WB Rain Forecast: দেশে বর্ষা প্রবেশেও পূর্বাভাসে উদ্বেগ, পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? কোথায় হবে বৃষ্টি?

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আপাতত বজায় থাকবে। যদিও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Published on: Jun 4, 2026, 12:55:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেশের বহু প্রতীক্ষিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অবশেষে কেরলে প্রবেশ করেছে। ভারতের আবহাওয়া দপ্তর (IMD) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানায়, ২০২৬ সালের বর্ষা ৪ জুন কেরল উপকূলে পৌঁছেছে। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে, ফলে এ বছর মৌসুমি বায়ুর আগমন প্রায় তিন দিন দেরিতে হল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে কেরল, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। তবে বর্ষার আগমন সত্ত্বেও আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে উদ্বেগও রয়েছে। ২০২৬ সালে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে বলে আগে থেকেই সতর্ক করেছে IMD। সম্ভাব্য এল নিনোর প্রভাবের কারণে চলতি মরশুমে বৃষ্টির ঘাটতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অবশেষে কেরলে প্রবেশ করেছে। (Sanjeev Gupta)
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অবশেষে কেরলে প্রবেশ করেছে। (Sanjeev Gupta)

এদিকে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর ফলে দীর্ঘদিনের গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত মূলত প্রাক বর্ষার প্রভাবে হবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে দেশের অন্যান্য অংশেও বর্ষা পরিস্থিতির দিকে নজর রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, বৃহস্পতিবার কেরলে বর্ষা প্রবেশ করতে পারে। একইসঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ুর কিছু অংশেও পৌঁছতে পারে। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার আগমন ঘটেছে। সাধারণত ১ জুন ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে, তবে এ বছর এখনও কেরলে মৌসুমি বায়ুর আনুষ্ঠানিক প্রবেশ হয়নি।

অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আপাতত বজায় থাকবে। যদিও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও রবিবার বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More