Mamata's prediction on WB Election 2026: ছাব্বিশে ২২৬-রও বেশি আসন পাবে TMC, দাবি মমতার! কাকে বললেন ‘BJP-র প্রার্থী হন’?

তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এবার ভোটের পরে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। বিধানসভা নির্বাচনে বাংলার মা-মাটি-মানুষেরই জয় হবে বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো।

Published on: Mar 17, 2026, 15:59:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২২৬টির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস - এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো দাবি করেন, এবার ভোটের পরে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। বিধানসভা নির্বাচনে বাংলার মা-মাটি-মানুষেরই জয় হবে বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। সেই রেশ ধরে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ শানিয়ে মমতা বলেন যে যিনি মেঘের আড়াল থেকে খেলছেন, তিনি কেন আড়ালে আছেন? বিজেপির প্রার্থী হয়ে যান। শুধু তো বিজেপির প্রার্থী হওয়া বাকি আছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)
তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)

রেকর্ড গড়ে ক্ষমতায় আসতে হবে তৃণমূলকে

আর মুখ্যমন্ত্রী যে ভবিষ্যদ্বাণী করেছেন, সেটা যদি মিলে যায়, তাহলে ইতিহাস গড়বে তৃণমূল। কারণ আগের তিনবারও এত আসন পেয়ে ক্ষমতায় আসেনি। সেইসব রেকর্ড ভেঙেচুরে তৃণমূল ক্ষমতায় আসবে কিনা, তা বোঝা যাবে আগামী ৪ মে। সেদিন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনা হবে। তার আগে দু'দফায় ভোট হবে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। আর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। তারপর মে'র গোড়ায় ফলপ্রকাশ হবে।

আরও পড়ুন: TMC Candidate List 2026: ইমন-পরমরা নেই তৃণমূলের ঘোরতর 'রাজনৈতিক' তালিকায়, ২৯১ আসনের কোথায় কে কে লড়বেন?

প্রার্থীতালিকা ঘোষণার সময় কী কী বললেন মুখ্যমন্ত্রী?

১) মমতা: বিজেপির টুঁটি টিপে ধরবেন। ওদের চন্দ্র-সূর্য-গ্রহ-তারাও ক্ষমা করবে না। এবার আরও বেশি আসনে জিতব আমরা - বয়কট টু বিজেপি। আমার আবেদন, ‘ভোট ফর তৃণমূল’ এবং ‘ভোট ফর বাংলা'।

আরও পড়ুন: থাকলেন লাভলি-রাজ, আসন বদল সোহমের, বাদ কাঞ্চন! তৃণমূলে টিকিট পেলেন না পরমব্রত-ইমন

২) মমতা: এটা হল বাংলার অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ে দিল্লি জিতবে না। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু একটি ক্ষমতা কাড়তে পারেননি। সেটা হল মানুষের ক্ষমতা।

৩) মমতা: বিজেপি, এত ভয় পাচ্ছেন কেন? এজেন্সির মাধ্যমে কলকাঠি না নেড়ে, বাইরে থেকে লাখ-লাখ লোক না নিয়ে এসে, গ্যাসের সংকটের পরিবর্তে লড়াইয়ে আসুক বিজেপি। শান্তি এবং সৌজন্য রক্ষা বজায় রাখা হোক। সেভাবেই লড়াই হোক। বিজেপির (নির্বাচন) কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More