Power Supply of West Bengal: বিদ্যুৎ চুরি রুখতে হাতিয়ার ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ, নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Power Supply of West Bengal: অতীতে অনেক ক্ষেত্রেই বিদ্যুৎ দফতরে অভিযোগ জমা পড়লেও তার প্রকৃত সমাধান বা ফিডব্যাক মিলত না। সেই ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে আনা হয়েছে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ।

Published on: Jul 21, 2026, 17:59:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Power Supply of West Bengal: হুকিং বা বিদ্যুৎ চুরির মতো বাংলার দীর্ঘদিনের পুরোনো সমস্যা মোকাবিলায় এবার প্রযুক্তিকেই বড় হাতিয়ার করল রাজ্য সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে বিশেষ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার নাম দেওয়া হয়েছে ‘বিদ্যুৎ প্রহরী।’ এই অ্যাপের মাধ্যমেই এখন থেকে সাধারণ মানুষ বিদ্যুৎ চুরি সংক্রান্ত যে কোনও অভিযোগ নিমেষে জানাতে পারবেন। তিনি বলেন, 'ভয় মুক্ত পরিবেশে আমায় সমস্যার কথা বলুন।' পাশাপাশি, এদিন বিদ্যুৎ দফতরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বিদ্যুৎ ভবন থেকে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)
বিদ্যুৎ ভবন থেকে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)

রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এখনও আকছাড় বিদ্যুৎ চুরির অভিযোগ সামনে আসে। অতীতে অনেক ক্ষেত্রেই বিদ্যুৎ দফতরে অভিযোগ জমা পড়লেও তার প্রকৃত সমাধান বা ফিডব্যাক মিলত না। সেই ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে আনা হয়েছে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ। সল্টলেকের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজ্যে বিদ্যুৎ চুরির ঘটনা একশো শতাংশ বন্ধ করতে হবে। এদিন বিদ্যুৎ চুরি রুখতে কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেন, 'হুকিং একদম জিরো করতে হবে। নো পলিটিক্যাল ইন্টারভেনশন। কোনও বিধায়ক, সাংসদ বা শাসক দল বিজেপির কেউ ফোন করলেও শোনার দরকার নেই। র‍্যান্ডম বিদ্যুৎ সংযোগ কাটার অভিযান চালান।'

পাশাপাশি ফ্যাক্টরি ও বড় বাণিজ্যিক ভবনগুলির বকেয়া বিল আদায়ের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বহু বাণিজ্যিক ভবনের বিল বকেয়া পড়ে থাকে এবং মালিকরা প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হন। তবে তাতে ছাড় মিলবে না, অবিলম্বে নোটিশ পাঠিয়ে বকেয়া বিল আদায় করতে হবে। তবে সাধারণ গৃহস্থালির বা ডোমেস্টিক সংযোগের ক্ষেত্রে গ্রাহকদের বিগত রেকর্ড খতিয়ে দেখে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল ক্ষেত্রে বকেয়া বিল আদায়ে জিরো টলারেন্স নীতি নিতে হবে। বড় বড় নেতারা ফঁকি দিচ্ছে, দুই জায়গায় লাইন কাটার পরই বোঝা গেছে। কোনও নেতার কথায় রেয়াত করা যাবে না। তবে সাধারণ ডোমেস্টিক গ্রাহকদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি রেখে নোটিস দিয়ে কাজ করতে হবে।'

কীভাবে ব্যবহার করা যাবে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে গিয়ে খুব সহজেই ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপটি ইনস্টল করতে পারবেন। অ্যাপটি খোলার পর স্ক্রিনে বিভিন্ন অপশন ভেসে উঠবে, যার মাধ্যমে সুনির্দিষ্ট অভিযোগ জানানো যাবে এবং অভিযোগের বর্তমান স্ট্যাটাসও ট্র্যাক করা সম্ভব হবে। সবথেকে বড় বিষয় হলো, বিদ্যুৎ চুরি বা হুকিংয়ের মতো বিষয়ে অভিযোগকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপনীয় রাখা হবে। দফতরের কর্মীরা ২৪ ঘণ্টা এই অ্যাপের ওপর নজরদারি চালাবেন, ফলে অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ করা যাবে।

অন্যদিকে, এদিনের অনুষ্ঠান থেকে বিদ্যুৎ দফতরের নিয়োগ পদ্ধতি নিয়ে বড়সড়ো ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন নিয়োগে নানা সুপারিশ বা কারচুপির অভিযোগ উঠত। সেই পথ বন্ধ করতে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এখন থেকে বিদ্যুৎ দফতরের যাবতীয় নিয়োগ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর মাধ্যমে পরিচালিত হবে। বিগত তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, '২৬ হাজার শিক্ষকের চাকরি বা পুরসভা নিয়োগের মতো স্ক্যামে রাজ্যের বদনাম হয়েছে। তাই আমরা আর ডিপার্টমেন্টাল নিয়োগ করব না। আগামীতে সমস্ত শূন্যপদে ইঞ্জিনিয়ার ও কর্মী নিয়োগ শতভাগ স্বচ্ছতার সঙ্গে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর মাধ্যমে হবে।' এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং প্রার্থীরা সঠিক পথে মেধার ভিত্তিতে চাকরি পাবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।