সাধারণত অন্নপ্রাশনের অনুষ্ঠানে মামা অথবা দাদুকে মুখে ভাত দিতে দেখা যায়। চলতি কথায় যাকে বলা হয় ‘মামা ভাত’। কিন্তু এবার দিদির ছেলের অন্নপ্রাশনে তাকে কোলে বসিয়ে পায়েস খাইয়ে ‘মাসি ভাত’ উদযাপন করলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।
সাধারণত অন্নপ্রাশনের অনুষ্ঠানে মামা অথবা দাদুকে মুখে ভাত দিতে দেখা যায়। চলতি কথায় যাকে বলা হয় ‘মামা ভাত’। কিন্তু এবার দিদির ছেলের অন্নপ্রাশনে তাকে কোলে বসিয়ে পায়েস খাইয়ে ‘মাসি ভাত’ উদযাপন করলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।
খুদের নাম অদ্ভিক, ছোট্ট বোনপোর অন্নপ্রাশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবচন্দ্রিমা। ছবিতে দেখা যায় মাসির কোলে বসে প্রথম পায়েস খাচ্ছে খুদে। মাসি আর বোনপো দুজনকেই ছবিতে দেখতে লাগছে অসম্ভব সুন্দর।
অন্নপ্রাশনের এই অনুষ্ঠান উপলক্ষে দেবচন্দ্রিমা বেছে নিয়েছেন একটি অফ হোয়াইট শাড়ি, খুদেও পরে রয়েছে একটি লাল সাদা পাঞ্জাবি ও ধুতি। রুপোর চামচে করে মাসির হাত থেকে পায়েস খেয়ে সে কি মজা খুদের!
উপহার স্বরূপ বোনপোকে একটি রুপোর ব্রেসলেট উপহার দিয়েছেন দেবচন্দ্রিমা। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘প্রথম ভাত, প্রথম মাইলস্টোন ভালবাসার সবটুকু উজাড় করে দিলাম অদ্ভিককে।’
মাসির হাতে পায়েস খেলেও খুদের অন্নপ্রাশনে ছিল রকমারি রান্নার আয়োজন। ভাত, পোলাও, শাক, মাছ, সবজি দিয়ে ডাল, আলুভাজা সহ পাঁচ রকম ভাজা, পাঁচ রকম মিষ্টি, পায়েস আরও কত কী।
তবে মামা ভাত না করে অনুষ্ঠানটিকে মাসি ভাত অনুষ্ঠান করার পেছনে রয়েছেন দেবচন্দ্রিমার মা। টিভি৯ বাংলাকে দেবচন্দ্রিমা বলেন, ‘আমার নিজের দিদির ছেলেকে আমি এই প্রথম পায়েস খাওয়াই। আমার মা চেয়েছিলেন কারণ আমরা দুই বোন। আমাদের ভাই নেই। তবে নিকট আত্মীয়দের মধ্যে অনেকেই ছিলেন যাদের হাত দিয়ে ভাত খাওয়ানো যেত কিন্তু মা চেয়েছিলেন, আমি খাওয়াই।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রিয় বন্ধুর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেবচন্দ্রিমা। বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে তিনিও সেজেছিলেন মনের মত করে। দিদির ছেলের অন্নপ্রাশনেও বেশ অন্যরকম সাজে দেখতে পাওয়া গেল অভিনেত্রীকে।
উল্লেখ্য,একটা সময় ভালোবেসে সায়ন্ত মোদকের হাত ধরেছিলেন। পরে নানা কারণে তাঁদের বিচ্ছেদ আসে। সেই সময় দেবচন্দ্রিমা মুখ না খুললেও সায়ন্তর তৃতীয় প্রেমিকা কিরণ মজুমদারের সঙ্গে তাঁর ব্রেকআপের পর নায়িকা মুখ খোলেন।