WB Weather Forecast Update: উত্তরবঙ্গে লাল সতর্কতা, সপ্তাহান্তে অতি ভারী বৃষ্টির শঙ্কা; দক্ষিণবঙ্গেও বাড়বে ঝড়বৃষ্টি

আবহাওয়াবিদদের আশঙ্কা, টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Published on: Jun 26, 2026, 13:08:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় সপ্তাহান্তে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাজ্যের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। (Utpal Sarkar)
রাজ্যের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। (Utpal Sarkar)

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে বৃষ্টি না হলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে পরিস্থিতি আরও বদলাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝড়বৃষ্টির তীব্রতা বাড়বে এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কোচবিহার-সহ পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই সব এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনার কথা মাথায় রেখে প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো, পাহাড়ি এলাকায় সতর্ক থাকা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাসিন্দাদেরও বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার এবং ঝোড়ো হাওয়ার সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর আবেদন জানিয়েছে আবহাওয়া দপ্তর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More