TMC Parliamentary Party Split Update: ৮ জুন দিল্লিতে তৃণমূলে বড় ভাঙনের জল্পনা, ইন্ডিয়ার বৈঠকের দিনই নয়া ব্লক সাংসদদের?

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কয়েক দফা রাজনৈতিক আলোচনা ও বৈঠকের পর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তুতি চলছে তৃণমূলের 'বিদ্রোহী গোষ্ঠীতে'। জানা গিয়েছে, তৃণমূলের এক সাংসদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Published on: Jun 5, 2026, 10:35:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূল কংগ্রেসে সম্ভাব্য ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। আগামী ৮ জুন দিল্লিতে যখন বিরোধী জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা, তখনই লোকসভায় তৃণমূলের একাংশের অবস্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ঘটনাচক্রে ওই দিনই সরকারি কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে থাকবেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে রাজধানীতে উপস্থিত থাকার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূল কংগ্রেসে সম্ভাব্য ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। (PTI)
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূল কংগ্রেসে সম্ভাব্য ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। (PTI)

এদিকে সংবাদ প্রতিদিনের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কয়েক দফা রাজনৈতিক আলোচনা ও বৈঠকের পর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তুতি চলছে তৃণমূলের 'বিদ্রোহী গোষ্ঠীতে'। জানা গিয়েছে, তৃণমূলের এক সাংসদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও কয়েকজন সাংসদের সঙ্গে আলোচনাও হতে পারে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে লোকসভার স্পিকারের কাছে সাংসদদের স্বাক্ষরিত একটি চিঠি জমা দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।

এই আবহে লোকসভায় নতুন দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম নিয়েও আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি এই জল্পনাকে গুরুত্ব দিতে চাননি। তাঁর বক্তব্য, দলের ভিতরে অসন্তোষ থাকতেই পারে এবং তিনি নিজেও কিছু বিষয়ে মতভেদ প্রকাশ করেছেন। তবে তাঁকে ঘিরে যে সমস্ত দাবি করা হচ্ছে, সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই।

রাজ্যসভাতেও রাজনৈতিক সমীকরণ বদলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সেই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তাঁর মতে, বর্তমানে তিনি শারীরিকভাবে দলে থাকলেও মানসিকভাবে নিজেকে দলের সঙ্গে একাত্ম মনে করছেন না। সামনে তিনটি পথ খোলা রয়েছে—বর্তমান অবস্থায় থাকা, দল ছাড়া অথবা রাজনীতি থেকে অবসর নেওয়া। সময়মতো তিনি উপযুক্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন।

এদিকে দলের অবস্থান স্পষ্ট করে রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় বলেছেন, দলের বিরুদ্ধে মত প্রকাশের অধিকার সকলের রয়েছে, তবে সেই অবস্থান নিলে নির্বাচিত পদ থেকেও সরে দাঁড়ানো উচিত। অন্যদিকে, লোকসভার সাংসদ মহুয়া মৈত্র প্রকাশ্যে দলনেত্রীর প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, দলের নেতৃত্বের উপর মানুষের আস্থা অটুট রয়েছে। ফলে ৮ জুনের দিল্লি শুধু ইন্ডিয়া জোটের বৈঠকের জন্য নয়, তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক ভবিষ্যৎ এবং সাংসদদের পরবর্তী অবস্থান নিয়েও বিশেষভাবে নজর কেড়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More