কা প্রকাশ করেছেন, তৃণমূলের একটি অংশ এখন অপর পক্ষকে বিজেপি পতাকা হাতে মারছে। এই আবহে সদ্য তৃণমূল থেকে স্বঘোষিত বিজেপি হওয়া ব্যক্তিদের বিষয়ে সাবধান করেছেন তিনি। এছাড়া দলের রং না দেখে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন তিনি। তা সত্ত্বেও জায়গায় জায়গায় দেখা গিয়েছে হিংসার এই দৃশ্য।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More