‘উর্দি পরতে বিবেক বেচতে হয়?’ দিল্লিতে 'আরশোলাদের' সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, ক্ষুব্ধ অনুরাগ কশ্যপ

ককরোচ জনতা পার্টির প্রতিবাদ মিছিলে অতর্কিতে পুলিশের লাঠিচার্জ, ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেল। ক্ষোভ উগরে দিলেন অনুরাগ কশ্যপ।

Published on: Jul 21, 2026, 10:00:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিল্লির যন্তর মন্তরে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল রাজধানী। বিক্ষোভকারীদের থামাতে দিল্লি পুলিশের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ছোড়ার অভিযোগ ওঠে। বেশ কিছু ছবি ও ভিডিও সামনে আসতেই সামাজিক মাধ্যমে নাগরিক সমাজ ও তারকাদের একাংশ একে ‘পুলিশি বর্বরতা’ বলে সরব হয়েছেন।

‘উর্দি পরতে বিবেক বেচতে হয়?’ দিল্লিতে ‘আরশোলাদের’ উপর লাঠিচার্জ, ক্ষুব্ধ অনুরাগ
‘উর্দি পরতে বিবেক বেচতে হয়?’ দিল্লিতে ‘আরশোলাদের’ উপর লাঠিচার্জ, ক্ষুব্ধ অনুরাগ

এই ঘটনার পরেই দিল্লি পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক চরম ক্ষোভ উগরে দিলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)।

‘একজনও কি সৎ পুলিশ নেই?’— অনুরাগের তোপ

সোমবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হিন্দি ভাষায় লেখা একটি অত্যন্ত ঝাঁজালো পোস্ট শেয়ার করেন অনুরাগ কাশ্যপ। কারোর নাম সরাসরি না নিলেও সোমবার রাজপথে পুলিশের এই তাণ্ডবের দিকেই আঙুল তুলেছেন তিনি।

ক্ষুব্ধ অনুরাগ লেখেন, 'উর্দি পরতে গিয়ে যে নিজের আত্মা, নিজের বিবেক— সব বেচে দিতে হয়, তা জানা ছিল না। এই দেশে কি একজনও এমন পুলিশ কর্মী নেই, যিনি সোজা হয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে ‘আমি এই আদেশ পালন করব না, কারণ এটা ভুল’?

অনুরাগের এই বার্তাটি সামাজিক মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। বহু নেটিজেন এই কঠিন সময়ে ছাত্রদের সমর্থনে কথা বলার জন্য পরিচালকের সাহসিকতার প্রশংসা করেছেন।

রণক্ষেত্র দিল্লি: আহত ১১৮ জন পুলিশ ও বহু আন্দোলনকারী

দিল্লি পুলিশের দাবি অনুযায়ী, সোমবার সিজেপি-র মিছিলটি সংসদের দিকে এগোনোর সময় একাংশ আন্দোলনকারী উগ্র ও সহিংস রূপ নেয়। নিষেধ সত্ত্বেও উচ্চ-সুরক্ষাবেষ্টিত এলাকায় প্রবেশ করার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করতে বাধ্য হয় পুলিশ। এই সংঘর্ষে অন্তত ১১৮ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে প্রশাসনের দাবি।

অন্যদিকে, আন্দোলনকারীদের পাল্টা অভিযোগ— পুলিশ সম্পূর্ণ বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ ছাত্র-ছাত্রীদের ওপর নির্বিচারে লাঠি চালিয়েছে এবং কাঁদানে গ্যাস ছুড়েছে, যার ফলে বহু তরুণ-তরুণী গুরুতর আহত হয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠক ও সিজেপি-র ৩টি কড়া দাবি

সোমবারের এই উত্তপ্ত আবহাওয়ার মাঝেই সিজেপি-র একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা-র সাথে বৈঠকে বসে। কেন্দ্রীয় মন্ত্রী আন্দোলনকারীদের অনশন ও ধর্না তুলে নেওয়ার জন্য আকুল আবেদন জানান।

তবে সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দেন যে, আন্দোলন এত সহজে থামবে না। কেন্দ্রের কাছে তাঁরা ৩টি মূল দাবি রেখেছেন:

১. শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ: পরীক্ষা দুর্নীতির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হবে।

২. মৃত পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ: অনিয়ম ও মানসিক চাপে যে ২০ জনেরও বেশি নিট পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

৩. সোনম ওয়াংচুকের মুক্তি: হাসপাতালে চিকিৎসাধীন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি দিতে হবে।

সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের এই প্রতিবাদ আন্দোলন অবিরত চলবে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More