TMC Split Speculation: তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন? নেতৃত্ব বদলের জল্পনার মাঝেই কাকলির বিস্ফোরক বার্তা

লোকসভায় দলের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই সমাজমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা পোস্ট করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি। তাঁর পোস্টে নীতি, আদর্শ এবং শাসনব্যবস্থার প্রসঙ্গ উঠে আসায় রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে।

Published on: Jun 5, 2026, 12:00:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ঘিরে রাজনৈতিক জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। লোকসভায় দলের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই সমাজমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা পোস্ট করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি। তাঁর পোস্টে নীতি, আদর্শ এবং শাসনব্যবস্থার প্রসঙ্গ উঠে আসায় রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ঘিরে রাজনৈতিক জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। (Sansad TV )
তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ঘিরে রাজনৈতিক জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। (Sansad TV )

দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কাকলি ঘোষ দস্তিদার। চার দশকেরও বেশি সময় ধরে তিনি তৃণমূল নেত্রীর রাজনৈতিক পথচলার সঙ্গী। নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত লোকসভায় দলের মুখ্য সচেতকের দায়িত্বও সামলাচ্ছিলেন তিনি। তবে প্রায় মাসখানেক আগে সেই দায়িত্ব পরিবর্তন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়। এরপর থেকেই দলের অভ্যন্তরে মতপার্থক্যের ইঙ্গিত প্রকাশ্যে আসতে শুরু করে।

পরবর্তীতে কাকলি প্রকাশ্যে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, দলের বর্তমান পরিস্থিতির জন্য ওই সংস্থার ভূমিকা রয়েছে। এরপর তিনি দলের বিভিন্ন সাংগঠনিক পদ থেকেও সরে দাঁড়ান। একই সময়ে তাঁর নিরাপত্তা বৃদ্ধি করা হয়, যা নিয়েও রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।

এদিকে সূত্রের দাবি, আগামী কয়েক দিনের মধ্যে তৃণমূলের একাধিক সাংসদের গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, সেই বৈঠকের পর লোকসভার স্পিকারের কাছে একটি চিঠি জমা দেওয়া হতে পারে। সেখানে লোকসভায় নতুন দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের নাম প্রস্তাব করা হতে পারে বলেও আলোচনা চলছে। যদিও এই বিষয়ে কাকলি নিজে স্পষ্টভাবে জানিয়েছেন, এমন কোনও পরিকল্পনার বিষয়ে তাঁর জানা নেই।

এই আবহেই শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি। সেখানে কাকলি লেখেন, চারবারের সাংসদ এবং চার দশক ধরে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে যুক্ত একজন মানুষ শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করেন না। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি নীতির বিরুদ্ধে মানুষের রায় এবং শাসনব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন।

পোস্টে কোনও ব্যক্তি বা দলের নাম উল্লেখ না থাকলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বর্তমান পরিস্থিতি এবং দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন তিনি। ফলে লোকসভার ভবিষ্যৎ নেতৃত্ব এবং তৃণমূলের সাংসদদের অবস্থান নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। আগামী কয়েক দিনের রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিকেই এখন নজর সকলের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More