ধুরন্ধর ২-র ‘শারারত’-খ্যাত আয়েশা খান আটক, ছাত্র আন্দলন থেকে হেফাজতে নিল পুলিশ

নিট পরীক্ষার্থীদের সমর্থনে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মুম্বই পুলিশের হাতে আটক হওয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী আয়েশা খান। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করে তিনি দাবি করেছেন, কোনও স্লোগান না দিয়েই তাঁকে জোর করে পুলিশ ভ্যানে তোলা হয়েছে।

Published on: Jul 22, 2026, 19:06:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেশের বিভিন্ন প্রান্তে নিট পরীক্ষাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের আবহের মধ্যেই মঙ্গলবার (২২ জুলাই) মুম্বইয়ে পুলিশি পদক্ষেপ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রী আয়েশা খান অভিযোগ করেছেন, নিট পরীক্ষার্থীদের সমর্থনে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে পুলিশ আটক করে।

আটক করা হল আয়েশা খানকে। (Instagram Video Grab)
আটক করা হল আয়েশা খানকে। (Instagram Video Grab)

ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ভিডিয়োতে দেখা যায়, কয়েকজন মহিলা পুলিশকর্মী আয়েশাকে একটি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করছেন। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। এটা আইনসম্মত নয়।’ তিনি ভ্যানে না ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে জোর করে তোলা হয় বলে অভিযোগ।

ভিডিয়োর ক্যাপশনে আয়েশা লেখেন, ‘আমাকে ভ্যানে তুলতে চারজন মহিলা পুলিশকর্মীকে লাগল। কিন্তু আমি এখনও জানতে চাই—কেন? আমি কি কোনও স্লোগান দিয়েছিলাম? আমি কি কোনও গোলমাল করেছি? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য আমাকে কেন আটক করা হল?’

পরে পুলিশ ভ্যানের ভিতর থেকেও একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তিনি দাবি করেন, প্রতিবাদ শুরুই হয়নি। তিনি শুধু সেখানে উপস্থিত ছিলেন, কারণ তাঁর ভাই এবং কয়েকজন বন্ধুকে আগেই পুলিশ আটক করেছিল। সেই ভিডিয়োতে এক যুবকও জানান, তাঁকে কোনও কারণ না জানিয়েই আটক করা হয়েছে, যদিও সেদিন তাঁর প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল।

আয়েশা খানের স্টোরি। (Instagram)
আয়েশা খানের স্টোরি। (Instagram)

আরও একটি ভিডিয়োতে আয়েশা জানান, তাঁকে বর্তমানে ওরলি থানায় রাখা হয়েছে। তাঁর দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী এবং আত্মহত্যা করা পড়ুয়াদের প্রতি সংহতি জানাতেই তিনি দাদারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন।

অভিনেত্রীর অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ জানায় সেখানে কোনও বিক্ষোভ করা যাবে না। তিনি বিকল্প ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে, তার আগেই তাঁর ভাই ও বন্ধুদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকাকালীন প্রায় ১৫ জন পুলিশকর্মী তাঁকে ঘিরে ফেলেন। তাঁদের মধ্যে চারজন মহিলা পুলিশকর্মী তাঁকে ধাক্কা দিয়ে জোর করে ভ্যানে তোলেন বলে দাবি করেছেন আয়েশা।

পুলিশ ভ্যানের ভিতর থেকেই ভিডিয়ো শেয়ার করলেন আয়েশা। (Instagram)
পুলিশ ভ্যানের ভিতর থেকেই ভিডিয়ো শেয়ার করলেন আয়েশা। (Instagram)

আয়েশার অভিযোগ, তাঁকে কেন আটক করা হয়েছে, সেই প্রশ্নেরও কোনও উত্তর পুলিশ দেয়নি। দাদর থেকে আটক করার পর তাঁকে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে এই ঘটনার বিষয়ে মুম্বই পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, আয়েশা খান ধুরন্ধর ২ সিনেমার 'শরারাত' আইটেম গানের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন। তাঁকে দেখা গিয়েছিল বিগ বস-এও।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More