Utsashree Portal WB Teachers Transfer: বদলি শুরু প্রাথমিক শিক্ষকদের! অবশেষে খুলল ট্রান্সফারের অনলাইন উৎসশ্রী পোর্টাল
Utsashree Portal WB Teachers Transfer: উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করার ঘোষণা করল রাজ্য সরকার। গত কয়েক মাস শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফার হচ্ছিল। এবার সবধরনের ট্রান্সফার হবে।
Utsashree Portal WB Teachers Transfer: উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ফের প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু হল। স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৩ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে মিউচুয়াল ট্রান্সফার (পারস্পরিক বদলি) ছাড়া উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সবধরনের বদলির প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছিল। ৩০ জুন পর্যন্ত সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে জুলাই থেকে সবধরনের বদলির প্রক্রিয়া ফের শুরু করা হচ্ছে। অর্থাৎ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক স্কুলের শিক্ষকরা সবধরনের বদলির জন্য আবেদন করতে পারবে বলে স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।

দুর্নীতি যেন না হয়, আর্জি শিক্ষক সংগঠনের
আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষক মহল। বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘বহুদিন থেকে আমরা এই আবেদন জানিয়েছিলাম। উৎসশ্রী প্রক্রিয়ায় সব ধরনের ট্রান্সফার শুরু করার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। কোনওভাবেই যেন দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া হয়। নিজের জেলায় ট্রান্সফারের সুযোগ দেওয়া হোক। এর পাশাপাশি নিয়োগের মধ্যে দিয়ে সমস্ত শূন্যপদ পূরণ করা হোক।’
পড়ুয়া ও শিক্ষক অনুপাতে সামঞ্জস্যের অভাব
এমনিতে ট্রান্সফারের বিষয়টি নিয়ে মঙ্গলবার মুখ খোলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনও। বিজেপির টিচার্স সেলের আয়োজিত শিক্ষক সম্মেলনে তিনি বলেন, ‘ছাত্র এবং ছাত্রের কারণে শিক্ষক - এই দুটোর মধ্যে একটা অসামাঞ্জস্য মারাত্মকভাবে রয়েছে। কোনও স্কুলে শিক্ষক একেবারেই নেই। ছাত্র প্রচুর। বিশেষত গ্রামাঞ্চলের দিকে (এরকম দশা)। (আবার) শহরাঞ্চলের দিকে ছাত্র একেবারেই নেই। শিক্ষক প্রচুর। দুটোর মধ্যে আমরা সামঞ্জস্য বিধান করব অতি দ্রুত। আশা করছি যে দু'তিন মাসের মধ্যে এই বিষয়গুলো একটা সমাধানের পর্যায়ে আছে।’
স্কুলশিক্ষা মন্ত্রীর বার্তা
সেই রেশ ধরে স্কুলশিক্ষা মন্ত্রী বলেন, ‘আপাতত ট্রান্সফারের (আর্জি) নিয়ে আপনারা আমার কাছে আসবেন না। ট্রান্সফারের সুযোগ প্রত্যেকে পাবেন। তার জন্য আমরা একটা প্রক্রিয়া করে এগোচ্ছি। সেই প্রক্রিয়ার জন্য আমাদের কিছুটা সময় দিন। প্রত্যেকে সুযোগ পাবেন। কিন্তু সেই সুযোগ পাওয়ার জন্য আমাদের একটা প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার জন্য আমাদের কিছুটা সময় দিন।’
আর স্কুলশিক্ষা মন্ত্রীর সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই প্রাথমিক স্কুলের শিক্ষকদের সবধরনের বদলির জন্য উৎসশ্রী পোর্টাল চালু করে দেওয়া হল। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফার সংক্রান্ত পোর্টাল চালু করা হয়েছিল। একটা সময় টানা তিন বছর বন্ধ ছিল।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


