Shantanu Sen: বিজেপিকে কৃতজ্ঞতা! তৃণমূলের 'অস্বস্তিকর' তালিকায় নয়া সংযোজন শান্তনু সেন

Shantanu Sen: আরজি কর আন্দোলনের সময় দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছিল শান্তনু সেনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ডও করেছিল। পরে যদিও দূরত্ব ঘুচে যায় দলের সঙ্গে। রবিবার সকাল থেকেই ফের শান্তনু সেনকে ঘিরে চর্চা তুঙ্গে। 

Published on: May 24, 2026, 20:36:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Shantanu Sen: এ যেন তালিকায় স্রেফ নয়া নাম! তেমনটাই অন্তত বলছেন ওয়াকিবহাল মহল। বিধানসভা নির্বাচনে ভরাডুবির মাস ঘোরেনি এখনও। দলনেত্রী বৈঠকের পর বৈঠক করছেন পুনরায় জমি উদ্ধারের জন্য। কিন্তু তাঁর দলের সৈনিকরা? একাংশ তাঁর সঙ্গে হারানো জমি উদ্ধারে থাকলেও, একাংশ দ্রুত গতিতে অবস্থান বদলে নিয়েছেন। কেউ দূরত্ব বাড়াচ্ছেন দলের সঙ্গে, কেউ দূরত্ব কমানোর চেষ্টায় বিরোধী দলের সঙ্গে। সেই তালিকায় কী এবার নয়া নাম শান্তনু সেন?

শান্তনু সেন কী বললেন?
শান্তনু সেন কী বললেন?

আরজি কর আন্দোলনের সময় দলবিরোধী মন্তব্যের অভিযোগ উঠেছিল শান্তনু সেনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ডও করেছিল। পরে যদিও দূরত্ব ঘুচে যায় দলের সঙ্গে। রবিবার সকাল থেকেই ফের শান্তনু সেনকে ঘিরে চর্চা তুঙ্গে। এই চর্চার সূত্রপাত তৃণমূল নেতার একটি পোস্ট থেকে। নিজেকে চিকিৎসা আন্দোলনের দীর্ঘদিনের সৈনিক উল্লেখ করে, পোস্টের সূচনা করেছেন তিনি। আর সেখানেই অভিনন্দন জানিয়েছেন বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

ঠিক কী লিখেছেন শান্তনু সেন?

সোশ্যাল মিডিয়ায় শান্তনু সেন লিখেছেন, 'চিকিৎসা আন্দোলনের দীর্ঘ দিনের সৈনিক হিসাবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল স্টেট ব্রাঞ্চের বর্তমান রাজ্য সম্পাদক হিসাবে বাংলার নবনির্বাচিত বিজেপি সরকার ও তার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।' তারপর থেকেই শুরু হয়েছে নয়া জল্পনা। তাহলে কী এবার তিনিও দলের সঙ্গে দূরত্ব বাড়াবেন?

শান্তুন সেন তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। সাংসদ অভিষেকের ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে শান্তনুর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর কাঁধে ছিল বিস্তর দায়িত্ব। যেহেতু তিনি পেশায় নিজে ডাক্তার ফলে, চিকিৎসক আনা, তাঁদের যাবতীয় কর্মসূচি ছিল তাঁরই উপরে। আরজি করের সময় ‘রাত দখলের’ কর্মসূচি সমর্থন করেছিলেন শান্তনু। জুনিয়র ডাক্তারদের সমর্থন করেছিলেন তিনি। সেই সময়ই তৃণমূল মুখপাত্রের পদ খোয়ান তিনি। সেই সময়ই দল বিরোধী কাজের জন্য তাঁকে সাসপেন্ড করে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। পরে যদিও সমস্তটা ঠিক হয়ে যায়। এবার রাজ্যের ক্ষমতা বদল হয়েছে। প্রতিশ্রুতি মতো ফের শুরু হয়েছে আরজি কর কেসের ফাইল খোলা। অন্যদিকে, ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেক নেতা। নাম করে বা না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকে একাধিক অভিযোগ এনেছেন। বিজেপি সরকারকের শুভেচ্ছাও জানিয়েছেন। এই আবহে দল বিরোধী মন্তব্যে সাসপেন্ড হওয়া শান্তনু যিনি অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন। যা নিয়ে জল্পনা বেড়েছে।