WB Liquor Prices: মদের দাম বাড়ানো হোক বাংলায়! শুভেন্দু সরকারের কাছে জমা পড়ল প্রস্তাব, কী হবে?
WB Liquor Prices: পশ্চিমবঙ্গে মদের দাম বৃদ্ধি পাবে? শুভেন্দু অধিকারীর সরকারের কাছে সেই প্রস্তাব জমা পড়ল। রাজ্য সরকার কি দাম বাড়াবে মদের? মদের দাম বাড়ানো কেন দরকার? সেই ব্যাখ্যাও করেছেন সংশ্লিষ্ট সংগঠনের শীর্ষ আধিকারিকরা।
WB Liquor Prices: পশ্চিমবঙ্গের সুরাপ্রেমীদের পকেটে এবার বাড়তি টান পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যে মদের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে জোরালো আবেদন জানাল ভারতের মদ ও ওয়াইন প্রস্তুতকারকদের শীর্ষ সংগঠন 'ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া' (ISWAI)। বিশ্ববাজারের অস্থিরতা এবং উৎপাদন খরচের অস্বাভাবিক বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে এই বাণিজ্যিক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাঁচামাল ও উৎপাদন প্রক্রিয়ার খরচ বিগত কয়েক মাসে প্রায় ১০ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে যদি রাজ্য সরকার মদের দাম বাড়ানোর অনুমতি না দেয়, তবে মদ উৎপাদনকারী সংস্থাগুলির পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।
কেন বাড়ছে উৎপাদন খরচ?
সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই সংগঠনের সিইও সঞ্জিত পাধি এই মূল্যবৃদ্ধির পিছনে মূল কারণ হিসেবে বিশ্ববাজারের জ্বালানি সংকট এবং কাঁচামালের মুদ্রাস্ফীতিকে দায়ী করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক সংঘাত এবং বিশ্বব্যাপী পণ্য সংকটের কারণে প্যাকেজিং ও উৎপাদন খরচ আকাশছোঁয়া হয়ে উঠেছে। তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোকেমিক্যাল কাঁচামালের দামের তীব্র ওঠানামা সামগ্রিক উৎপাদন ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। সুরা প্রস্তুতকারী সংস্থাগুলি এতদিন এই বাড়তি খরচের বোঝা নিজেদের কাঁধে বহন করলেও, বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: RG Kar Case: তাঁর সাক্ষীতেই অভয়ার দাহ! গ্রেফতারি এড়াতে আগেভাগেই হাইকোর্টে সেই পাড়ার 'কাকু'
প্যাকেজিং ও কাঁচামালের সংকট
মদ শিল্পের মোট উৎপাদন খরচের (কর ব্যতিরেকে) প্রায় ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ অংশই ব্যয় হয় পণ্যের প্যাকেজিংয়ের পিছনে। ওই প্রতিবেদন অনুযায়ী, সঞ্জিত জানিয়েছেন যে মদ সরবরাহের প্রধান মাধ্যম হল কাঁচের বোতল। কিন্তু কাঁচ তৈরির কারখানাগুলো সম্পূর্ণভাবে জ্বালানি-নির্ভর। ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে শুরু করে ২০২৬ সালের প্রথম দিক পর্যন্ত সোডা অ্যাশের চড়া দাম এবং প্রাকৃতিক গ্যাস ও কয়লার উদ্বায়ী হারের কারণে কাঁচের ফার্নেস বা চুল্লি চালানোর খরচ অনেক বেড়ে গিয়েছে।
এর ফলে কাঁচের বোতলের দাম একধাক্কায় প্রায় ১১ শতাংশ থেকে ১৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শুধু কাঁচের বোতলই নয়, বোতলের প্লাস্টিকের ছিপি বা ক্যাপস এবং ক্লোজারের দামও অনেকটাই ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে প্যাকেজিং উপকরণের সামগ্রিক খরচ গড়ে প্রায় ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ বেড়ে গিয়েছে, যা মদের চূড়ান্ত উৎপাদন মূল্যের ওপর বড়সড় প্রভাব ফেলছে।
আবগারি দফতরের কাছে দ্রুত সিদ্ধান্তের আবেদন
বর্তমান সংকটের কথা উল্লেখ করে ইতিমধ্যেই ISWAI-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সাধারণত রাজ্য সরকার প্রতি বছর জুলাই থেকে অগস্ট মাসের মধ্যে মদ প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকে নতুন মূল্য তালিকা বা কোটেশন (Quotation) চেয়ে থাকে। তবে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ISWAI রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, যেন এই কোটেশন প্রক্রিয়ার সময়সীমা কিছুটা এগিয়ে আনা হয়। যদি সরকার দ্রুত এই বিষয়ে অনুমোদন দেয়, তবে রাজ্যজুড়ে বিভিন্ন ব্র্যান্ডের মদের দাম পুনর্বিবেচনা করা হবে এবং তা কার্যকর করা হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


