Rain Forecast in Kolkata till 1st June: বৃষ্টির 'ট্রেলার' আজ, কাল থেকে আবহাওয়ার বড় ভোল বদল কলকাতার, হবে ঝড়, কমবে গরমও
Rain Forecast in Kolkata till 1st June: বৃহস্পতিবার থেকে কলকাতার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন হবে কলকাতায়। তার আগে বুধবার 'ট্রেলার' দেখবে কলকাতা। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Rain Forecast in Kolkata till 1st June: বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন হবে কলকাতায়। তার আগে বুধবার কিছুটা 'ট্রেলার' দেখা যাবে মহানগরীতে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার কারণে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। সেই পরিস্থিতিতে গরম থেকে যে মারাত্মক রেহাই মিলবে, তা নয়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।

বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮০%
তবে বৃহস্পতিবার থেকে রেহাই পাবে কলকাতা। বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত যা পরিস্থিতি, তাতে বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশের মতো। সেখানে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। বৃষ্টির প্রাবল্য যা থাকবে, তাতে কলকাতার তাপমাত্রা যেমন কমবে, তেমনই আর্দ্রতাও কমে যাবে।
আরও পড়ুন: Kolkata Metro: ইদের ছুটির দিন শহরে কম চলবে মেট্রো! বৃহস্পতিতে কোন রুটে কতগুলি চলবে?
কমবে গরম, রেহাই মিলবে আর্দ্রতা থেকেও
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি মতো কমে যাবে। অর্থাৎ এই ভয়ংকর অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই মিলবে। গত কয়েকদিন ধরে গরমে রীতিমতো অসহ্যকর হয়ে উঠেছে পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে ঘোরাফেরা করলেও ঝড়-বৃষ্টির অভাবে আপেক্ষিক আর্দ্রতা চরমে উঠে গিয়েছে। ফলে মারাত্মক কষ্ট হচ্ছে গরমে। সেই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে বৃহস্পতিবার থেকে।
আগামী কয়েকদিন কলকাতায় কেমন বৃষ্টি হবে?
১) বৃহস্পতিবার: বৃহস্পতিবার কলকাতার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
২) শুক্রবার: কলকাতার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
৩) শনিবার: কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৪) রবিবার এবং সোমবার: কলকাতার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


