WB Election 2026 Phase 1 Voting Highlights: পরিবর্তনের ভোট নাকি SIR আতঙ্কের? ৯০ শতাংশের বেশি ভোটদানে '১২৫'-এ মজে TMC-BJP

Apr 23, 2026, 18:48:55 IST

WB Election 2026 Phase 1 Voting Highlights: আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হল। ভোটদানের হার পেরিয়ে গিয়েছে ৯০ শতাংশ।

পাঁশকুড়ায় ভোটদানের পরে দুই মহিলা। (ছবি সৌজন্যে পিটিআই)
পাঁশকুড়ায় ভোটদানের পরে দুই মহিলা। (ছবি সৌজন্যে পিটিআই)

WB Election 2026 Phase 1 Voting Highlights: পরিবর্তনের ভোট নাকি এসআইআর-পরবর্তী ভীতির ভোট? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৯০ শতাংশের বেশি ভোট পড়ায়ায় আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেস বা বিজেপির তরফে বিভিন্ন বার্তা দেওয়া হলেও আসল উত্তর মিলবে আগামী ৪ মে। যেদিন পশ্চিমবঙ্গে ভোটগণনা হবে। তার আগে অবশ্য ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি আসন ভোট হতে চলেছে বাংলায়।

Follow all the updates here:
Pinned
  • 23 Apr 2026, 06:28:10 PM IST

    প্রথম দফার ভোটের ইতিমধ্যে - একনজরে

    ১) ১৫২টি আসনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।

    ২) এবার জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। মোটের উপরে শান্তিপূর্ণভাবেই মিটেছে ভোট। নওদায় তৃণমূল কংগ্রেস ও হুমায়ুন কবীরের দলের সংঘর্ষ, লাভপুরে বিজেপির এজেন্টের মাথা ফাটানো, আসানসোলে অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙা, খয়রাশোলে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণের মতো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই মোটামুটি শান্তিতেই কেটেছে ভোট।

    ৩) তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ দাবি করেছেন, কমপক্ষে ১২৫টি আসন মিলবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, প্রথম দফায় ১২৫টি আসন পাবে পদ্মশিবির।

  • 23 Apr 2026, 06:04:54 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: বিজেপি প্রার্থীকে মারের ঘটনায় গ্রেফতার ৫

    কুমারগঞ্জ কেন্দ্রের বানিহারি বুথে বিজেপির প্রার্থী শুভেন্দু সরকারকে মারধর করা হয়। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হল। কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

  • 23 Apr 2026, 05:56:26 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: কোন জেলায় কত ভোট পড়েছে?

    বিকেল পাঁচটা পর্যন্ত মালদায় ৮৯.৫৬ শতাংশ, মুর্শিদাবাদে ৯১.৩৬ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৮৬.৮৯ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯০.৭ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮৮.৫৫ শতাংশ, পুরুলিয়ায় ৮৭.৩৫ শতাংশ, উত্তর দিনাজপুরে ৮৯.৭৪ শতাংশ, ঝাড়গ্রামে ৯০.৫৩ শতাংশ, কালিম্পঙে ৮১.৯৮ শতাংশ, আলিপুরদুয়ারে ৮৮.৭৪ শতাংশ, বাঁকুড়ায় ৮৯.৯১ শতাংশ, বীরভূমে ৯১.৫৫ শতাংশ, কোচবিহারে ৯২.০৭ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৯৩.১২ শতাংশ, দার্জিলিঙে ৮৬.৪৯ শতাংশ এবং জলপাইগুড়িতে ৯১.২ শতাংশ ভোট পড়েছে।

  • 23 Apr 2026, 05:46:09 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: বিকেল ৫ টা পর্যন্ত ৮৯.৯৩% ভোট পড়ল বাংলায়

    নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৯০ শতাংশের কাছে পৌঁছে গেল। ভোটদানের হার ৮৯.৯৩ শতাংশ। গতবার লোকসভা নির্বাচনে ওই আসনগুলিতে সার্বিকভাবে ভোটদানের হার ৮৩ শতাংশের মতো ছিল।

  • 23 Apr 2026, 04:29:45 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: রেকর্ড ভোটের পথে বাংলা, অশান্তি বাড়ল বেলা বাড়তে

    রেকর্ড ভোটের পথে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল তিনটে পর্যন্ত ৭৮.৭৭ শতাংশ। জেলার মধ্যে সবথেকে এগিয়ে আছে দক্ষিণ দিনাজপুর। সেখানে ৮১.৪৯ শতাংশ ভোট পড়েছে।

  • 23 Apr 2026, 04:17:23 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: বিজেপি এজেন্টকে ছুরি মারার অভিযোগ

    কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের ৬/২৭০ নম্বর বুথে ভোটের দিন উত্তেজনা ছড়াল। বিজেপির বুথ এজেন্ট জাহানুর ইসলামকে ছুরি মারার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, এদিন ভোট চলাকালীন খাবারের জন্য বাড়ির উদ্দেশ্যে বের হন জাহানুর ইসলাম। সেই সময়ই প্রায় ৫০ জন তৃণমূল কর্মী তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

  • 23 Apr 2026, 02:50:25 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: অগ্নিমিত্রার গাড়িতে হামলা

    আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। বিজেপির অভিযোগ, বুথ পরিদর্শনের সময় রহমতনগর হাইস্কুলে যাচ্ছিলেন অগ্নিমিত্রা। সেইসময় পিছন থেকে চলন্ত গাড়িতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ তুলেছে।

  • 23 Apr 2026, 02:28:20 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: সুজাপুরে সাময়িক উত্তেজনা

    ভোটের দিন সুজাপুর বিধানসভা কেন্দ্রের ১০২ নম্বর বুথে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, কংগ্রেস প্রার্থী আবদুল হান্নানকে তাঁর নিজস্ব বুথে প্রবেশ করতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী।এই ঘটনাকে ঘিরে প্রার্থী ও দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে বচসা শুরু হয়। প্রার্থীর দাবি, তাঁকে অযথা বাধা দেওয়া হয়েছে, যা নির্বাচনী বিধি-বিধানের পরিপন্থী।

  • 23 Apr 2026, 02:16:11 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: প্রবল গরমের মধ্যে ৪ জনের মৃত্যু, দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৬২.১৮%

    প্রবল গরমের মধ্যে প্রথম দফার ভোটে কমপক্ষে চারজনের মৃত্যু হল। তারইমধ্যে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে দুপুর একটা পর্যন্ত ৬২.১৮ শতাংশ ভোট পড়েছে।

  • 23 Apr 2026, 02:01:32 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: মুরারইয়ে আক্রান্ত কংগ্রেস সমর্থকরা

    পুরনো বিবাদে রঙ লাগল রাজনীতির। মুরারই বিধানসভার গোরসা গ্রামে কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ ঘটনায় আহত একাধিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা কংগ্রেস সমর্থক বলেই দাবি।

  • 23 Apr 2026, 01:52:01 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বাদানুবাদ বিজেপি প্রার্থীর

    ভোট প্রভাবিত করার অভিযোগ তুলে সরব সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ির আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা মজুমদার ও তাঁর স্বামীর সঙ্গে বাদানুবাদ হয় তাঁর। জগন্নাথের অভিযোগ, সিউড়ি চন্দ্রগতি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। কিন্তু নিয়ম না মেনে স্কুলের ঠিক পাশে বসে ভোট প্রভাবিত করছেন ওই কাউন্সিলর ও তাঁর লোকজন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কাউন্সিলর।

  • 23 Apr 2026, 01:32:56 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: ৫০ বছরে এত শান্তির ভোট হয়নি, BJP-র রক্ত ঝরার মধ্যেই মোদী

    প্রথম দফার ভোটগ্রহণের দিন কৃষ্ণনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, 'আমি যখন থেকে রাজনীতিতে এসেছি, আমি হয়তো বলতে পারি যে গত ৫০ বছরে এটা প্রথম এরকম নির্বাচন হচ্ছে, যেখানে হিংসা একেবারে কম হয়েছে। নাহলে প্রতি সপ্তাহে কাউকে ঝুলিয়ে দিয়ে বলত যে আত্মহত্যা করেছেন। একদিক থেকে গুন্ডারাজ চলত। আন্তরিকভাবে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি।'

  • 23 Apr 2026, 01:24:32 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: ট্রাইবুনালের রায়কেও বুড়ো আঙুল নির্বাচন কমিশনের?

    সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ট্রাইবুনালের রায়কেও ভ্রূক্ষেপ করল না নির্বাচন কমিশন?সংবিধানের আলঙ্কারিক নন্দলাল বসুর নাতি এবং তাঁর স্ত্রী'কে ভোট দিতে না দেওয়া হওয়ায় সেই প্রশ্নই উঠেছে। আজ তাঁরা বোলপুরের কেন্দ্রে ভোট দিতে যান। কিন্তু তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে।

  • 23 Apr 2026, 01:23:39 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তৃণমূলের

    কেশপুরের বাজুয়ারা প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সেই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ভোটারদের উপরে লাঠি চালিয়েছেন। যদিও কেন্দ্রীয় বাহিনী জানায়, বুথের ১০০ মিটারের মধ্যে যা নিয়ম, সেই নিয়ম মেনেই কাজ হচ্ছে, আর তাই জমায়েত করতে দেওয় হচ্ছে না।

  • 23 Apr 2026, 01:18:23 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: বেলা বাড়তে 'ফর্মে' বাংলার ভোট, অশান্তি নওদায়, লাভপুরে রক্তাক্ত BJP এজেন্ট

    দিনের শুরুটা দেখেই বোঝা যায় যে দিনটা কেমন যাবে - পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে সেটা যে একেবারেই বলা যাবে না, তার প্রমাণ মিলল। সকালে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হলেও বেলা বাড়তেই ‘ফর্মে’ বাংলার ভোট। তৃণমূল কংগ্রেস ও হুমায়ুন কবীরের সংঘাতে রণক্ষেত্র হল নওদা। লাভপুরে রক্ত ঝরল বিজেপি এজেন্টের। আবার আক্রান্ত হলেন কুমারগঞ্জের বিজেপি প্রার্থী ও মুরারইয়ের কংগ্রেস কর্মীরা। তৃণমূলের তরফে আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

  • 23 Apr 2026, 01:10:31 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: চাঁচলে ‘আক্রান্ত’ বিজেপির এজেন্ট

    চাঁচল বিধানসভার ২২১ নম্বর বুথে বিজেপির এক ইলেকশন এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, দুষ্কৃতীরা তাকেঁ লক্ষ্য করে আক্রমণ চালায় এবং তাঁর গাড়ি ভাঙচুর করে। এমনকী তাঁর পরনের পঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

  • 23 Apr 2026, 01:05:12 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: কংগ্রেসের হয়ে ভোট করছেন খোদ মন্ত্রী, দাবি তৃণমূলেরই

    হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের এলাকায় উত্তেজনা। মন্ত্রীর অনুগামী এবং কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠল। কংগ্রেসের হয়ে ভোট করার অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে। পালটা তৃণমূলের অন্য অংশের বিরুদ্ধে অশান্তির অভিযোগ মন্ত্রীর অনুগামীদের।

  • 23 Apr 2026, 12:52:42 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: ভোট দিতে এসে মৃত্যু মহিলার

    ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলা ভোটারের। ঘটনা শোকের ছায়া এলাকায়‌। ঘটনাটি ঘটেছে মালদহের মালতিপুর বিধানসভার ক্ষেমপুর পঞ্চায়েতের ১৫২ নম্বর বুথে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত মহিলা ভোটারের নাম প্রমিলা বাগদি (৫০)। এদিন সকাল ১১ টা নাগাদ তিনি ভোট দিয়ে যান এবং বুথের মধ্যেই ভোট দেওয়ার আগে মাথা ঘুরে পড়ে যান। ভোটকর্মী এবং পরিবারের লোকজন গিয়ে মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনতেই তার মৃত্যু হয়।

  • 23 Apr 2026, 12:47:02 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: কুমারগঞ্জে ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী

    কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার আক্রান্ত হয়েছেন। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে দুষ্কৃতীদের ধাওয়া করেন। তারপর তাঁকেই আক্রমণের মুখে পড়তে হয়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।

  • 23 Apr 2026, 12:23:38 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: রক্তাক্ত হল লাভপুর

    লাভপুুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের মাথা ফাটল। অভিযোগ উঠেছে যে তৃণমূল কংগ্রেসের লোকজন মারধর করেছেন এজেন্টকে। প্রার্থী দাবি করেছেন, ভ্রমরকল এলাকায় ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পান। তাই ঘটনাস্থলে যাচ্ছিলেন। সেইসময় হামলা চালানো হয়।

  • 23 Apr 2026, 12:20:56 PM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: তৃণমূল কংগ্রেস বনাম হুমায়ুন কবীর- নওদা রণক্ষেত্র

    নওদায় দফায়-দফায় উত্তেজনার জেরে লাঠিচার্জ করা হল। বাঁশ-লাঠি হাতে চলে তাণ্ডব। হুমায়ুনের কনভয়ের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই মারপিট চলতে থাকে। পরে রাস্তায় বসে পড়েন হুমায়ুন। তারপর যখন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়তে চান, তখন নতুন করে উত্তেজনা ছড়ায়। তবে

  • 23 Apr 2026, 11:43:58 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৪১.১১%

    নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সকাল ১১টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও মোটের উপরে পরিস্থিতি শান্ত আছে। কেন্দ্রীয় বাহিনী ‘ঠান্ডা’ করে দিয়েছে।

  • 23 Apr 2026, 11:41:42 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: কত অভিযোগ জমা পড়ল?

    নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সকাল ১১ টা পর্যন্ত ২৬০টি অভিযোগ জমা পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। এছাড়াও অ্যাপের মাধ্যমে অভিযোগ পড়েছে আরও ৩৭৫টি।

  • 23 Apr 2026, 11:31:41 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: অগ্নিমিত্রাকে আটকাল পুলিশ

    আসানসোল দক্ষিণ বিধানসভা গ্রামীণ নিমচা এলাকায় পুলিশের সঙ্গে প্রার্থী অগ্নিমিত্রা পালের বচসা। পুলিশের অভিযোগ, প্রার্থী অতিরিক্ত গাড়ি নিয়ে বুথ কেন্দ্রে আসছেন প্রার্থী। তিনটি গাড়ি নিয়ে ভোটের দিন ঘুরতে পারে প্রার্থী। কিন্তু পাঁচটি গাড়ি সঙ্গে নিয়ে বুথ কেন্দ্রে এসেছেন প্রার্থী অগ্নিমিত্রা।

  • 23 Apr 2026, 10:58:09 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: ভোট দিতে পারলেন না বিজেপি প্রার্থী

    মালদা: ভোট দিতে এসে ঘুরে গেলেন গাজোল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। মেশিন বিভ্রাটের জেরে নাজেহাল ভোটাররা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ২২৭ নম্বর বুথে এই সমস্যা।

  • 23 Apr 2026, 10:47:56 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: ‘তৃণমূলে ভোট দিলে ভোট পড়ছে বিজেপিতে’

    মুর্শিদাবাদের বড়ঞায় ইভিএমে কারচুপির অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে, ১৮৬ নম্বর বড়ঞার গোদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলকে ভোট দিলে ভোট হচ্ছে বিজেপিতে। ইভিএমে এক নম্বরে রয়েছে তৃণমূল প্রার্থী প্রতিমা রজকের নাম এবং চার নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী সুখেনকুমার বাগদির নাম। গ্রামবাসীদের অভিযোগ এক নম্বর বোতাম টিপলে চার নম্বরে ভোট হয়ে যাচ্ছে। যদিও পালটা বিজেপির কটাক্ষ, এত আগে থেকে কাঁদলে হবে?

  • 23 Apr 2026, 10:38:32 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিনহাটার তৃণমূল প্রার্থীর

    পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন দিনহাটার তৃণমূল কংগ্রেস উদয়ন গুহ। তিনি অভিযোগ তুলেছেন, তৃণমূল কর্মীদের হেনস্থা করা হচ্ছে। নিরাপত্তার নিরিখে বজ্র আঁটুনি, ফস্কা গেরো হয়েছে। মানুষ ভয় পাচ্ছেন বলে অভিযোগ তোলেন দিনহাটার তৃণমূল প্রার্থী।

  • 23 Apr 2026, 10:28:18 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: বিচার চাই, ভোট দিয়ে বললেন ওয়াকফ হিংসায় নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী

    ওয়াকফ হিংসায় খুন হওয়া হরগোবিন্দ দাসের স্ত্রী ভোট দিলেন। ভোটদানের পরে তিনি বললেন যে স্বামীর হত্যার বিচার চাই।

  • 23 Apr 2026, 10:16:20 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: নওদায় তৃণমূলের সঙ্গে তুমুল ঝামেলা হুমায়ুনের, 'চোর' শুনে 'তুমুল গালিগালাজ'

    নওদায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে হুমায়ুন কবীরের দলের ঝামেলা বেঁধে গেল। তৃণমূলের অভিযোগ, তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খানের উপরে হামলা চালানোর চেষ্টা করেছে হুমায়ুনের দল। পালটা হুমায়ুনদের দাবি, তৃণমূল তাদের উপরে হামলা চালিয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। দু'পক্ষেরই তরফে কটূকথা ব্যবহার করা হয়। তৃণমূলের অভিযোগ, গালিগালাজ করেছেন হুমায়ুন। তাঁকে ‘চোর’ বলে স্লোগান দেন তৃণমূলকর্মীরা।

  • 23 Apr 2026, 10:02:09 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: '২০৩১-তে তৃণমূলের বিরুদ্ধে থাকবে বাম, বিজেপি এবার হারছে'

    পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় বললেন, ‘২০৩১ (সালে) তৃণমূলের বিরুদ্ধে থাকবে বাম। বাইনারি ভাঙবে এই নির্বাচনের পর। বিজেপি হারছে।’ এমনিতে ২০২১ সালের ভোট থেকে রাজ্যে দুটি দলের মধ্যে লড়াই হচ্ছে - তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। প্রায় ২৫০ আসনে সরাসরি তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই হচ্ছে। বাকি কয়েকটি আসনে বাম, কংগ্রেস, আইএসএফের মতো দল ফ্যাক্টর হচ্ছে।

  • 23 Apr 2026, 09:54:50 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ মুর্শিদাবাদে

    মুর্শিদাবাদ রানিনগর বিধানসভার ৫৪ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

  • 23 Apr 2026, 09:51:11 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: এখনও সবথেকে বেশি ভোট পড়েছে বাঁকুড়ায়

    নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সকাল ন'টা পর্যন্ত বাঁকুড়ায় ২০.২ শতাংশ, বীরভূমে ১৯.০১ শতাংশ, মুর্শিদাবাদে ১৮.৮৮ শতাংশ, ঝাড়গ্রাম ১৯.৮৪ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ২০.৫১ শতাংশ, পূর্ব মেদিনীপুর ১৮.৮১ শতাংশ, পশ্চিম বর্ধমান ১৯ শতাংশ এবং পুরুলিয়া ১৭.৮৩ শতাংশ ভোট পড়েছে।

  • 23 Apr 2026, 09:49:10 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: উত্তরবঙ্গে সকাল ৯ টা পর্যন্ত কত ভোট পড়েছে?

    দার্জিলিংয়ে ১৮.৮ শতাংশ ভোট পড়েছে। জলপাইগুড়িতে ভোটদানের হার ১৮.৫ শতাংশ। কালিম্পঙে ১৮.৭৪ শতাংশ ভোট পড়েছে। কোচবিহারে ভোটদানের হার ১৭.৫৬ শতাংশ। এখনও পর্যন্ত আলিপুরদুয়ার ১৭.৭ শতাংশ ভোট পড়েছে। মালদায় সবথেকে কম ভোট পড়েছে - ১৬.৯৬ শতাংশ। উত্তর দিনাজপুরে ভোটদানের হার ১৭.৫৪ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ১৮.৮১ শতাংশ ভোট পড়েছে।

  • 23 Apr 2026, 09:46:13 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: প্রথম ২ ঘণ্টায় প্রায় ১৯% ভোট পড়ল বাংলায়

    নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সকাল ন'টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৮.৭৬ শতাংশ ভোট পড়েছে। তামিলনাড়ুতে ভোট পড়েছে ১৭.৬৯ শতাংশ।

  • 23 Apr 2026, 09:40:05 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: শান্তিপূর্ণভাবে ভোটের জন্য কমিশনকে ধন্যবাদ তৃণমূল প্রার্থীর

    প্রথম দফার বিধানসভা নির্বাচনে সকাল সকাল ভোট দিয়ে দিন শুরু করলেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়ির সামনে অবস্থিত বুথে ভোট দেন। ভোট দেওয়ার পরে তিনি বলেন, ‘ভোট দিয়ে খুব ভালো লাগছে।’ শান্তিপূর্ণভাবে ভোটের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন তৃণমূল প্রার্থী।

  • 23 Apr 2026, 09:29:49 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: স্লো ভোটিংয়ের অভিযোগ জঙ্গিপুরে

    জঙ্গিপুরের ৬৮ নম্বর বুথে স্লো ভোটিংয়ের অভিযোগ উঠল। ভোটারদের দাবি, নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বরে ফোন করেও সুরাহা হয়নি বলে অভিযোগ উঠেছে।

  • 23 Apr 2026, 09:21:14 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: 'ভোটারদের সঙ্গে প্রভাবিত করছে তৃণমূল', তর্কাতর্কিতে জড়ালেন বিজেপি প্রার্থী

    মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটরদের প্রভাবিত করার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। তৃণমূল কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন

  • 23 Apr 2026, 09:16:18 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: 'পরিবর্তন না হলে বাংলায় সনাতন ধর্ম শেষ হয়ে যাবে', দাবি শুভেন্দুর

    সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বললেন, 'পরিবর্তন হোগা। এখানে আমাদের হিন্দু মা-বোনেরা কাঁদছেন। এবার যদি বাংলায় পরিবর্তন না হয়, তাহলে বাংলায় সনাতন ধর্ম শেষ হয়ে যাবে।'

  • 23 Apr 2026, 09:08:23 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: শান্তিপূর্ণ ভোট হবে, আশাবাদী শিলিগুড়ির তৃণমূল প্রার্থী

    ভোট দিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। শিলিগুড়ি গার্লস হাইস্কুলে অবস্থিত ১৭৩ নম্বর বুথে পৌঁছান সকাল-সকাল। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই শান্তিপূর্ণভাবে ভোট দেন তিনি। ভোটদান শেষে বুথের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান। তিনি জানান, এবারও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন নির্বাচন হবে বলেই আশাবাদী।

  • 23 Apr 2026, 09:01:17 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: বিজেপি এজেন্টকে বসতে দিচ্ছেন না প্রিসাইডিং অফিসার, চোপড়ায় অভিযোগ প্রার্থীর

    উত্তর দিনাজপুরে চোপড়ায় বুথের বাইরে তৃণমূল কংগ্রেস কর্মীদের জটলার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শংকর অধিকারী। সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, দেবীজোড়া এসএসকে ৭৬ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দিচ্ছেন প্রিসাইডিং অফিসার।

  • 23 Apr 2026, 08:54:58 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট দিতে যাচ্ছেন ডোমকলের মানুষ

    পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট দিতে যাচ্ছেন ডোমকলের রায়পুরের ভোটাররা। অভিযোগ উঠেছিল যে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র হাতে ভয় দেখাচ্ছে। ভোট দিতে দিচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীরও দেখা মেলেনি বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট দিতে যাচ্ছেন ভোটাররা।

  • 23 Apr 2026, 08:51:16 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: 'মাছ-ভাতে নেমে এসেছেন মমতা, সিমপ্যাথি কার্ড খেলছেন'

    ভোটগ্রহণের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সব কার্ড খেলে দিয়েছেন। মাছ-ভাত পর্যন্ত এসে গিয়েছেন। এখন সহানুভূতি (সিমপ্যাথি) কার্ড খেলছেন - আমি মহিলা, এত লোক আমার পিছনে পড়ে আছে, আমায় মেরে ফেলার চেষ্টা করছেন। প্রতিবার এসব কথা বলে যে লাভ হত মমতার, এবার সেটা হবে না। ভোট হবে। পরিবর্তন হবে। পুরো দেশ দেখবে। শান্তিপূর্ণ নির্বাচন হবে।’

  • 23 Apr 2026, 08:44:22 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: ময়নায় তৃৃণমূল প্রার্থীকে ঘিরে 'চোর, চোর' স্লোগান

    ময়নার বাকচায় তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডলকে লক্ষ্য করে 'চোর, চোর' স্লোগান দেওয়া হয়। তার জেরে তৈরি হয় উত্তেজনা। পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, ভোটারদের প্রভাবিত করছিলেন তৃণমূল প্রার্থী। তাই সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন। যদিও তৃণমূলের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে এই কাজ করেছে। উল্লেখ্য, প্রচারের সময় এই বাকচায় বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল প্রার্থী।

  • 23 Apr 2026, 08:41:06 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: মোথাবাড়িতে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ

    মালদার মোথাবাড়িতে ১৫৫ নম্বর বুথে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইভিএম সমস্যার কারণে দেড় ঘণ্টা পার হয়ে গেলেও ভোট শুরু হয়নি। সেই আবহে সেক্টর অফিসার এলে তুমুল বিক্ষোভের মুখে পড়েন। বন্দেমাতরম ধ্বনি উঠতে থাকে। তিনি আসার পরে দেড় ঘণ্টা পরে শুরু হয় ভোট।

  • 23 Apr 2026, 08:34:08 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: প্রথম দফাতেই ১০০ হাঁকাবে বিজেপি, দাবি দিলীপের

    প্রথম দফায় ১০০-র বেশি আসনে জিতবে বিজেপি, দাবি করলেন দিলীপ ঘোষ। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দফা থেকেই বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের পথ সাফ হয়ে যাবে। প্রথম দফায় যেরকম ভোট হবে, তা দ্বিতীয় দফার ভোটারদের আরও আস্থা বাড়াবে। উল্লেখ্য, গতবার এই ১৫২টি আসনের মধ্যে ৫৯টিতে জিতেছিল বিজেপি।

  • 23 Apr 2026, 08:29:21 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল, অভিযোগ ডোমকলে

    ডোমকলে উত্তেজনা তৈরি হয়েছে। বুথের বাইরে জটলা তৈরি হয়েছে। বুধবার রায়পুর গ্রামে রক্ত ঝরেছে। সংঘর্ষ হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএমের। অভিযোগ উঠেছে যে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। বলা হচ্ছে যে ভোট দিলেই মারা হবে। গতকাল রাত থেকেই কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। আজ সকালেও কেন্দ্রীয় বাহিনী আসেনি। পুলিশও কোনও দায়িত্ব নিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

  • 23 Apr 2026, 08:27:32 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: 'পাথর ছুড়লে রসগোল্লা ছোড়া হবে?', ভোটের মধ্যেই তোপ হুমায়ুনের

    নওদায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সাহিনা মমতাজ খানকে লক্ষ্য করে ‘বোমা ছোড়ার’ যে অভিযোগ উঠেছে, সেটার প্রেক্ষিতে হুমায়ুন কবীর বলেছেন, ‘কেউ পাথর ছুড়লে তাকে রসগোল্লা ছোড়া হবে? একটি ঢিল ছুড়লে জুটো পাটকেল খেতে হবে।’

  • 23 Apr 2026, 08:18:24 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: নওদায় তৃণমূল প্রার্থীকে ‘লক্ষ্য করে বোমা’, রিপোর্ট তলব কমিশনের

    নওদার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। নওদার তৃণমূল কংগ্রেস প্রার্থী দাবি করেছেন, ভোটের আগের রাতে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। তবে কোনও বিপদ হয়নি। সেই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন।

  • 23 Apr 2026, 08:17:52 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে, ভোট দিলেন শুভেন্দু, ভোট পবিত্রেরও

    ভোট দিলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোটদানের পরে শুভেন্দু বলেন, ‘এখনও পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। ছোটোখাটো কয়েকটি ঘটনা ঘটেছে। তবে মোটের উপরে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে।’

  • 23 Apr 2026, 08:08:42 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: ইভিএম মেশিন খারাপ কয়েকটি বুথে

    রাজ্যের কয়েকটি প্রান্ত থেকে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার খবর আসছে। মুর্শিদাবাদের বিধানসভার ১৫৬ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে গিয়েছে। দুর্গাপুর পূর্বের ২৯০ নম্বর বুথেও ইভিএম খারাপ হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

  • 23 Apr 2026, 08:00:29 AM IST

    WB Election 2026 Phase 1 Voting Live: 'তৃণমূল ও বিজেপি নির্বাচিত স্বৈরাচারী', ভোটের আগে তোপ অধীরের

    জয়ের বিষয়ে আশাবাদী বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। সংবাদসংস্থা পিটিআইয়ের সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'ভালো ফলাফলের আশা করছি। মুর্শিদাবাদ জেলায় প্রবলভাবে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া বইছে। প্রচারের জন্য কোটি-কোটি টাকা উড়িয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু আমার বিশ্বাস যে আমরা হারানো জমির অনেকটা পুনরুদ্ধার করতে পারব।' সেইসঙ্গে তিনি বলেন, 'আপনারা শাসক দল এবং বিজেপির মধ্যে পার্থক্য করতে পারেন। কিন্তু আমি ওদের মধ্যে তেমন পার্থক্য দেখতে পাই না। ওই দু'দলই নির্বাচিত স্বৈরাচারী।'

Newer UpdatesOlder Updates
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe