WB Animal Slaughter Rule: প্রকাশ্যে নয় পশুহত্যা, কড়া নির্দেশিকা জারি শুভেন্দুর সরকারের, অমান্য করলে যেতে হবে জেল

WB Animal Slaughter Rule: নতুন নির্দেশিকা অনুযায়ী, পশুবলি দেওয়ার আগে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি সরকারি পশুচিকিৎসকের যৌথ শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে। পশুর বয়স, শারীরিক অবস্থা ও সক্ষমতা খতিয়ে দেখেই সেই শংসাপত্র দেওয়া হবে।

Published on: May 14, 2026 8:14 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Animal Slaughter Rule: রাজ্যে নিয়ম বহির্ভূত পশুহত্যা রুখতে কড়া পদক্ষেপ করল সরকার। এবার থেকে প্রকাশ্যে বা নির্ধারিত নিয়ম না মেনে পশুবলি দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই মর্মে বুধবার স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত গরু, মহিষ, বলদ, বাছুর-সহ বিভিন্ন গবাদি পশু 'বলির' ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে।

রাজ্যে নিয়ম বহির্ভূত পশুহত্যা রুখতে কড়া পদক্ষেপ করল সরকার।
রাজ্যে নিয়ম বহির্ভূত পশুহত্যা রুখতে কড়া পদক্ষেপ করল সরকার।

নতুন নির্দেশিকা অনুযায়ী, পশুবলি দেওয়ার আগে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি সরকারি পশুচিকিৎসকের যৌথ শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে। পশুর বয়স, শারীরিক অবস্থা ও সক্ষমতা খতিয়ে দেখেই সেই শংসাপত্র দেওয়া হবে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সংশ্লিষ্ট পশুর বয়স অন্তত ১৪ বছর হতে হবে। এছাড়া পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনও দুরারোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম কিনা, তাও পরীক্ষা করে দেখতে হবে।

যদি কোনও ক্ষেত্রে শংসাপত্র দিতে অস্বীকার করা হয়, তাহলে আবেদনকারী ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। তবে অনুমোদন মিললেও রাস্তাঘাট বা প্রকাশ্য স্থানে পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানাতেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলে নির্দেশে উল্লেখ রয়েছে।

সরকারি নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির কথাও বলা হয়েছে। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা জেল ও জরিমানা—দুই সাজাই একসঙ্গে হতে পারে। ১৯৫০ সালের সংশ্লিষ্ট আইনের আওতায় এই ধরনের অপরাধ আদালত গ্রাহ্য হিসেবেই বিবেচিত হবে বলেও জানানো হয়েছে।

পশুর প্রতি নিষ্ঠুরতা কমানো এবং আইন মেনে পশু জবাই নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের প্রাসঙ্গিক রায়ও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে হুগলির গুড়াপ থানার পুলিশ গরুপাচারের চেষ্টা রুখে দেয় গত মঙ্গলবারে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দুটি গাড়িতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল জাতীয় সড়ক দিয়ে। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরই শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, বেআইনি ভাবে গরু বিক্রি বা গরু পাচার রুখতে পুলিশকে সব পদক্ষেপ করতে হবে। আর এবার গরু বা অন্যান্য গবাদি পশুর জবাই নিয়েও কড়া নির্দেশিকা জারি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More