7th Pay Commission: শুভেন্দু সরকার ক্ষমতায় আসতেই গঠিত হল সপ্তম পে কমিশন, ৬ মাসের মধ্যে…
আগামী ৬ মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
রাজ্য়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে মাত্র আড়াই মাস হয়েছে। এবার সেই সরকারই গঠন করল সপ্তম পে কমিশন। রাজ্য সরকারি কর্মচারি এবং পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে এসে এবার ৬ মাসের মধ্যেই রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের বেতন-ভাতা, ডিএ এবং পেনশন খতিয়ে দেখতে এই নয়া কমিশন গঠন করা হয়েছে। রিপোর্টের দাবি, সম্ভবত, আগামী বছর মার্চ মাসের মধ্যে এই সপ্তম কমিশনের সুপারিশ কার্যকর করার কথা ভাবতে পারে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের ডিএ এবং বেতন কমিশন নিয়ে বহুদিনই কৌতূহল ছিল এই নয়া সরকারের আমলে। উল্লেখ্য, নতুন সরকারের প্রথম বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। দ্রুত সপ্তম পে কমিশন গঠন করার কথা, বাজেটের দিনই ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে, বুধবারই ঘোষণা করা হয়েছে, বেতন সংক্রান্ত এই নয়া কমিশনের সদস্যদের নাম। এঁরা হলেন, কমিটির চেয়ারপার্সন হচ্ছেন অবসরপ্রাপ্ত আইএএস এবং অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তী। এছাড়া অন্য সদস্যরা হলেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অধ্যাপক পার্থপ্রতিম পাল এবং অর্থসচিব দেবীপ্রসাদ কারনাম। আগামী ৬ মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর বৃদ্ধির হারও নির্ধারণ করবে এই কমিশন।
দীর্ঘদিন ধরে রাজ্যের বেতন কাঠামো পরিবর্তনের অপেক্ষায় ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। সেই প্রত্যাশাকে সামনে রেখেই এল শুভেন্দু সরকারের বড় ঘোষণা। জানা গিয়েছে, বেতন বৃদ্ধি সংক্রান্ত সুপারিশ করার আগে একই পদে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোও খতিয়ে দেখার নির্দেশ রয়েছে এই কমিশনের জন্য। সব মিলিয়ে এই বেতন কমিশন গঠন, পুজোর আগে সুখকর বার্তা বয়ে আনল রাজ্য সরকারি কর্মীদের জন্য।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


